মিল্ক ভিটার দুধ পরিবহন হরতালের আওতামুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার দুধ শিশুখাদ্য হিসেবে হরতালের আওতামুক্ত করে পুলিশি নিরাপত্তায় সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরি অ্যাসোসিয়েশন ও সমবায় সমিতি। পটিয়া দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ কারখানায় রূপান্তরেরও দাবি জানিয়েছে তারা।

সংগঠনের কর্মকর্তারা জানান, পশ্চিম পটিয়া ও কর্ণফুলী এলাকায় পাঁচ শতাধিক খামারি রয়েছে। এসব খামারে প্রতিদিন ৪৮ হাজার লিটার দুধ উৎপাদন হয়। খামারিদের সুবিধার জন্য পশ্চিম চরলক্ষ্যা এলাকায় গত ১৬ জুন অস্থায়ীভাবে স্থাপন করা হয় দুগ্ধ শীতলীকরণকেন্দ্র। এতে প্রতিদিন সাড়ে সাত হাজার লিটার দুধের ধারণক্ষমতা রয়েছে। বাকি সাড়ে ৩৭ হাজার লিটার দুধ নগরসহ জেলার বিভিন্ন উপজেলার মিষ্টির দোকানে সরবরাহ করা হয়। কিন্তু সম্প্রতি ১৮দলের একের পর এক হরতাল-অবরোধের কারণে মিল্ক ভিটার দুধ পরিবহন ও মিষ্টির দোকানে দুধ কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খামারিরা চরম বিপাকে পড়েছেন। দুধ সরবরাহ বন্ধ থাকায় গত দেড় মাসে তাঁদের প্রায় ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।
এ অবস্থায় মিল্ক ভিটার দুধ শিশু খাদ্য হিসেবে হরতালের আওতামুক্ত করে পুলিশি নিরাপত্তায় সরবরাহ নিশ্চিত করা জরুরি।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪ ডিসেম্বর বিকেলে সংগঠনের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরি অ্যাসোসিয়েশন ও সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, সমবায় সমিতির সাবেক সভাপতি মো. হারুন, দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মো. মুছা, মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ফোরকান, মহিউদ্দিন, মোহাম্মদ রাসেল প্রমুখ।