মিলনমেলায় তারার দ্যুতি

মিলনায়তনের অন্ধকার চিরে দিল স্পটলাইটের আলো। বাজছে উদ্দাম বাজনা। দর্শকদের মধ্য থেকে মুখোশ নিয়ে বর্ণিল পোশাকের তরুণ-তরুণীরা উঠে এলেন মঞ্চের দিকে। ‘মেলায় যাইরে...’ গানের তালে শুরু হয়ে গেল ফ্যাশন শো। এ মেলা বৈশাখী মেলা নয়, নকশার মিলনমেলা। ৮ অক্টোবর ঢাকার হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে হয়ে গেল নকশার মিলনমেলা, শেষমেশ যেন তারার মেলাই হয়ে উঠল এটি। অভিনয়, গান, নাচ—সব অঙ্গনের তারকার ভিড়ে দ্যুতিময় হয়ে উঠেছিল সেদিনের আয়োজন।
আর নকশার পাতায় যাঁদের উপস্থিতি নিয়মিত, সেই মডেলরা তো ছিলেনই। মিলনমেলা সার্থক হয়ে ওঠে নকশার সঙ্গে যুক্ত সব মানুষের অংশগ্রহণে। রান্নাবিদ, রূপবিশেষজ্ঞ, আলোকচিত্রী, তারকা হোটেলের প্রতিনিধি, নানা বিষয়ে পরামর্শ দেন যাঁরা—সবাই এসেছিলেন সেদিনের আয়োজনে। অনেকেই হয়তো একে অপরকে নামে চেনেন বা ফোনে নিয়মিত কথা হয়, কিন্তু দেখা হলো প্রথম এই আয়োজনে। গল্প-আড্ডার পাশাপাশি হয়ে গেল ছয় ঋতুতে দেশি পোশাকের সম্ভার নিয়ে এক ফ্যাশন শো। আর গান গেয়ে মন ভরিয়েছেন জলের গান ও কয়্যার বাংলা নিয়ে সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। পুরো আয়োজনটি হয়ে গেল লাক্সের সৌজন্যে।
ফ্যাশন শোতে অংশ নেওয়া মডেল:
রোজা, সাবা, সোনালি, উনাইসা, নিলয়, রিয়াদ, শুভ, অভি, আকরাম, রাজ, হূদি, রুমা, টুম্পা, হলি, নওশিন, মাশিয়াত, মিলি ও তৃণ।
যেসব ফ্যাশন হাউসের পোশাক ব্যবহার করা হয়েছিল:

লা রিভ, বিবিয়ানা, যাত্রা, অঞ্জনস, ইন্ডিগো, নিত্য উপহার, দোয়েল সিল্ক, প্রবর্তনা, নগরদোলা, দেশাল, রঙ, ওটু, মেনজ ক্লাব, ক্যাটস আই, সাদা কালো, স্টুডিও এমদাদ, মায়াসীর ও অন্যমেলা
কোরিওগ্রাফি ও স্টাইলিং: আজরা মাহমুদ
সাজ: কানিজ আলমাস খান ও পারসোনা
শব্দ: ডিজে প্রো
মঞ্চ ও আলোকসজ্জা: স্টুডিও অ্যাশ ও হিমেল
নিমন্ত্রণপত্রে লেখা ছিল দেশি পোশাক পরে আসার কথা।দেশি ডিজাইনারের তৈরি, দেশ থেকে কেনা পোশাকেই বর্ণিল হয়ে উঠেছিলেন তারকারা। দেখে নিন কে সেজেছিলেন কেমন সাজে।
বিদ্যা সিনহা মিম: গাঢ় নীল সালোয়ার-কামিজে জৌলুশ ছড়াচ্ছিল মুক্তা আর সাদা পাথর। হাতে ছিল রুপালি ঘড়ি। গোলাপি লিপস্টিক আর গোলাপি নেইলপলিশে স্টাইলিশ মিম

