মিশন কাশ্মীর
জম্মু শহর থেকে বের হওয়ামাত্র বিশাল পাহাড় দেখে আমরা দুজন ‘ওয়াও’ বলা শুরু করেছিলাম। সেই ‘ওয়াও’ চলল জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে বের হওয়ার আগ পর্যন্ত। আমরা মানে—আমি আর সহধর্মিণী আশা। জম্মু-কাশ্মীরজুড়ে প্রকৃতির সমস্ত ঐশ্বর্য দিয়ে সাজানো প্রাকৃতিক শোভা ভারতের এই রাজ্যটিকে এনে দিয়েছে ‘ভূস্বর্গ’ বিশেষণ। নানা জটিলতায় এই ভূস্বর্গের দরজা বেশির ভাগ সময় বন্ধ থাকলেও গত মার্চ মাসে পরিস্থিতি ছিল স্বাভাবিক। কপালই বলতে হবে, এই সুযোগে আমরা পেয়ে গেলাম আমাদের ‘মিশন কাশ্মীর’ মানে কাশ্মীরে ঘুরে আসার মওকা। ঢাকা থেকে শিলিগুড়ি। সেখান থেকে দিল্লি। তারপর জম্মু হয়ে সোজা কাশ্মীর। আমরা চলছি, বিতস্তা নদীর দুই তীরে গড়ে ওঠা কাশ্মীর উপত্যকার প্রধান শহর শ্রীনগরের দিকে। প্রায় সাত ঘণ্টা পেরিয়ে রাস্তার দুই ধারের সৌন্দর্য উপভোগ করে শ্রীনগরে পৌঁছে বুঝতে পারলাম, এ জায়গা মোগল সম্রাটদের অন্যতম প্রিয় হওয়ার কারণ কী। শ্রীনগরের ডাল লেক এলাকায় আমাদের গাড়ি থেকে নেমে কোনো সমস্যায় পড়তে হলো না থাকার জায়গা আগে থেকে নির্ধারিত থাকায়। শহরের হোটেল শিজাতে থাকার বন্দোবস্ত করা ছিল। হোটেলে গিয়েই আর তর সয় না। কোনোমতে গাট্টি-বোঁচকা রেখেই বেরিয়ে পড়লাম ঘুরতে।ডাল লেকশ্রীনগর শহরের হূৎপিণ্ড ডাল লেক। শুধু ডাল লেককে কেন্দ্র করে জলপথে ঘোরাঘুরি করেই কয়েকটা দিন কাটিয়ে দেওয়া যায়। শিকারায় (সুন্দর আসন পাতা নৌকা) চেপেই দেখে নেওয়া যায় ডাল লেকসংলগ্ন একাধিক দর্শনীয় স্থান। এদের মধ্যে বিখ্যাত হজরতবাল মসজিদ, নেহরু পার্ক, কবুতরখানা, চারচিনার, ভাসমান জনবসতি, ভাসমান বাজার, ভাসমান বাগান এবং সর্বোপরি লেকের জলের ওপর চলমান জীবনযাত্রা।মোগল উদ্যানমোগল বাদশাহদের তৈরি অনিন্দ্যসুন্দর উদ্যানগুলো দেখতে হলে ডাল গেট থেকে লেকসংলগ্ন সুন্দর পথটি ধরে এগিয়ে যেতে হবে। গাড়ি ভাড়া করা থাকলে প্রথমেই দেখে নেওয়া যায় শঙ্করাচার্য মন্দির। মন্দির দেখার পর গন্তব্য চশমেশাহি—পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ছোট আকারের উদ্যানটি সম্রাট শাহজাহানের রাজত্বকালে তৈরি হয়। এখানকার ঝরনার জল খুবই উপকারী—এমনটি বিশ্বাস করে স্থানীয় মানুষজন। চশমেশাহির অদূরেই রয়েছে নিশাতবাগ। জাবারওয়াঁ পাহাড় থেকে নেমে আসা এক প্রাকৃতিক ঝরনাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল এই অপরূপ রাজকীয় উদ্যানটি। নিশাতবাগের পর রয়েছে শালিমারবাগ।শহর শ্রীনগরশ্রীনগর শহরের পুরোনো এলাকাগুলোতে বেড়িয়ে এক অন্য স্বাদের আনন্দ পাওয়া যাবে। গাড়ি বা অটোরিকশা ভাড়া করে দেখে নেওয়া যাবে সম্রাজ্ঞী নূরজাহানের তৈরি পাথর মসজিদ, ঝিলম নদের ধারে অবস্থিত প্রাচীন শাহ হামদান মসজিদ। এই মসজিদের স্থাপত্য ও কাঠের কারুকাজ দেখে চোখ ফেরানো যায় না। এ ছাড়া রয়েছে বিশেষ স্থাপত্যরীতিতে নির্মিত জামিয়া মসজিদ।শ্রীনগরের এক বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো লালমন্ডিতে অবস্থিত প্রতাপ সিং মিউজিয়াম। এখানে দেখা যাবে কাশ্মীরের হস্তশিল্পের কিছু নমুনা।