
আলো ঝলমলে মঞ্চে বেজে উঠল রবীন্দ্রসংগীতের সুর। শুরু হেলা ফ্যাশন কিউ। মঞ্চে একে একে দেখা গেল রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাসের নায়ক-নায়িকাদের। চারুলতা-অমল, অমিত-লাবণ্য, নন্দিনী-কিশোর, প্রমোদা-অমর, মহেন্দ্র-আশালতা-বিনোদিনী—সবাই হাজির মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট বিভিন্ন কালজয়ী চরিত্রকে ডিজাইনার রওশন আরা চৌধুরী তুলে এনেছিলেন পোশাকে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আয়োজিত দুই দিনব্যাপী নাচ ও ফ্যাশন শো উৎসবের শেষ দিনে ছিল এ ফ্যাশন কিউর আয়োজন। ২২ ও ২৩ মার্চ ‘মিলেছি সবাই মিলনের ছন্দে’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল নৃত্যাঙ্গন এবং স্টার ফেয়ার ফ্যাশন অ্যান্ড ডান্স ইনিস্টটিউট।
২২ মার্চ সন্ধ্যা ছয়টায় আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। এরপর কথামালার আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন জসীম উদ্দিন ও এম মাহমুদ। প্রথম দিনের আয়োজনে নৃত্যশিল্পী শারমিন আহমেদ, মানসী দাশ তালুকদার, শৈবাল সেন, সঞ্চিতা দত্ত, স্বপন কুমার দাশ, শুভ্রাসেন গুপ্তা, স্বপন বড়ুয়া ও প্রমা অবন্তিকে সম্মাননা জানানো হয়। এরপর ছিল আয়োজক সংগঠন দুটির নৃত্যশিল্পীদের পরিবেশিত নাচ। নাচ পরিচালনায় ছিলেন শরীফ উল ইসলাম।
আয়োজনের শেষ দিনের শুরুতে ছিল রবীন্দ্রনাথের কালজয়ী চরিত্রগুলো নিয়ে ফ্যাশন কিউ। ফ্যাশন কিউর পর ছিল চ্যানেল আই সেরা নাচিয়ে প্রথমা দাশের পরিবেশনা। এরপর মঞ্চে বসে কথামালার আয়োজন। এ পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ এবং ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার। শুভেচ্ছা বক্তব্য দেন সৃজনশীল নৃত্যাঙ্গনের পরিচালক শরীফ উল ইসলাম এবং স্টার ফেয়ার ফ্যাশন অ্যান্ড ডান্স ইনস্টিটিউটের পরিচালক আলমগীর হোসেন। তাঁরা জানান, ‘সুস্থধারার সংস্কৃতিচর্চা করতে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে পশ্চিমা সংস্কৃতিকে অনুকরণ করা হলেও প্রাধান্য দেওয়া হয়েছে দেশীয় পোশাককে।’ কথামালা শেষে মঞ্চে বিভিন্ন ফ্যাশন হাউসের দেশীয় পোশাক নিয়ে ছিল ফ্যাশন কিউর আয়োজন। এসব পোশাকে ছিল বৈশাখসহ বাঙালির চিরায়ত বিভিন্ন উৎসবের ছোঁয়া। ফ্যাশন কিউর পাশাপাশি মঞ্চে ছিল নাচের আয়োজন। এরপর সংবর্ধনা জানানো হয় মার্কস অলরাউন্ডার রামিসা মালিয়াত ও ফারাহ নানজিবাকে। সবশেষে ছিল বিয়ের পোশাক নিয়ে ভিন্নধর্মী ফ্যাশন কিউ। দুই দিনব্যাপী এ আয়োজনের পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন আরাফাত রূপক।