মিলিয়ন ডলার ভাবনা

‘অংশ নাও শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিযোগিতায়। মুখোমুখি হও সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের। জিতে নাও এক মিলিয়ন ডলার!’ হল্ট প্রাইজের এই আহ্বানে সাড়া দিয়ে প্রাথমিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন নিয়ের আমন্ত্রণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজক ও বিজয়ী দল প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন মো. সাইফুল্লাহ ও তৌশিকুর রহমান
১ ডিসেম্বর। সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে হাজির বুয়েট, ব্র্যাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল্ট প্রাইজের আয়োজক ও বিজয়ীরা। সবাই একসঙ্গে বসেছেন, মতামত জানিয়েছেন, বলেছেন নিজেদের যাত্রা, পরিকল্পনা, স্বপ্ন কিংবা লক্ষ্যের কথা। তাই বলে এই আলাপকে ‘আলোচনা সভা’ কিংবা ‘গোলটেবিল বৈঠক’ ধাঁচের কিছু ভাবলে ভুল করবেন। কারণ প্রথমত, প্রথম আলো কার্যালয়ের ছয় তলার সভাকক্ষের টেবিলটা গোল নয়। দ্বিতীয়ত, যেখানে বিপিএলের ম্যাচ দেখতে দেখতে হাসি-ঠাট্টা-গল্প হয়, সেখানে ‘আলোচনা-বৈঠক’ শব্দগুলো একটু বেমানান শোনায়। আড্ডা বলাটাই শ্রেয়।
হল্ট প্রাইজ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংগঠন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ও হল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগী শিক্ষার্থীদের এমন একটা ব্যবসার আইডিয়া দিতে হয়, যা সমাজ বদলে দেবে। কয়েক ধাপে নির্বাচিত বিজয়ী দল নিজেদের পরিকল্পিত সামাজিক ব্যবসার আইডিয়া বাস্তবায়নের জন্য পুরস্কার হিসেবে পায় এক মিলিয়ন ডলার।
অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে হল্ট প্রাইজ কর্তৃপক্ষ প্রথমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ‘ক্যাম্পাস ডিরেক্টর’ নির্বাচন করেন। নিজ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ক্যাম্পাস ডিরেক্টর ও তাঁর সঙ্গী শিক্ষার্থীদের। বিভিন্ন ক্যাম্পাসের বিজয়ী দল অংশ নেয় পরের ধাপ, ‘রিজিওনাল’ প্রতিযোগিতায়। ২০১৬ সালের মার্চ মাসে রিজিওনাল প্রতিযোগিতা হবে পাঁচটি জায়গায়—বোস্টন, সান ফ্রান্সিস্কো, সাংহাই, দুবাই ও লন্ডন। পাঁচ ভেন্যু থেকে মোট পাঁচটি দল পৌঁছে যাবে ফাইনাল রাউন্ডে। সেখানেই চূড়ান্ত হবে বিজয়ী দলের নাম।
বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছাড়াও শিক্ষার্থীরা নিজেরা দল গঠন করে হল্ট প্রাইজের জন্য আবেদন করতে পারেন। বিস্তারিত: www.hultprize.org

ক্যাম্পাসের আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস ডিরেক্টর গাজী মূয়ীদ, বুয়েটের নাজমুস সাদাত ও ব্র্যাকের মো. আসিফ চৌধুরী—তিনজন জানালেন নিজেদের ক্যাম্পাসে হল্ট প্রাইজ আয়োজনের বিস্তারিত।
ঢাবিতে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৫২টা দল। নানা ধাপ পেরিয়ে বিজয়ী হয়েছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ছাত্র অনিন্দ্য শুভ্র ব্যানার্জি, রাফসান সাবাব খান, ফারহান হোসেন ও হাসান মুনহামান্না মল্লিক। বুয়েটে নিজ ক্যাম্পাসে ৯২টা দলকে পেছনে ফেলে প্রথম হয়েছেন জিহাদ আজাদ, মো. আব্দুহু রুহুল ফাতিন, দিমিত্রি অধিকারী ও মো. মাহমুদুর রহমান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণকারী ৬৩টি দলের মধ্যে বিজয়ী দলের সদস্যরা হলেন মির্যা তানজিম, তাসনীম ওমর, আহমেদ রিফাত ও মো. সাদ।
