মিরসরাইয়ের বালুমহাল থেকে বালু তোলা ও বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের কয়লা বালুমহালে (রামগড়-সীতাকুণ্ড সংরক্ষিত বন এলাকার বালুমহাল) চলতি বছরের ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ, ১৪১৭) ইজারা নেওয়ার প্রথম দিন থেকেই বালু তোলা বন্ধ রয়েছে। প্রথমে সড়ক সংস্কারের জন্য কাজ বন্ধ রাখতে হলেও পরে পাহাড়ি ঢলে পুরো যোগাযোগব্যবস্থা্ই বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বালু তোলা ও বিক্রি বন্ধ হয়ে যায় অনির্দিষ্ট সময়ের জন্য। এখন এর সঙ্গে জড়িত কয়েক শ কর্মীর পথে বসার উপক্রম হয়েছে। এদিকে, ইজারাদারেরা যে আড়াই কোটি টাকার পুঁজি খাটিয়েছেন তা কীভাবে তুলে আনবেন তা নিয়ে এখন দুশ্চিন্তাগ্রস্ত। ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট তিনটি কালভার্ট (পানি প্রবাহের ছোট পথ) ও রাস্তা সংস্কারের জন্য বালুমহালের একমাত্র রাস্তা শহীদ জাগির হোসেন সড়ক এ বছরের পয়লা বৈশাখ থেকে বন্ধ থাকায় সাময়িকভাবে বালু তোলা ও বিক্রি বন্ধ ছিল। ইজারাদারেরা ভেবেছিলেন, সংস্কারকাজ শেষ হলে যেভাবে হোক বালু বিক্রি করে পুঁজি তুলে নেবেন। কিন্তু অতিবর্ষা ও পাহাড়ি ঢলে ওই রাস্তার বড় তিনটি পুল ভেঙে দেবে যায়। একটি পুল সম্পূর্ণ পানির তোড়ে ভেসে যায়। যোগাযোগব্যবস্থা হয়ে পড়ে বিচ্ছিন্ন। ফলে এক বছরের জন্য ইজারা নেওয়া ওই বালুমহাল থেকে ইজারাদারেরা বালু তুলতে পারলেও পরিবহনের সুযোগ না থাকায় বিক্রি করতে পারবেন না। কাজেই বালু তোলা, বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত কয়েক শ কর্মী বর্তমানে বেকার হয়ে পড়েছেন। ওই রাস্তায় চলাচলকারী পাহাড়ি জনপদের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত উদ্যোগ না নিলে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন। বালুমহালের মূল ইজারা মূল্য ছিল এক কোটি ১৭ লাখ ছয় হাজার ৫০০ টাকা। আয়কর ও ভ্যাটসহ ইজারাদারদের সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে এক কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা। ইজারাদার ও স্থানীয় অধিবাসী ফজলুল করিম, আবু বকর, মামুনুর রশিদ, আবু জাফর ও তপন কুমার ত্রিপুরা জানান, কয়লা তথা পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড এ বালুমহালকে ঘিরে ওঠানামা করে। তাই এ অঞ্চল এখন ঝিমিয়ে পড়বে এটাতে কোনো ভুল নেই। তাঁরা দ্রুত তিনটি পুল সংস্কারের দাবি জানান সরকারের কাছে। কারণ সরকার এ বালুমহাল থেকে প্রতি বছর প্রায় দেড় কোটি টাকা আয় করছে। সরকারকে দেওয়া দেড় কোটি টাকার সঙ্গে তাঁদের আরও আনুষঙ্গিক খরচ হয়েছে এক কোটি টাকা। সরেজমিনে দেখা গেছে, ফেনী-রামগড় সড়ক থেকে কয়লা বালুমহালটি পাঁচ কিলোমিটার দক্ষিণে পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে যাওয়ার একমাত্র রাস্তা শহীদ জাগির হোসেন সড়ক। রাস্তা ও তিনটি কালভার্টের সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সংস্কারকাজ শেষ হলে পুরোদমে বালু তুলে সেগুলো বিক্রির চেষ্টায় ছিলেন ইজারাদারেরা। সম্প্রতি অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন কালভার্টগুলো ছাড়া পুরোনো গুইলছড়ি, সোনাইছড়ি ও গুজামারা খালে নির্মিত তিনটি পুল সম্পূর্ণ ভেঙে যায়। করেরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার), স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দীন জানান, বালুমহালের গাড়ি চলাচল ছাড়াও ওই রাস্তা দিয়ে দুইটি বিদ্যালয় ও তিনটি মাদ্রাসার শিক্ষার্থী, তিনটি বাজারের মানুষ, পাহাড়ের আদিবাসীসহ প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করেন। পাহাড়ি অঞ্চলে উৎপাদিত ফসল, ফল (আম, কাঁঠাল) এ রাস্তা দিয়ে আনা-নেওয়া করতেন কৃষকেরা। কিন্তু এখন তাদের কাঁধে করে ফসল বহন করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই নষ্ট হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিরসরাইয়ের উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এ প্রসঙ্গে জানান, ‘যত দ্রুতই উদ্যোগ নেওয়া হোক না কেন ওই তিনটি পুল নির্মাণ করতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক ইজারাদারদের বালু বিক্রি করতে না পারার বিষয়ে জানান, ‘বালু বিক্রি করতে পারুক আর না পারুক সরকারি কোষাগারে যে টাকা জমা হয়েছে সেটা আর ফেরত পাওয়ার নজির নেই।’ এত টাকার ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিষয়টি চিন্তার, কিন্তু ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলা ছাড়া এসব ব্যাপারে মন্তব্য করা কঠিন।’ তিনটি পুল সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়ে দেখে এসে বিষয়টি জানিয়েছেন। দেখা যাক কী করা যায়।’