মিশন কাশ্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান কি জানেন, কাশ্মীরে তিনি কতটা জনপ্রিয়? পছন্দের তারকাদের ছবি লোকজন পোস্টার বানিয়ে ঘরে টাঙিয়ে রাখে। কাশ্মীরবাসী সাকিব আল হাসানকে রেখেছে তাদের হূদয়ে। বাংলাদেশের সঙ্গে যে দলেরই খেলা পড়ুক, কাশ্মীরের ঘরে ঘরে সবাই বাংলাদেশের সমর্থক।সেই কাশ্মীরের আবহাওয়া বরাবরই বেশ ঠান্ডা। রাজনৈতিক আর আর্থসামাজিক পরিস্থিতিও এখন ঠান্ডা। বছর বছর তাই কাশ্মীরের দিকে এখন লাখ লাখ পর্যটকের ঢল। ভারতনিয়ন্ত্রিত অংশের প্রাদেশিক রাজধানী শ্রীনগর পর্যন্ত সরাসরি বিমান যায়, আগে থেকে কেটে রাখলে টিকিটের দামও অল্প। আমরাই কেবল বোকার মতো দিল্লি থেকে গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম, তাতে সময় লেগেছিল পাক্কা দুটি দিন। রাস্তা চমৎকার, পথে পথে ধাবা (এক ধরনের হাইওয়ে রেস্তোরাঁ), কিন্তু বড় বেশি একঘেয়ে। এর চেয়ে বিমানে যাওয়া ঢের ভালো।ঘোর শীতকালে শ্রীনগরে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তাতে শহরের মাঝখানে যেসব হ্রদ বা লেক আছে, সব জমে বরফ হয়ে যায়। এ ছাড়া বছরের অন্য সময় হ্রদের মধ্যে হাউস-বোটে থাকাই সবচেয়ে আনন্দের। কাঠের তৈরি একেকটি হাউস-বোটে তিনটি করে কামরা, হোটেলের সব সুবিধাই বিদ্যমান। শ্রীনগরের ডাল লেক আর নাগিন লেকে এ রকম হাউস-বোট আছে শত শত। কামরার মান অনুযায়ী ভাড়া। এর সঙ্গে সকালের নাশতা আর রাতের খাবার যুক্ত। একটু অভিজাত হাউস-বোটগুলোতে আবার প্রাচীন পারস্য রীতিতে নকশা করা অন্দরসাজ, দেখতে দেখতে নিজেকে সম্রাট না হোক, রাজসভার অমাত্য তো মনে হবেই।ডাল লেকের বুক চিরে ছাউনিওয়ালা ছোট ছোট ডিঙি নৌকা চলে। এর নাম শিকারা। বসার জন্য আরামদায়ক ব্যবস্থা। পর্যটকেরা দল বেঁধে মহানন্দে সেই শিকারায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্রদের একধারে কাশ্মীরি কাপড়ের ভাসমান দোকানপাট, সেখানে ক্রেডিট কার্ড পর্যন্ত চলে। এখানে ওখানে এক চিলতে ভূখণ্ড জেগে আছে, সেখানে বিনোদন পার্ক, টিকিট কেটে ঢুকতে হয়। পর্যটকদের শিকারার পাশে একটু পর পর ভিড় জমাচ্ছে ভাসমান হকারদের শিকারা—তাদের কাছে ‘খাঁটি’ জাফরান থেকে শুরু করে বিচিত্র সব খাবার-দাবার, বাহারি পাথর, কাশ্মীরি শাল—কত কী পসরা!ডাল লেক পুরোটাই পাহাড়ঘেরা। সেসব পাহাড়ে কেবলই ফুলের গাছ। এমনকি গাছের পাতা পর্যন্ত রঙিন। বসন্তে যখন গাছে গাছে ফুল ফোটে, তখন সত্যি সত্যিই জায়গাটাকে অপার্থিব মনে হতে থাকে। মোগল বাদশারা তা দেখেই কাশ্মীরের নাম দিয়েছিলেন ‘ভূস্বর্গ’, বানিয়েছিলেন গোটা সাম্রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী।গোটা শ্রীনগরই পর্যটকদের জন্য বিচরণকেন্দ্র, এর বাইরে দেখার মতো আরও কিছু আছে। যেমন, মোগলদের বানানো ফুলের বাগান, পরিমহল, এখান থেকে পুরো শ্রীনগর দেখা যায়। হজরতবাল মসজিদ, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাথার একটি চুল এখানে সংরক্ষিত আছে। জামে মসজিদ ইত্যাদি। গাড়িভাড়া নিতে হবে এসব দেখতে যেতে হলে। রাস্তার দুই পাশে পাইন, ম্যাপল কিংবা দেবদারু গাছের সারি। বিভিন্ন শেডের সবুজ, সোনালি আর লালচে রঙের গাছগুলো রাস্তাগুলোকে কোথাও কোথাও টানেল বানিয়ে রেখেছে। শ্রীনগরে তিনটি দিন কাটিয়ে আমরা গেলাম সোনমার্গের পথে। যাওয়ার পথে কোথাও খরস্রোতা নদী, কোথাও পাইনের বন, কোথাও পাহাড়চূড়ায় সাদা বরফ—অপূর্ব সব দৃশ্য। ছবি তুলতে