মিলিয়ে মানানসই
পরনে লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক। গয়না কিংবা হাতের অনুষঙ্গেও থাকতে হবে লাল রঙের আভা। এই না হলে মিলিয়ে পরা! সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচিং বা মিলিয়ে পরার এমন ধারণায় পরিবর্তন এসেছে। তাই বলে পোশাকের সঙ্গে সাজসজ্জার কোনো মেলবন্ধন নেই, বিষয়টি তা-ও নয়। অভিনয়শিল্পী ও মডেল ইশানার মতে, অবশ্যই পোশাকের ওপর ভিত্তি করে সাজটা হওয়া উচিত। তবে পুরোদস্তুর মিলিয়ে পরার সেই রেওয়াজ এখন নেই। হাল সময়ে একটু বৈপরীত্যই (কনট্রাস্ট) সবার পছন্দ। আমি নিজেও এসব মেনে সাজসজ্জা করি। দেখা গেল, হালকা গোলাপি রঙের কোনো সুতি শাড়ি পরা হলো। এর সঙ্গে মিলিয়ে ঠোঁটে হালকা গোলাপি গ্লস। মুখের মেকআপ হবে একদম হালকা। সামান্য বেইস করা যেতে পারে। আর তাঁতের শাড়ির সঙ্গে কাজল ও টিপ না পরলে সাজ অসম্পূর্ণই থেকে যায়। এ ক্ষেত্রে পুরো গোলাপি রঙের টিপ না পরে শাড়ির পাড়ের কোনো রঙের সঙ্গে মিলিয়ে টিপ পরলে ভালো দেখায়। অন্য সময় সাধারণত কাজল চোখের কোল ঘেঁষে ব্যবহার করা হয় না। তবে সুতি শাড়ি পরলে কোল ঘেঁষে কাজল দিলে বেশি মানায়। শিফন, জর্জেট শাড়ির সঙ্গে টিপ ব্যবহার করা হয় না।‘তবে কিছু রং আছে, যা সব ধরনের পোশাকের সঙ্গে মানানসই। এই যেমন হালকা গোলাপি, তামাটে, ধূসর, বাদামি রঙের আইশ্যাডো যেকোনো রঙের পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়’, বলেন ইশানা।খেয়াল রাখতে হবে, কোন সময় বাইরে বের হচ্ছেন। সব সময় দিনের সাজ হালকাই হওয়া উচিত। তবে রাতের কোনো অনুষ্ঠানে গেলে কাজল, আইলাইনার গাঢ় করে দিলে জমকালো দেখাবে। স্মোকি করে তুলতে পারেন চোখ। শাড়ির রং গাঢ় হলেও এর সঙ্গে মিলিয়ে লিপস্টিক না পরাই ভালো। ন্যাচারাল বা খুব হালকা কোনো রঙের লিপ গ্লস ব্যবহার করা যেতে পারে বা শাড়ির রঙের হালকা কোনো শেড ব্যবহার করুন। পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে জমকালো গয়না পরেন, কিছু কিছু ক্ষেত্রে যা বেমানান লাগে। তবে নিজের সংগ্রহে মুক্তার গয়না রাখতে পারেন। সব ধরনের অনুষ্ঠানে এসব গয়না পরা যায়। ম্যাজেন্টা রঙের শাড়ির সঙ্গে সাদা মুক্তার মালা ভালো দেখাবে। তেমনি নীল রঙের শাড়ির সঙ্গে রুপালি আর লাল রঙের সঙ্গে সোনালির মিশ্রণ সব সময় মানানসই। কালো নিয়ে তো নতুন করে বলার নেই। কালো রঙের ব্যাগ, স্যান্ডেল যেকোনো পোশাকের সঙ্গে অনুষঙ্গ হিসেবে ব্যবহার করতে পারেন।আসলে সাজটা নির্ভর করে ব্যক্তিত্বের ওপর। সাজটা পোশাকের রঙের সঙ্গে মেলানো হতে হবে, এমন কোনো কথা নেই। বলেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল। হালকা ধরনের মেকআপ সব পোশাকের সঙ্গে মানিয়ে যায়। নিজের ত্বকের রং থেকে এক ধাপ গাঢ় রঙের ফাউন্ডেশন বা কমপ্যাক্ট পাউডার কেনা উচিত। দিনে ফাউন্ডেশন এড়িয়ে যাওয়া ভালো। চাইলে হালকা গোলাপি বা সাদা রঙের ব্লাশ-অন বুলিয়ে নিতে পারেন। তবে যাঁরা একটু মোটা ধাঁচের, তাঁরা মুখ চিকন দেখাতে কফি, বাদামি, তামাটে রঙের ব্লাশ-অন ব্যবহার করতে পারেন। চোখে সোনালি রঙের যেকোনো শেডের আইশ্যাডো নিশ্চিন্তে ব্যবহার করুন। সব সময়ের ব্যবহারের জন্য পাউডার আইশ্যাডো ভালো। কেউ যদি লাল রঙের বা অন্য যেকোনো গাঢ় রঙের শাড়ি পরেন, তাহলে ঠোঁটে মেরুন, পিচ, মভ বা লাল রং ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে গয়না অবশ্যই হালকা হতে হবে। চোখের সাজেও সতর্ক থাকতে হবে। মুখের যেকোনো একটি অংশে পোশাকের রঙের আভা রাখতে পারেন। তাতে স্নিগ্ধতা ফুটে উঠবে। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নীল, সবুজ, বাদামি রঙের পেনসিল দিয়ে চোখের ওপর সাজিয়ে নিন। নিচে কালো কাজল ব্যবহার করতে ভুলবেন না। রাতের কোনো অনু্ষ্ঠানে এসব রঙের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। তাহলে সাজে জমকালো ভাব ফুটে উঠবে। শুধু শাড়িতেই নয়, সালোয়ার-কামিজ, জিন্স-ফতুয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসব পোশাকের সঙ্গে অতিরিক্ত সাজ বেমানান লাগে। হালকা ফ্যাশনেবল গয়না, হালকা সাজ। ব্যস, এতেই দেখবেন আকর্ষণীয় হয়ে উঠবেন। শাড়ির সঙ্গে খোঁপা করতে পারেন চুলে। আর এখন যেহেতু গরম, আবার ক্ষণে ক্ষণে বৃষ্টিও, তাই চুল বেঁধে রাখলে ঝামেলা কমবে। আর মেকআপের প্রসাধনসামগ্রী অবশ্যই পানিরোধক হতে হবে। এবার বৃষ্টি আর গরমকে তুড়ি মেরে বেরিয়ে পড়ুন। পুরো না মিলিয়েও সাজ মানানসই আপনার সঙ্গে।