মির্জাপুলের দুর্ভোগ কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেতুর আশপাশে এলেই ধুলোয় দম বন্ধ হয়ে আসে। যানজটের কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। কিন্তু উপায়ও নেই বাসায় যেতে এই পথ ব্যবহার করতে হয়।’ মির্জাপুল এলাকায় দুর্ভোগের কথা বললেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইমতিয়াজ। নগরের পাঁচলাইশ এলাকার মির্জাপুল সেতু নির্মাণ শেষ হয়েছে আট মাস আগে। কিন্তু সংযোগ সড়ক তৈরি হয়নি। কারণ সিটি করপোরেশন সেতু নির্মাণ করেছে, সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক)। সেতু হয়ে গেলেও সংযোগ সড়কের বরাদ্দ ছিল না। ৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৬ কোটি টাকা ব্যয়ে এসংক্রান্ত একটি প্রকল্প (চকবাজার থেকে মুরাদপুর) অনুমোদন হয়েছে। কিন্তু এই অনুমোদনের কথায় আশ্বস্ত হতে পারছেন না বাসচালক আবুল হোসেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘প্রতিদিন যানজটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। দুই মাস ধরে সেতুর উভয় পাশে টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়ি থামছে না। আল্লাহ জানেন আমাদের দুর্ভোগ কবে শেষ হবে?’সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল সেতু নির্মাণ করা। সড়ক উন্নয়নের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের।’ সেতুর পূর্বপাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কেন? এ প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘সেতুর দক্ষিণ পাশের একটি রিয়েল এস্টেট কোম্পানির বহুতল ভবনের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। ফলে দুই পাশের সংযোগ সড়কের উন্নয়ন করতে পারছে না চউক।’তবে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘যেভাবেই হোক আমরা শিগগির চকবাজার থেকে মুরাদপুর পর্যন্ত সড়ক সম্প্রসারণকাজে হাত দেব।’ সূত্র মতে, দেড় কিলোমিটার দীর্ঘ ও ৬০ ফুট প্রস্থের এই প্রকল্পের কাজ শুরু করতে ইতিমধ্যে প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এক মাস পরে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে, সময় লাগবে তিন বছর। চউক চেয়ারম্যান আবদুস সালাম এ ব্যাপারে বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নে প্রথম ও প্রধান কাজ হচ্ছে ভূমি অধিগ্রহণ। এটি শেষ হলে তেমন কোনো সমস্যা থাকবে না।’ চকবাজার মতিটাওয়ারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘পত্রিকায় দেখেছি মামলাসংক্রান্ত জটিলতার কারণে কাপাসগোলা সড়ক সম্প্রসারণ কাজ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রকল্পের (চকবাজার-মুরাদপুর) ক্ষেত্রেও একই ঘটনা না ঘটলেই ভালো।’বৃহস্পতিবার বিকেলে মির্জাপুল এলাকায় দেখা যায়, টিঅ্যান্ডটির কিছু শ্রমিক সেতুর দুই পাশে টেলিফোনের তার (কেব্ল) জোড়াতালি দিচ্ছেন। দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। স্থানীয় দোকানদার মো. ইকবাল হোসেন বলেন, ‘মির্জাপুল সেতুর পূর্বে বাদুরতলা আর পশ্চিমে সুগন্ধা আবাসিকে যাওয়ার রাস্তা। এ কারণে চতুর্মুখী যানজট হয়।’