গুলমার্গপ্রথম দর্শনেই মনে হবে গুলমার্গের প্রতি প্রকৃতিদেবী যেন বেশ কিছুটা পক্ষপাতিত্ব করে ফেলেছেন। সবুজ ঘাসে ঢাকা ঢেউ খেলানো প্রান্তর, পাইন বন আর সবশেষে পাহাড়ের বিস্তার, যার খাঁজে খাঁজে জমে আছে বরফ। দুই হাজার ৭৩০ মিটার উঁচু গুলমার্গ সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে গ্রীষ্মের প্রারম্ভে। তখন ফুলে ফুলে ভরে ওঠে পাহাড়ি উপত্যকা, দূরের পাহাড়ের গায়ে জড়ানো থাকে বরফের উত্তরীয়।হেঁটে বা ঘোড়ায় চড়ে গুলমার্গের পাহাড়ি ময়দানে ঘোরার মজাই আলাদা। গুলমার্গ থেকে পথ উঠে গেছে চার কিলোমিটার দূরবর্তী তিন হাজার ১০০ মিটার উঁচু খিলানমার্গের দিকে। হেঁটে, ঘোড়ায় চেপে বা আধুনিক গন্ডোলা কেবল কারের যাত্রী হয়ে গন্তব্যস্থলে একবার পৌঁছে গেলে চারপাশের দৃশ্য দেখে আক্ষরিক অর্থেই বাকরুদ্ধ হয়ে পড়তে হয়।পহেলগাঁও‘ভূস্বর্গ’ শব্দটি সমগ্র কাশ্মীর সম্পর্কেই ব্যবহার করা হয় বটে, কিন্তু সব দিক বিচার করলে ‘ভূস্বর্গ’ বিশেষণটি নাকি কেবল পহেলগাঁওয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। পহেলগাঁও এবং তার সংলগ্ন এলাকার প্রাকৃতিক শোভা সত্যিই অতুলনীয়। উত্তুঙ্গ পর্বত, খরস্রোতা গিরি নদী, মখমলসদৃশ ঘন সবুজ তৃণপ্রান্তর, পাহাড়ের মাথায় পশুচারণভূমি, পশুপালক গুজ্জর সম্প্রদায়ের গ্রাম আর পাইন-দেওদারের বন নিয়েই পহেলগাঁও।সোনমার্গগুলমার্গ, পহেলগাঁওয়ের সঙ্গে সঙ্গে তৃতীয় যে নামটি সব সময় উচ্চারিত হয়, সেই জায়গাটি হলো সোনমার্গ। তিন হাজার মিটার উঁচু এই প্রান্তরটির অবস্থান সিন্ধ নদের ধারে। এই সিন্ধ নদ কিন্তু ইতিহাসবিখ্যাত সিন্ধু নদ নয়। সোনমার্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্ষণস্থায়ী পর্যটন মৌসুম। সোনমার্গ তার শ্রেষ্ঠরূপে বিরাজমান থাকে এপ্রিল-মে মাসে। এ সময় সোনমার্গকে ঘিরে থাকা পাহাড়ে বরফ জমে থাকে। বরফগলা জল অসংখ্য ঝরনাধারা হয়ে নেমে আসে সোনমার্গের সবুজ ঘাসে ঢাকা ঢেউ খেলানো প্রান্তরে।কাশ্মীরি খানা এবং...কাশ্মীরে বেড়াতে গিয়ে সুস্বাদু খাঁটি কাশ্মীরি খাবারের স্বাদ গ্রহণ না করলে কাশ্মীর ভ্রমণে অসম্পূর্ণতা থেকে যাবে। শ্রীনগরের কয়েকটি বড় রেস্তোরাঁ আহডুস, মোগল দরবার, আল-সাবহা—এদের প্রতিটিই শহরের মধ্যে যেখানে কাশ্মীরের নিজস্ব বেশ কিছু বিখ্যাত খাবার পরিবেশিত হয়।কেনাকাটার পক্ষে শ্রীনগরের লালচক এবং সংলগ্ন এলাকাটি আদর্শ। কাশ্মীরি হস্তশিল্পের যাবতীয় নমুনা, শাল, কাশ্মীরি সিল্কের শাড়ি, জাফরান, আখরোট, মধু এবং আরও অনেক কিছুর সন্ধান মিলবে এখানকার দোকানগুলোতে। জাফরান কিনতে হলে সরকারি বিক্রয়কেন্দ্রগুলো থেকে কেনাই ভালো।যেভাবে যাবেনঢাকা থেকে ভারতের শিলিগুড়ি অথবা কলকাতা হয়ে দিল্লি। তারপর দিল্লি থেকে ট্রেনে বা বাসে জম্মু। জম্মু থেকে আবার সড়কপথে শ্রীনগর। অথবা দিল্লি থেকে আকাশপথে সরাসরি শ্রীনগর। আসার আগেই সিদ্ধান্ত নেওয়া জরুরি, কোথায় থাকবেন। ডাল লেকে হাউসবোটে অথবা লেককে কেন্দ্র করে তৈরি হোটেলে থাকতে পারেন। তিন শ থেকে পাঁচ হাজার রুপির মধ্যে দ্বিশয্যার হোটেল কিংবা হাউসবোটে কক্ষ নিতে পারেন, তবে কাশ্মীরে গিয়ে হাউসবোটে না থাকলে এ ভ্রমণের অসম্পূর্ণতা কিন্তু থেকেই যাবে। কারফিউ অথবা তীব্র শীতের সময় বাদে যেকোনো সময় এ রাজ্য দেখা যেতে পারে। তা না হলে ভূস্বর্গের পাশের রাজ্য হিমাচলের কুলু কিংবা মানালি দেখে ফিরতে পারেন।