মিশন আলকাতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার ময়লা পানিতে এক লোককে নামতে দেখে সাংবাদিক প্রশ্ন করলেন, ‘ভাই, নদীতে কী করছেন?’‘গোসল করছি।’‘কিন্তু নদীর পানি তো খুবই ময়লা।’‘সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি।’ ওপরের কৌতুকটি একটি সত্য ঘটনা। এবার আসা যাক মূল প্রসঙ্গে। বলুন দেখি, পৃথিবীর একমাত্র কালো পানির নদী কোনটি? উত্তর: বুড়িগঙ্গা নদী। বিশ্বাস না হলে আসুন, হাতে-কলমে যাচাই করি। ধরুন, আপনি নতুন বাড়ি করেছেন। রং নিয়ে চিন্তিত। তাহলে আর দেরি না করে শুধু বুড়িগঙ্গার পানি এনে দেয়ালের ওপর ছিটিয়ে দিন। দু-এক ঘণ্টার মধ্যেই দেখবেন বাড়ির দেয়াল কালো রঙে চকচক করছে। যাদের চুল পেকে সাদা হয়ে গেছে, তাদের জন্য কাজটি আরও সহজ। শুধু বুড়িগঙ্গার পানিতে একটু ডুব দেবেন। বিনা পয়সায় চুলের কলপ হয়ে যাবে। এ ছাড়া এই পানি আরও বহুভাবে ব্যবহার করা যেতে পারে যেমন—জুতার কালি হিসেবে, সাদা কাপড় কালো করার কাজে, মবিল ও আলকাতরা হিসেবে... ইত্যাদি। কুচকুচে কালো পানি। পানির রং নিয়ে কোনো সন্দেহ নেই। অন্তত এই একটি বিষয়ে বাংলাদেশের সবাই একমত। তার পরেও কিছু মানুষ সন্তুষ্ট নয়। তাদের আশা, একদিন বুড়িগঙ্গার পানি উন্নতমানের আলকাতরা হিসেবে ব্যবহার করা যাবে। আর বুড়িগঙ্গাই হবে পৃথিবীর একমাত্র আলকাতরার নদী। এ জন্য বুড়িগঙ্গার আশপাশের কলকারখানার মালিকেরা দিবারাত্রি কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই—বুড়িগঙ্গার কালো পানিতে আলকাতরা বানানো। তাঁদের এই কর্মকাণ্ডের নাম ‘মিশন আলকাতরা’। বুড়িগঙ্গার পানি আলকাতরা না হওয়া পর্যন্ত তাঁরা কাজ চালিয়ে যাবেন। পরিবেশবাদীদের প্রতিবাদ কর্মসূচি, আদালতের রায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান—কোনো কিছুই তাদের দমাতে পারবে না। ধারণা করা হয়, প্রাচীন গঙ্গার একটি ধারা হচ্ছে এই বুড়িগঙ্গা। কিন্তু নামের আগে বুড়ি শব্দটি কেন হলো—বুঝলাম না। তবে এটুকু বলতে পারি—এই অরাজক অবস্থা চলতে থাকলে বুড়ি আর বেশি দিন বাঁচবে না। তখন এর নাম হবে—মরাগঙ্গা।অবশেষে একটি আশার কথা বলি। বর্তমান জনসংখ্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। বিশেষজ্ঞদের অভিমত, যেকোনো মূল্যেই এই জনসংখ্যা কমাতে হবে। তবে আমরা সচেতন মানুষেরা এই সমস্যা নিয়ে এত বেশি উদ্বিগ্ন নই। কেননা, বুড়িগঙ্গাসহ দেশের অন্য নদীগুলো যে হারে দূষিত হচ্ছে, তাতে জনসংখ্যা এমনিতেই কমে যাবে।  চৌধুরী শ্যামলঠিকানা পাওয়া যায়নি।