মিশন মিলিয়ন ডলার
২০১৪ সালে হল্ট প্রাইজের রিজিওনাল প্রতিযোগিতায় অংশ নিতে সাংহাই গিয়েছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মো. আসিফ চৌধুরী। নিজের অভিজ্ঞতা থেকে এবারের প্রতিযোগীদের বলছিলেন, ‘সেবার আমাদের সঙ্গে আইবিএর একটা দলও গিয়েছিল। সাংহাই গিয়ে আবিষ্কার করলাম, প্রতিযোগিতায় একমাত্র আমাদের দুটা দলই আন্ডারগ্র্যাজুয়েট। আর সব মাস্টাের্সর শিক্ষার্থী।’ প্রতিযোগীরা বোধ হয় এই তথ্য শুনে খানিকটা ঘাবড়েই গেলেন। আশ্বস্ত করতে আসিফ যোগ করলেন, ‘শুরুতেই নির্ধারিত বিষয় সম্পর্কে একটা ব্রিফিং দেওয়া হয়। ব্রিফিংয়ের পর অনেকেরই দেখি মাথায় হাত! তাঁরা বলছিলেন, “এরা যে ধরনের পরিকল্পনা চাইছে, আমরা তো তার ধারে-কাছেও নেই!” ভাগ্যিস বাংলাদেশের দুটো দলেরই এই সমস্যায় পড়তে হয়নি। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম।’
এবার প্রতিযোগীদের প্রস্তুতি কেমন, জানতে চাই। আইবিএর মুনহামান্না বললেন, ‘এবারের চ্যালেঞ্জ, ঘনবসতিপূর্ণ এলাকার দরিদ্র মানুষের আয় ২০২০ সালের মধ্যে দ্বিগুণ করা। আমাদের আইডিয়া হলো, যাঁদের হাতের কাছে ইন্টারনেট নেই, তাঁদের কাছে চাকরির তথ্য পৌঁছে দেব। ধরেন, এক লোক দরজির কাজ জানেন। অনলাইনে তিনি তো দরজির কাজের জন্য সিভি ড্রপ করতে পারবেন না। তাঁর কাছে আমরা খবর পৌঁছে দেব, অমুক জায়গায় একজন দরজি প্রয়োজন। উদ্দেশ্য হলো, কেউ যেন বেকার না থাকেন।’
বুয়েটের জিহাদ বললেন, ‘শৈবাল থেকে জৈব-জ্বালানি ও খাদ্য উৎপাদনের প্রক্রিয়া শিখিয়ে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে চাই।’ অন্যদিকে ব্র্যাকের তানজিমদের পরিকল্পনা, ‘ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিজেদের মধ্যেই একটা অর্থ ব্যবস্থাপনার পদ্ধতি নিয়ে ভাবছি। যেন তাঁদের টাকার ভাগ বাইরের কেউ না পায়।’
প্রস্তুতি, একসঙ্গে
নিজেদের বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন নিজেদের মতো করে। প্রথম আলোয় আড্ডার সুযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দল আর আয়োজকদের দেখা হলো এই প্রথম।
‘রিজিওনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সময় আছে তিন মাস। একেক বিশ্ববিদ্যালয় হয়তো একেক রিজিওনে অংশ নেবে। কিন্তু তার আগে তিনটা দল এক হয়ে কি প্রস্তুতি নিতে পারে?’
তিন ক্যাম্পাস ডিরেক্টরই প্রস্তাবটা লুফে নিলেন। ব্র্যাকের আসিফ বললেন, ‘আমরা আলাদা কর্মশালার আয়োজন না করে একসঙ্গে করতে পারি।’ বুয়েটের সাদাত যোগ করলেন, ‘প্রযুক্তিগত কোনো সাহায্য লাগলে আমরা দিতে পারব। আবার ব্যবসায়িক হিসাবনিকাশের ব্যাপারে ব্র্যাক কিংবা আইবিএ হয়তো আমাদের দলটাকে সাহায্য করতে পারবে।’ ঢাবির গাজী মূয়ীদও একমত ‘এক দল আরেক দলের ফাঁকফোকরগুলো ধরিয়ে দিতে পারবে।’
ততক্ষণে তিন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী ও আয়োজকদের মধ্যে বন্ধুত্বটা জমে গেছে। সাদাত জানালেন, বিশ্বের কিছু কিছু দেশে জাতীয়ভাবে হল্ট প্রাইজ আয়োজন করা হয়। সবার নিজেদের মধ্যে যোগাযোগ থাকলে বাংলাদেশেও সেটা সম্ভব।
আড্ডা প্রায় শেষ পর্যায়ে। গাজী মূয়ীদের প্রস্তাব, ‘একটা সেলফি তুললে কেমন হয়? হল্ট প্রাইজ কর্তৃপক্ষকে ছবিটা পাঠিয়ে বলতে পারব, দেখো, আমরা বাংলাদেশের প্রতিযোগীরা একসঙ্গে বসে চা খাচ্ছি।’
‘হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।’
ব্যস, সবগুলো মাথা এক ফ্রেমে চলে এল!