মির্জাপুলে যানজট আরও বেড়েছে
মির্জাপুল চালু হলেও পাঁচলাইশ থেকে মুরাদপুর পর্যন্ত সড়কে যানজট কমেনি। এর কারণ হিসেবে যাত্রী ও স্থানীয় লোকজন বলছেন, সেতুর দুই পাশ খুলে না দেওয়ায় সব গাড়ি এক পাশ দিয়েই চলাচল করছে। এ ছাড়া মূল সড়কে সুগন্ধা আবাসিক এলাকা ও আবদুল হামিদ সড়কের গাড়ি ঢুকে পড়ে অতর্কিত। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়েছে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটির) খোঁড়াখুঁড়ি। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিদিন।‘মির্জাপুল এখন মহা বিড়ম্বনার নাম। মুরাদপুর থেকে মির্জাপুল পেরিয়ে পাঁচলাইশ থানা পর্যন্ত আধা কিলোমিটার আসতে কমপক্ষে পৌনে এক ঘণ্টা সময় লাগে। যানজটে পড়লে হেঁটে চলার উপায়ও থাকে না। কলেজে প্রথম ক্লাসটা সব সময় মিস করি।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী রাশেদা আক্তার। ফতেয়াবাদের বাড়ি থেকে তাঁকে প্রতিদিন এ পথে আসতে হয় কলেজে।জানা যায়, মির্জাপুল গত আগস্টে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এটির উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম।কিন্তু সেতু চালু হলেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ। সেতু চালু করার জন্য দুদিকে কংক্রিট ও বালু ফেলা হয়েছে। পরে পিচ ঢালাই করার কথা থাকলেও তা হয়নি। বর্তমানে সংযোগ সড়কের কংক্রিট-বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ধুলোবালি উড়ছে সমানে। আর তাতে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। ৬ নম্বর মেট্রো সার্ভিসের বাসচালক মোহাম্মদ ইউছুফ বলেন, ‘মদুনাঘাট থেকে মুরাদপুর মোড় পর্যন্ত আসতে যতক্ষণ লাগছে, মির্জাপুল থেকে চকবাজার পার হতে প্রায় একই সময় লাগছে। একবার আটকে গেলে ছুটতে এক ঘণ্টা লাগে।’ স্থানীয় লোকজন জানান, ‘সেতুর সঙ্গে সংযোগ করতে গিয়ে আবদুল হামিদ সড়ক ও সুগন্ধা আবাসিক এলাকায় ঢোকার মুখে সড়ক বেশি উঁচু হয়েছে। ওই এলাকা এমনিতেই নিচু। বর্ষায় পানি জমে চলাচলে দুর্ভোগ আরও বাড়বে।’ঠিকাদারি প্রতিষ্ঠান মেসবা অ্যাসোসিয়েটসে্র কারিগরি উপদেষ্টা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাবমেরিন কেব্ল ও একটি বৈদ্যুতিক খুঁটি সরানো সম্ভব না হওয়ায় সংযোগ সড়কের কাজ শেষ করা যায়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলেছে, তারা ৭ জানুয়ারি থেকে খুঁটি সরানোর কাজ শুরু করবে। এসব হলেই সড়কের পিচ ঢালাইয়ের কাজ শেষ করা হবে।’প্রকল্প পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘সেতুর নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয় ২০০৯ সালের ২০ মে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে ২০১০ সালের মে মাসে সেতুর কাজ শেষ করে। কিন্তু সাবমেরিন কেব্ল ও বৈদ্যুতিক খুঁটির কারণে সংযোগ সড়কের কার্পেটিং করা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগও করা হয়েছে।’ তিনি বলেন, ‘সেতুটি ভবিষ্যতের কথা চিন্তা করে ৬০ ফুট চওড়া করা হয়েছে। এখন দুই পাশ খুলে দেওয়া হলেও যানজট থাকবে, যদি সড়ক প্রশস্ত করা না হয়।’বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সূত্র জানায়, ইতিমধ্যে সাবমেরিন কেব্ল সরানোর কাজ শুরু হয়েছে। জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘অলি খাঁ মসজিদ থেকে মুরাদপুর মোড় পর্যন্ত সড়কটি প্রশস্ত করার প্রকল্প প্রি-একনেক অনুমোদন দিয়েছে। এখন একনেক অনুমোদন দিলে কাজ শুরু হবে।’