ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে এবার মিরসরাইয়ের পানের বরজের পান হলদে হয়ে ঝরে গেছে। এতে উপজেলার প্রায় ৫০০ পানচাষি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।কৃষি কর্মকর্তা দিলীপ কুমার জানান, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় ২০ একর জমিতে পানের চাষ হয়েছে। প্রতিবছর বর্ষায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নষ্ট হয়ে যায় অধিকাংশ পানের বরজ। তাই চাষিরা শীত মৌসুমের অপেক্ষায় থাকেন। এ সময় পানের আশানুরূপ দাম পাওয়া যায় বলে তাঁদের মনেও আশার সঞ্চার হয়। কিন্তু এবার প্রতিকূল আবহাওয়ার কারণে সব আশাই ভেঙে গেছে। হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার পানচাষি অরুণ দে জানান, ‘আমরা অধীর আগ্রহে শীত মৌসুমের অপেক্ষায় থাকি। কিন্তু কুয়াশা ও তীব্র শীত এবার আমাদের হতাশ করেছে।’ ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার চাষি সাধনচন্দ্র নাথ ও চিত্ত নাথ জানান, ‘পানক্ষেতের (বরজ) বিভিন্ন সরঞ্জামের দাম বেড়ে গেছে। পাশাপাশি তীব্র শীতের কারণে পান ঝরে যাওয়া ও হলুদ রং ধারণ করায় আমাদের লোকসান গুনতে হচ্ছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী জানান, শীতের কারণে পান পেকে (হলুদ রং ধারণ করা) ঝরে যায়। ফলে পানের দাম কমে যায়। জানা গেছে, মিরসরাইয়ে উত্পাদিত পান এ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সাধারণত এক বিড়া পানের দাম আকার অনুযায়ী ৪০-৮০ টাকায় বিক্রি হয়। কিন্তু পেকে যাওয়ায় এর মূল্য নেমে আসে ১৫-২০ টাকায়। একই সঙ্গে বাঁশ, ছাউনি এবং অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে যাওয়া এবং এগুলো দুষ্প্রাপ্য হয়ে যাওয়ায় এ পেশা নিয়ে হতাশায় পড়েছেন পানচাষিরা।