মিলেমিশে বন রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি চাই কাপ্তাই জাতীয় উদ্যান হবে দেশের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ ও সুন্দর উদ্যান—এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।’ জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের বনে ঘুরতে ঘুরতে কথাগুলো বলছিল চিত্মরম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নান্টু চাকমা। কয়েক মাস আগে ইকো ট্যুরিস্ট গাইড হিসেবে প্রশিক্ষণ নিয়ে বন সংরক্ষণ ও বনের উপকারিতা সম্পর্কে ধারণা অর্জন করেছে সে। শুধু নান্টু চাকমা নয়, তার মতো শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ জাতীয় উদ্যানের ভেতর এবং আশপাশে বসবাসকারী অনেকের মাঝে এখন বন রক্ষা আর উদ্যানকে পরিপূর্ণ করে তোলার ব্যাপারে সচেতনতা দেখা যাচ্ছে। আর এই সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্প বা আইপ্যাক।বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ও জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম জানান, উদ্যানের আওতাধীন দুটি রেঞ্জের আয়তন ১৩ হাজার ৪৯৮ একর। স্থানীয় লোকজনের সচেতনতা ও সহযোগিতা ছাড়া এত বড় বন রক্ষা করা সম্ভব নয়। আইপ্যাক কার্যক্রম শুরুর পর থেকে বনের কাঠ চুরি অনেক কমে গেছে বলে তিনি জানান। এক সময় বন বিভাগের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে বন পাহারা দিয়েছেন, বনরক্ষীদের ছিল ব্যাপক ক্ষমতা। তারপরও বনভূমি রক্ষা করা যায়নি। এখন বন বিভাগের এককভাবে বন রক্ষার ধারণায় পরিবর্তন আসছে। নজর দেওয়া হচ্ছে বনভূমি রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন ও সম্পৃক্ত করার দিকে। সরকার সেই লক্ষ্যে প্রজ্ঞাপনও জারি করেছে। জানা গেছে, রক্ষিত ও সংলগ্ন এলাকার স্থানীয় লোকজনের উন্নয়নে অংশীদারিত্ব ও সেবা বণ্টনে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় গত বছর ২৩ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বন বিভাগ ও অন্যান্য সংস্থার সহব্যবস্থাপনা পদ্ধতি রক্ষিত এলাকাগুলোর জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ ব্যবস্থাপনায় উন্নতি ঘটাতে পারবে বলে আশা করা হয়েছে। সমপ্রতি রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে সহব্যবস্থাপনা পদ্ধতিতে বন ও পরিবেশ রক্ষা কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে, বন এলাকায় বসবাসকারী ও স্থানীয় লোকজনকে সচেতন করার লক্ষ্যে আয়বর্ধনমূলক নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে গঠন করা হয়েছে জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি ও ভিলেজ ফোরাম। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল রিসোর্স গ্রুপ ও ইউএসএআইডি বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন করছে। তাদের সঙ্গে কাজ করছে স্থানীয় বেসরকারি সংস্থা আদিবাসী উন্নয়নকেন্দ্র।আইপ্যাকের জনসংযোগ কর্মকর্তা সেলিনা সুলতানা জানান, স্থানীয় লোকজনের বনের ওপর নির্ভরশীলতা কমাতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, বসতবাড়ির আশপাশে সবজিবাগান, পুকুরে মাছচাষ ও এর ব্যবসাপদ্ধতি, আদিবাসী নারীদের কোমরতাঁত বুনন, বাঁশচাষ ও এর বিপণন, ফলদ গাছের চাষপদ্ধতি ও বীজ ও চারা সরবরাহ, বাঁশ দিয়ে শৌখিন পণ্য তৈরি, বনের কাঠ কম ব্যবহারে উন্নত চুলার প্রশিক্ষণ ইত্যাদি। পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য ১৪ জনকে পরিবেশবান্ধব পর্যটক গাইড প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এদিকে সচেতন ব্যক্তিদের নিয়েও গঠিত হচ্ছে বিভিন্ন সংগঠন। এরকম একটি সংগঠন কাপ্তাই পরিবেশ ক্লাব। আইপ্যাক প্রকল্পের সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কাজ করছে কাপ্তাই পরিবেশ সংরক্ষণ ক্লাব। ক্লাবের উপদেষ্টা মাহাবুব হাসান জানান, তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বন রক্ষা, পরিবেশ, প্রতিবেশ জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সচেতনতামূলক সভা করেন। শিক্ষার্থীদের সচেতন করলে তাঁরা বন ধ্বংস রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ আকতার আহমেদ বলেন, ‘আমরা জাতীয় উদ্যানকে জীববৈচিত্র্যের আবাসস্থল বানাতে চাই। সেই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’