মিলেমিশে দুর্নীতি, অবশেষে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা পাঁচজন। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন। বিনা মূল্যে বিতরণের জন্য সরকারের দেওয়া ডিসপোজেবল সিরিঞ্জ পরস্পর যোগসাজশে ব্যবহার দেখিয়ে বাইরে বিক্রি করে দেন। কিন্তু শেষরক্ষা হয়নি তাঁদের। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে মূল্য বাবদ টাকা ফেরত দিতে নির্দেশও দেওয়া হয়। টাকা ফেরত দেননি তাঁরা। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগপত্র দাখিল করে আদালতে। 
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ভান্ডাররক্ষক ওমর ফারুক, সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুবল চন্দ্র শীল, ইপিআই টেকনিশিয়ান দিলীপ কুমার বৈদ্য, চিকিৎসা সহকারী মো. ইসমাঈল ও ল্যাবরেটরি টেকনিশিয়ান মো. খায়রুজ্জামান। বর্তমানে তাঁরা পলাতক।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেবেন। সাধারণ অভিযোগপত্র হওয়ার পর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ মামলার আসামি পাঁচজনের মধ্যে ওমর ফারুক ছাড়া বাকিরা অবসর গ্রহণ করেছেন। ওমর ফারুক বর্তমানে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভান্ডাররক্ষক হিসেবে রয়েছেন।
দুদকের অভিযোগপত্রে দেখা গেছে, স্থানীয় ও রাজস্ব অধিদপ্তর, ঢাকা ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গৃহীত কার্যক্রমের ওপর নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। ওই নিরীক্ষায় কিছু আপত্তি উত্থাপন করে চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর নিরীক্ষা প্রতিবেদন দাখিল করা হয়। নিরীক্ষা আপত্তির পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটি ১৯৯৯ সালের ৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। তাতে উঠে আসে, ১৯৯০ সালের ৭ এপ্রিল ইনডেন্টের মাধ্যমে সিভিল সার্জন চট্টগ্রাম কার্যালয়ের ভান্ডার থেকে এক লাখ ৪৮ হাজার ডিসপোজেবল সিরিঞ্জ ওমর ফারুক গ্রহণ করেন এবং তা সীতাকুণ্ড স্টোরের স্টক রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন শাখা ও বিভাগের ইনডেন্টের মাধ্যমে সিরিঞ্জ ব্যবহার দেখানো হয়। প্রতিটি ইনডেন্ট সরবরাহ স্লিপ ঘষামাজা, ওভাররাইটিং করা এবং কোনো কোনো সরবরাহ স্লিপ ওমর ফারুকের হাতের লেখা। তদন্ত কমিটি এক লাখ এক হাজার ৩০৮টি ডিসপোজেবল সিরিঞ্জ ঘাটতি পায়।
এ ঘটনায় ২০০৪ সালের ২৫ নভেম্বর দুদক চট্টগ্রামের সহকারী পরিদর্শক মো. আবদুল কাদের ভুঁইয়া বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে দুদকের উপসহকারী পরিচালক ফেরদৌসী আহসান গত মঙ্গলবার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। তাতে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। সাক্ষী রাখা হয়েছে ১১ জনকে।