মিলেমিশে ঈদের খুশি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে নগরের তরুণদের বেশ কিছু সংগঠন। রমজান মাসের শুরুতেই ফেসবুকে ইভেন্ট খুলে তরুণদের ১০টির মতো সংগঠন শিশুদের জন্য ঈদ পোশাক সংগ্রহের অভিযানে নেমেছে। বিভিন্ন বিপণিকেন্দ্রে গিয়ে এসব সংগঠনের সদস্যরা পোশাক সংগ্রহ করেছেন। পাশাপাশি নিজেরা চাঁদা দিয়ে তহবিলও গড়ে তুলেছেন। সংগঠনের সদস্যদের সবাই চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ নিয়ে কথা হয় সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে।
চারুলতা: গত ৩০ জুন সকালে নগরের তুলাতলি বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন তরুণদের সংগঠন চারুলতার সদস্যরা। তুলাতলি বস্তির ১৩১ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা আর ৮০ জন শিশুর হাতে নতুন জুতা তুলে দেন তাঁরা। সংগঠনের সংগঠক টুটুল নন্দী বলেন, ‘একদল ছেলেমেয়ে দলবেঁধে খেলছিল। তাদের কাছে গিয়ে নতুন জামা তুলে দেওয়ার পর আমাদের সঙ্গে ছবি তুলতে চাইল। তখন নিজেদের পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয়েছে।’
ইয়ুথস ভয়েস: একই দিন বেলা দুইটায় নগরের একটি কমিউনিটি সেন্টারে আনন্দ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিশুদের হাতে ইয়ুথস ভয়েসের সদস্যরা ঈদ বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে ছিল সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন ও খেলাধুলার আসর। পাশাপাশি এসব শিশুর প্রত্যেকের জন্য ছিল চিকিৎসাসেবার আয়োজন। শিশুদের জন্য ছিল ইফতার ও রাতের খাবারের ব্যবস্থাও। সবশেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন কাপড়। এ সংগঠনের স্বেচ্ছাসেবক কৌশিক দত্ত বলেন, ‘অসহায় মানুষকে খুশি করতে পেরে তৃপ্ত হই নিজেরাও। প্রতিবারের মতো এবারও স্বেচ্ছাসেবকদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে এ কার্যক্রম।’
ভলান্টিয়ার ফর বাংলাদেশ: গত ২৪ জুন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ষষ্ঠবারের মতো শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ। এ বছর ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় ঈদের পোশাক। শিশুদের জন্য করা হয় ইফতার ও রাতের খাবারের আয়োজনও। ঈদের নতুন জামার পাশাপাশি প্রত্যেক শিশু সেমাই ও চিনিও পেয়েছে।
নগর ফুল: ‘সবার আগে ঈদের সাজে, সাজবে পথশিশু’ স্লোগানে ১ জুলাই বিকেলে নগরের সিআরবির শিরীষতলায় ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তরুণদের সংগঠন নগর ফুল। সংগঠনের সদস্যরা নগরের বিভিন্ন এলাকার প্রায় সাড়ে চার শ সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেন ঈদের নতুন কাপড়। সংগঠনের স্বেচ্ছাসেবক নাদিয়া ইশরাতের কাছে এটা দায়বদ্ধতার অংশ। তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি দেশের জন্য কিছু করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।’
ইরা: ১ জুলাই বিকেলে নগরের ষোলোশহর রেলস্টেশন এলাকায় ঈদ বস্ত্র বিতরণ করে তরুণদের সংগঠন ইরা। এদিন ঈদের নতুন জামা পেয়েছে প্রায় ৩০০ শিশু। এবার নিয়ে পঞ্চমবারের মতো এমন কার্যক্রমে অংশ নিলেন এই সংগঠনের সদস্যরা।
স্বপ্ন ও আগামী: একই দিন নগরের বাইরে ফটিকছড়ি, লোহাগাড়া ও হাটহাজারী এলাকার প্রায় ১০৫টি পরিবারের হাতে ঈদ বস্ত্র তুলে দেন স্বপ্ন ও আগামী সংগঠনের সদস্যরা।
মানবিক: চট্টগ্রামের স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন মানবিক। তারাও পঞ্চমবারের মতো এ বছর ঈদের নতুন কাপড় বিতরণ করেছে। পাঁচ দফায় নগরের চকবাজার, কাজীর দেউড়ি, আগ্রাবাদ, আকবর শাহ ও কাট্টলী বিচ সংলগ্ন এলাকায় প্রায় চার শ সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের পোশাক তুলে দেন তাঁরা।
এসব সংগঠনের পাশাপাশি ফেসবুকে ইভেন্ট খুলে সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে সহযাত্রিক, মীনা ফাউন্ডেশন, চিজকেকটেক, দা ইঞ্জিনিয়ার্স ক্লাব, সার্জ ফাউন্ডেশন, রংধনু ফাউন্ডেশন ও অগ্রগ্রাহী ফাউন্ডেশন।