মিলেছি মিলনে ছন্দে আনন্দে
চট্টগ্রাম শিশু একাডেমী মুক্তমঞ্চে নৃত্যের ঝংকার। নূপুরের রিনিঝিনি ছন্দ আর সুরে সুরে মঞ্চ মাতালেন শিল্পীরা। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশিল্পী সংস্থা আয়োজন করে ‘মিলেছি মিলনে ছন্দে আনন্দে’ শিরোনামের অনুষ্ঠানটি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রাম শাখার সভাপতি বেগম শারমিন হোসেন। এরপর মঞ্চে মায়াবী ড্যান্স একাডেমির শিল্পীদের আগমন। ‘তোমার খোলা হাওয়া’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তাঁরা। শুরুতেই জমে যায় অনুষ্ঠান। এবার পুতুলনাচ। নোয়াখালী থেকে আসা আলিপুর একাডেমীর শিল্পীদের পরিবেশিত পুতুলনাচ মুগ্ধ করে দর্শকদের। নাচের ফাঁকে চলে কথামালা। বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম ও বিশেষ অতিথি অধ্যাপিকা রীতা দত্ত। শিশু একাডেমীর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালামের সঞ্চালনায় কথামালায় প্রধান অতিথি বলেন, মানুষের জীবনটাও ছন্দে আবদ্ধ। মনন বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখে নৃত্য।কথামালা শেষে একে একে মঞ্চ মাতান বিভিন্ন সংগঠনের শিল্পীরা। এর মধ্যে প্রাপন একাডেমীর শিল্পীরা নাচ করেন ‘আমি পথ ভোলা এক পথিক’ গানের সঙ্গে। স্কুল অব ফোক ড্যান্স পরিবেশন করে সাঁওতালি নৃত্য। ওড়িসি নৃত্যের ছন্দে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন ওড়িসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার। এরপর ফিউশনধর্মী নৃত্য নিয়ে আসে নটরাজ নৃত্যাঙ্গন। ‘শ্রাবণ ঘনায় দুই নয়নে’ গানের সঙ্গে সুরাঙ্গন বিদ্যাপীঠের শিল্পীদের পরিবেশনাও মুগ্ধ করে দর্শকদের। সুরাঙ্গনের পর আবার ডাক পড়ে আলিপুর একাডেমীর শিল্পীদের। ‘নাও ছাড়িয়া দে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন তাঁরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন মানসী দাশ তালুকদার। এরপর আবার ফিউশন। সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীরা মঞ্চ মাতান। সবশেষে নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত ইতি টানেন আনন্দময় এই আয়োজনের।