মাহিন খান: কালো কুর্তায় ছিল লাল আর সোনালির এমব্রয়ডারি। তার সঙ্গে মিলিয়ে ওড়না। আধুনিক পোশাকের সঙ্গে হাতে পুরোনো দিনের গোলাপ বালা।
বাঁধন: হলুদ, ম্যাজেন্টা আর সাদা-কালোর ডোরায় বাঁধন ঝলমলে। শিফন জর্জেট শাড়ি ছিল পরনে। কানে তার সঙ্গে মিলিয়ে বড় ম্যাজেন্টা রিং।
কবরী: সোনালি শাড়িতে মিষ্টি মেয়ে আরও উজ্জ্বল। শাড়িটা পছন্দ করে দিয়েছেন তাঁর ছেলে। শাড়ির সঙ্গে মিলিয়ে গলায় সোনার চেইন আর কানে ছিল হিরের ছোট দুল।
দিতি: কালো শিফনের শাড়িতে জামদানি নকশা। শাড়ির গোলাপি, নীল, হলুদ আর সবুজরঙা নকশা থেকে ব্লাউজের জন্য বেছে নিয়েছিলেন সবুজ রংটাই।
হামিন আহমেদ: কালো সুতি শার্ট আর গাঢ় সবুজ প্যান্ট। লম্বা চুল আর ক্যাপে চিরচেনা হামিন
বুড়ি আলি ও মণিদীপা দাসগুপ্ত: কালো শাড়িতে জমকালো বুড়ি আলি। লালে উজ্জ্বল মণিদীপা দাসগুপ্তের সঙ্গে মেয়ে রায়া
ফেরদৌস আরা: অফ হোয়াইট শাড়ির গোলাপি পাড়, তাতে লেস বসিয়ে নকশা করা। সাজ আর গয়নাতেও গোলাপির ছোঁয়া।
জয়া আহসান: নায়ার আমিনের ডিজাইন করা শাড়ি। অফ হোয়াইট এই শাড়িতে বসানো গোলাপি পাড়। পাড়ে সোনালি কারুকাজ। কানে ছিল রুপালি দুল। এর সঙ্গে মিলিয়ে হাতে ক্লাচ ব্যাগ

ফাতেমা-তুজ-জোহরা: ইটরঙা সুতি শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ। গলায় চিকন পুঁতির মালায় স্নিগ্ধ সাজ তাঁর
স্বাগতা: সিল্কের শাড়ির সঙ্গে গলায় পুঁতির বাহারি মালা
ফারাহ শারমিন: ময়ূরকণ্ঠী নীল শাড়িতে সাদামাটা সাজেই অসাধারণ। চোখে নীল কাজলের রেখা
ঈশিতা: নীল-সবুজ সিল্কের শাড়িতে ঈশিতা অনন্য
আইরিন: লাল-কালো লেসের শাড়িতে জমকালো আইরিন। ফুলহাতা ব্লাউজেও একই রকম নকশা
নকশার পাতায় নিয়মিতই দেখা যায় এই মডেলদের। মিলনমেলায় চলতি ট্রেন্ডের ক্যাজুয়াল পোশাকে তাঁরা সবাই
সোহানা সাবা: বিবিয়ানা থেকে কেনা মসলিন শাড়ি পরনে। গামছা কাপড়ের ব্লাউজটা নিজের নকশায় তৈরি। পাশে স্বামী মুরাদ পারভেজের পরনে ফিরোজা পাঞ্জাবি
অদিতি মহসিন: হালকা বেগুনি জামদানি শাড়িতে সোনালি বুটি। গলায় বেগুনি পাথরের নেকলেস আর হাতে মুক্তার চুড়। কপালে ছিল বেগুনি টিপ।
অপু বিশ্বাস: শুটিংয়ের ব্যস্ততায়, নাকি সাজারই সময় পাননি তিনি। গোলাপি লেসের পোশাকে মিষ্টি অপু
মুনমুন: লাল ফুলহাতা ব্লাউজ আর পাড়ওয়ালা শাড়িতে মুনমুনের সাজ সম্পূর্ণ।
সামিয়া: লাল জামদানি কাতানে সোনালি বুটি। উত্সবের আমেজ ধরে রাখতেই নাকি এ শাড়ি পরা।। ব্লাউজের নকশাটি বেশ।
রায়েকা আল-হোসাইন: সোনালি পাড়ের লাল শাড়িতে একদমই দেশি সাজ রায়েকা আল-হোসাইনের। মেয়ে আরিয়ার পরনে সাদা ফ্রক। মা-মেয়ে দুজনের গলাতেই সোনালি পুঁতির মালা।
কুমকুম হাসান: মিরপুরের সিল্ক শাড়ির সঙ্গে মিলিয়ে গলায় মুক্তার গয়না।
নিপুণ: নিজের ডিজাইন করে বানানো সবুজ, কালো আর সাদার মিশেলে লম্বা গাউন পরনে। কানে ছিল কুন্দনের কাজ করা ঝুমকা
নকশার মিলনমেলার ছবি তুলেছেন: জিয়া ইসলাম, কবির হোসেন, খালেদ সরকার ও সৈকত ভদ্র
লেখা: তাওহিদা জাহান ও হাসান ইমাম