মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পর্শে কী থাকে? কত জল রাখা থাকে মানুষের চোখে?পঞ্চগড়ের হাঁড়িভাসা সীমান্তের বড় দরগা থেকে তোলা ছবিটি এ প্রশ্নের উত্তর দেয় না। বরং মনকে করে তোলে ব্যথাভারাতুর। হায়! নাড়ির টানে ছুটে আসা মানুষের মনে কেন কান্নার সুর? দেখা তো হলোই! তবু কেন অশ্রুসাগরে ভেসে উথাল-পাথাল এই মন?এটা ছিল মিলনমেলা। বাংলাদেশের মানুষ আর ভারতের মানুষ এদিন প্রাণে প্রাণে মিলেছিল এখানে। বাঁশের বেড়ার দুপাশে যে দুই নারী, তাঁদের পরিচয় মা ও মেয়ে। কিন্তু তাঁদের বিচ্ছিন্ন করেছে ভূগোল। ভারতবিভাগের সময় পঞ্চগড় জেলার অধিকাংশ এলাকা ছিল জলপাইগুড়ি জেলায়। সাতচল্লিশের সেই মহা ওলট-পালটে এই এলাকার মানুষও ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছিলেন দুই দেশে। সময় কাটে, দুই দেশেই তাঁদের আত্মীয়-পরিজনের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু দেখা হয় না কারও সঙ্গে কারও। স্বজনদের একটু দেখতে, স্বজনদের একটু স্পর্শ করতে দুই দেশের মানুষই ছিলেন উদ্গ্রীব। তাঁদেরই দাবিতে মন গলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর। বাঁশের বেড়া দিয়ে করিডরের মতো তৈরি করে স্বজনদের দেখা করার সুযোগ করে দেওয়া হয়। সেখানেই হাসি আর কান্না ‘গলিত মিলিত স্রোতোধারায় প্রবহমান’ হয়ে ওঠে।এই মিলনমেলার একটি উপলক্ষ আছে বটে, সৈয়দ বুড়াপীর সাহেবের ইছালে সওয়াব ও দোয়া মাহফিল তাঁদের কাছাকাছি আনে। কেউ ১০ বছর পর, কেউ ১২ বছর পর একে অন্যকে দেখতে পান। এই মিলন মনে যেমন আনে অবিরত আনন্দের শিহরণ, তেমনি পরক্ষণেই বিচ্ছেদের বেদনায় আপ্লুত হয় মন। ১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ছবিটি মনকে নাড়া দেয়। স্পর্শের শিহরণ এসে পাঠককে ছুঁয়ে যায়, কিন্তু কেন এত জল থাকে মানুষের চোখে, তার উত্তর দেয় না। এ জল শুকানোর কোনো উপায় আছে কি না, সে প্রশ্নেও থাকে নিরুত্তর।জা.রে.নূ