মিলেমিশে শীতার্তদের পাশে

১৯ ডিসেম্বর। মধ্যরাত। কনকনে ঠান্ডা। ঘটনাস্থল ষোলশহর রেলস্টেশন। শীত তাড়াতে যে যার মতো চেষ্টা করে চলেছে। কেউ আগুন জ্বেলেছে। কেউ পরনের কাপড়ে গুটিয়ে নিয়েছে নিজেকে। স্টেশনের এক কোনায় ছেঁড়া একটি পাতলা চাদরে গুটিসুটি মেরে শুয়ে আছেন এক বৃদ্ধা। শীতের তীব্রতায় কাঁপছিল তাঁর শরীর। হঠাৎ উষ্ণতার ছোঁয়া। চমকে উঠলেন বৃদ্ধা। চোখ কচলিয়ে তাকিয়ে দেখেন একদল তরুণ। তাঁরাই গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল। কৃতজ্ঞতায় বৃদ্ধার চোখ বেয়ে নেমে আসে পানি। হাত তুলে দোয়া করেন সেই তরুণদের। এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন স্বেচ্ছাসেবী সংগঠন ইরার সদস্য এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রবীর দেবনাথ। মধ্যরাতে অসহায় অনেক মানুষকে আচমকা আনন্দে ভাসিয়েছেন তাঁরা।
প্রবীরদের মতো এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের বেশ কিছু সংগঠন। নিজেদের সামর্থ্য অনুযায়ী তাঁরা বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর ছুটে চলেছেন তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন চারুলতার স্বেচ্ছাসেবক সবুজ মণ্ডলের কাছে এটা দায়বদ্ধতা। তিনি বলেন, ‘অসহায় মানুষগুলোর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। আমরা এগিয়ে এলে অন্যরাও আসবে।’ চারুলতা এবার শীতবস্ত্র বিতরণ করেছে সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায়। পাহাড় ডিঙিয়ে যেতে হয় সেখানে। এখনো এ পাড়ায় আসেনি বিদ্যুৎ। অবহেলিত এখানকার মানুষজন। এমন অসহায় মানুষদের জন্য উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছেন চারুলতার সদস্যরা। গত ২৮ ডিসেম্বর এখানকার ৩৭টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এ ছাড়া শীতবস্ত্র দেওয়া হয় ফতেয়াবাদের প্রায় ৩০০ মানুষের মধ্যেও। ফেসবুক ইভেন্ট, স্বেচ্ছাসেবকদের নিজস্ব ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ নিয়ে পঞ্চমবারের মতো শীতবস্ত্র দিল তারা।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের আরেকটি সংগঠন স্বপ্নমিছিল। স্বপ্নের এই ফেরিওয়ালারা ৯ জানুয়ারি আনোয়ারা উপজেলায় প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন শীতবস্ত্র। এ সংগঠনের স্বেচ্ছাসেবক তারেক বিন জাফর বলেন, ‘ভালো লাগা থেকে আমরা এসব কাজ করি। অসহায় মানুষকে খুশি করতে পেরে তৃপ্ত হই নিজেরাও। এ বছর পঞ্চমবারের মতো আমরা শীতবস্ত্র দিয়েছি। প্রতিবারের মতো এবারও স্বেচ্ছাসেবকদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে এ কার্যক্রম।’
এদিকে ইয়ুথ ভয়েসের বিশাল বহর। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ৫০০ স্বেচ্ছাসেবক রয়েছে সংগঠনটির। তঁারা বিভিন্ন স্থান থেকে তহবিল সংগ্রহ করেন। গত ২৯ নভেম্বর নগরের বিভিন্ন মোড় মুখরিত হয় এই তরুণ-তরুণীদের পদচারেণ। তঁারা সব শ্রেণি–পেশার মানুষের কাছে পেঁৗছে দেন শীতার্ত মানুষের আর্তি। এরপর লক্ষ্মীপুর, দিনাজপুর, পঞ্চগড়, চকরিয়া, ঠাকুরগাঁওসহ নগরের হালিশহরে চলে শীতবস্ত্র বিতরণ। সামনে বান্দরবানে ২০০ ও ১৭ জানুয়ারি ফটিকছড়িতে ৩০০ কম্বল বিতরণের মাধ্যমে এ বছর ইয়ুথ ভয়েসের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হওয়ার কথা জানান সংগঠনের পরিচালক শাহ্ ইমতিয়াজ।
এ ছাড়া মানবিক, ইরা, সহযাত্রিক ও কাকতাড়ুয়া সংগঠনের সদস্যরাও শীতবস্ত্র বিতরণ করেন। কাকতাড়ুয়ার সদস্য নাজমুল নাহার বলেন, ‘ভালো কাজের সঙ্গে তরুণেরা সব সময় থাকে। একজনের দেখাদেখি আরেকজন নামছে সামাজিক কাজে। ভবিষ্যতে আরও বাড়বে এই পরিধি।’