মিলেমিশে আছি হেথা
ছবিটাই সব বলে দিচ্ছে পরিষ্কার। কী দারুণ দোস্তি তাদের! একজনের বসবাস গহিন জঙ্গলে। আর অন্যজন মানুষের বসতবাড়ি নয়তো তার আশপাশে ঘুরঘুর করতে ভালোবাসে। একজন গাছের ডালে ডালে ঘুরে বেড়াতে ওস্তাদ। আর অন্যজনের বিচরণ ভূমিতে। স্রেফ সাদা চোখের দেখাতেই যোজন যোজন ব্যবধান তাদের জাতি পরিচয় কিংবা স্বভাব-চরিত্রে। কিন্তু এসব তুচ্ছ তফাত মোটেও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁদের বন্ধুত্বের মধ্যে। সুরিয়া ও রেসকো নামের শিম্পাঞ্জি-সারমেয় জুটির এই বিরল বন্ধুত্বের ঘটনা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের। এরই মধ্যে সুরিয়া আর রেসকোর বন্ধুত্ব সাড়া ফেলেছে বিশ্ব সংবাদমাধ্যমে। তাঁদের বন্ধুত্ব-বৃত্তান্ত নিয়ে এর মধ্যে একটি বইও চলে এসেছে বাজারে। (সূত্র: পৃষ্ঠা-৭, প্রথম আলো, ২৩ জুন, ২০১১) শিম্পাঞ্জি আর কুকুরের এই অভূতপূর্ব বন্ধুত্বের ঘটনা আমাদের চমৎকৃত করে। একই সঙ্গে সুরিয়া ও রেসকো মানুষ হিসেবে আমাদের অনেকে কিছু অপূর্ণতার কথাও স্মরণে আনে। তারা মনে করিয়ে দেয়, বন্ধুত্ব আর হূদয়ের মেলবন্ধন জাতি-ধর্ম পরিচয় সবকিছুর ওপরে।—ইকবাল হোসাইন চৌধুরী