তুলতে ক্যামেরার মেমোরি কার্ড ভরে, তবু মন ভরে না। সোনমার্গে একটা পাহাড়ের চূড়ায় কয়েক টুকরা বরফ জমেছে। পর্যটকেরা ব্যস্ত হয়ে সেই বরফ দেখতে চলেছে। যাওয়ার একমাত্র বাহন ঘোড়া। জীবনেও ঘোড়ায় চড়েননি, এমন মানুষকে কিছু বুঝে ওঠার আগেই ঘোড়ার পিঠে বসিয়ে দেওয়া হচ্ছে, প্রশিক্ষিত সেই ঘোড়া দিব্যি আনাড়ি সওয়ার নিয়ে রওনা হচ্ছে বিপৎসংকুল দুর্গম গিরি দুস্তর পারাবারে। খাড়া চড়াই-উতরাই বেয়ে ঘোড়ায় চেপে যেতে যেতে প্রথম প্রথম আতঙ্কেই অস্থির থাকে বেশির ভাগ মানুষ, একটু পর সাহস ফিরতে থাকে, ঘোড়ায় চড়ার ব্যালান্সটাও বুঝে ফেলে সবাই। তখন আর রোমহর্ষক ওই যাত্রাটা খুব বেশি খারাপ মনে হয় না।পরদিন গন্তব্য গুলমার্গ। সবাই বলে রেখেছিল, এই উপত্যকা না দেখলে নাকি কাশ্মীর ভ্রমণই বৃথা। কিন্তু গুলমার্গ পৌঁছানোর পর মনে হতে লাগল, জায়গার নাম সম্ভবত ‘গুমার্গ’ থেকে ‘গুলমার্গ’ হয়েছে। পথঘাট, খোলা মাঠ সবখানেই কেবল ঘোড়ার মল ছড়ানো। হাজার হাজার ঘোড়া চরে বেড়াচ্ছে। এ বিপুল মল সরানোর দিকে কারও আগ্রহ নেই। রাস্তায় হাঁটতে গেলে পায়ের নিচে গুঁড়া হচ্ছে ঘোড়ার বিষ্ঠা, বাতাসে ভাসছে ঘোড়ার গন্ধ। আমরা নিশ্চিত হলাম, যারা গুলমার্গ আসার জন্য বারবার করে বলে দিয়েছিল, তারা আসলে শত্রুতা করেই এ পরামর্শ দিয়েছে। শেয়ালের লেজ কাটার গল্পের মতো।অবশ্য গুলমার্গের হোটেলগুলো ভালো। তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায় রাতে, তাই প্রতিটি কামরায় বিছানার সঙ্গেই হিটার। উষ্ণ রাতযাপনের পর পর খুব ভোরে উঠে আমরা গেলাম কেবল কারে চড়তে। হাজার হাজার পর্যটক, কাজেই সুদীর্ঘ লাইন পেরিয়ে কেবল কারে ওঠামাত্র বিচিত্র অনুভূতি হতে লাগল। নভোযানে চড়ে চাঁদে রওনা হওয়ার মতো অভিজ্ঞতা। এই রোপওয়েই পৃথিবীর উচ্চতম রোপওয়ে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই কেবল কার সাত-আট হাজার ফুট থেকে সাড়ে ১৩ হাজার ফুট উচ্চতায় পৌঁছে দিল। চারদিকে কেবল বরফ আর বরফ। তীব্র সাদায় চোখ ধাঁধিয়ে যায়। কৌশল জানা না থাকলে বরফের ওপর চলাফেরা কঠিন। কোথাও কোথাও পা দিলে গর্তে দেবে যাচ্ছে পুরোটাই। আশপাশে সবাই অপার আনন্দে ছবি তুলছে, চোখেমুখে এভারেস্টজয়ের আনন্দ।শীতকালে বরফ আরও বাড়লে, এ চূড়া থেকে ইউরোপীয় পর্যটকেরা স্কিয়িং করতে করতে নিচে নেমে যায়। পুরো উপত্যকাটা নাকি স্কিয়িংয়ের জন্য আদর্শ। পরদিন আমাদের শেষ গন্তব্য পাহেলগাম। বরফ নেই, কিন্তু ঠান্ডা ভয়ানক। এখানকার পাহাড়-প্রকৃতি-উপত্যকা যেন স্রষ্টা নিজে হাতে বানিয়েছেন—এমনই সুন্দর। মানুষগুলোও চমৎকার। এখানে বাড়তি একটা দিন থাকতে পারলে ভালো হতো।দরকারি কিছু পরামর্শ কাশ্মীরে কিন্তু যেখানেই যান, প্রথমেই জানিয়ে দেবেন আপনি বাংলাদেশি। তারপর দেখবেন, স্পেশাল খাতির কাকে বলে। ওরা বাংলাদেশিদের বিশেষভাবে পছন্দ করে (সাকিব আল হাসানের জনপ্রিয়তা স্মর্তব্য)। শ্রীনগরের বিখ্যাত রেস্তোরাঁ ‘মুগল দরবার’ আর পাহেলগামে শিখ রেস্তোরাঁ ‘দানাপানি’তে অন্তত এক বেলা খেতেই হবে।  ঘোড়া বা গাড়ি বা কামরা ভাড়া করার সময় ভাড়া ও অন্যান্য বিষয় খুব স্পষ্ট করে বুঝে নেবেন। দিল্লি বা কলকাতা থেকে হোটেল বুকিং দিলে খরচ বেশি পড়ে। শ্রীনগর থেকে ঠিক করাই সাশ্রয়ী। বিমানের টিকিট আগেভাগে কাটলে প্রায় অর্ধেক খরচে হয়ে যায়। কাশ্মীরে বাইরের মুঠোফোন বা ভারতীয় প্রিপেইড সিম কাজ করে না। ইন্টারনেট সুবিধাও অপ্রতুল।