মিলেমিশে বন রক্ষা রামুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে ৯০০ একর সংরক্ষিত বন। মাঝখানে ৮০ একরের ছোট্ট একটি গ্রাম। ওই গ্রামে বসতি ৮৫ পরিবারের, লোকসংখ্যা ৫০০। এখানে জমির মালিকানা নেই কারও। বন বিভাগের জমিতে বসতি, তাতেই চাষাবাদ করে জীবন চলে পরিবারগুলোর। বিনিময়ে গ্রামবাসী পালা করে বন পাহারা দেন। এভাবে ৫০ বছর ধরে বনকর্মীদের সঙ্গে মিলেমিশে বন রক্ষা করছেন রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ ব্যাঙডেবা গ্রামের ৮৫ পরিবার। তবে ৫০ বছর আগে আশপাশ থেকে ২৭টি পরিবার এখানে বসতি স্থাপন করে। পরে পরিবারের সংখ্যা বাড়তে থাকে।জানা যায়, ব্যাঙডেবায় বন বিভাগের কার্যালয় স্থাপন করা হয় ১৯৮৩ সালে। এর আগে গ্রামবাসীই বন পাহারা দিতেন। ৮৩ সাল থেকে বনকর্মী ও গ্রামবাসী মিলে বন রক্ষার কাজ করছেন। বর্তমানে ২৭টি পরিবার পালা করে বন পাহারা দেয়। প্রতিদিন আটজন গ্রামবাসী পাহারায় নিয়োজিত থাকেন। এখানে হাতির উৎপাত খুব বেশি। গ্রামের মানুষ ভয় উপেক্ষা করে বন রক্ষায় কাজ করছেন। জানা যায়, গ্রামবাসী ও বনকর্মীদের মধ্যে অন্য রকম সমপ্রীতি গড়ে উঠেছে। তাঁরা একে অপরকে ছাড়া অচল। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান পালন করেন সবাই মিলে।ব্যাঙডেবার বিট কর্মকর্তা উপ-রেঞ্জার মো. আবদুল্লাহ জানান, ‘রামুর বনাঞ্চলে এখন গাছ নেই বললেই চলে। কিন্তু ব্যাঙডেবার সংরক্ষিত বনে এখনো আছে বিশাল বিশাল সেগুন গাছ (মাদারট্রি)। বনপ্রজাদের (গ্রামবাসী) সহযোগিতায় বন রক্ষা করা সম্ভব হয়েছে।’বর্তমানে বন রক্ষার জন্য তিনি ছাড়া একজন সহকারী বিট কর্মকর্তা, দুজন প্রহরী ও একজন মালী রয়েছেন।গ্রামের হেডম্যান আলী আহম্মদ জানান, ‘ব্যাঙডেবায় হাতির উৎপাত বেশি। হাতির আক্রমণে প্রতিবছর কয়েকজন মারা যান। এ ছাড়া ফসলহানি ও বসতঘর গুঁড়িয়ে দেওয়া তো আছেই। বন বিভাগের কার্যালয় থাকায় গত ৪০ বছরে একবারও ডাকাতি হয়নি। আবার গ্রামবাসী সহযোগিতা না করলে বিশাল এ বন রক্ষা সম্ভব হতো না। তাই এখানে বনকর্মী ও গ্রামবাসী ভাই ভাই। একপক্ষ ছাড়া অন্যপক্ষ অচল। গ্রামের বাসিন্দা মোবারক হোছন (৬০) ও আলী আকবর জানান, ‘আমাদের তো জমিজমা নেই। সরকারের বন পাহারা দিই, সরকারের জমিতে চাষ করি। আমাদের দিন কাটছে ভালোই।’ইউনিয়ন পরিষদের সদস্য জসিমুল করিম ও কামাল শামসুদ্দিন আহমেদ জানান, গ্রামের ৮০ একর জমির মধ্যে প্রায় ৬০ একরই চাষযোগ্য। গ্রামবাসী এখানে খামার করে জীবিকা নির্বাহ করেন। এখানে পাকা বাড়িও আছে। বসতভিটার ফলদ গাছের মালিক গ্রামের মানুষ আর বনজ গাছ বন বিভাগের। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘ব্যাঙডেবার মতো দেশের অন্য জায়গায়ও বনকর্মী ও এলাকাবাসীর মধ্যে এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে বন রক্ষা সহজ হতো।’