মিশনারি বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ধর্মপ্রদেশ পরিচালিত মিশনারি বিদ্যালয়গুলো থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার বিকেলে নগরের সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।
চট্টগ্রাম ডায়োসিসের শিক্ষা কমিশনের আয়োজনে ও কারিতাস ফরমেশন অফ ইয়ুথ এ টিচারস্ প্রোগ্রামের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলো সেন্ট প্লাসিডস, সেন্ট স্কলাসটিকা, দিয়াঙের মরিয়ম আশ্রম, নোয়াখালীর ব্রাদার আন্দ্রে ও বান্দরবানের ডন বস্কো উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাথলিক ডায়োসিসের বিশপ মজেস কস্তা। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন খাগড়াছড়ি জেলার সচিব মাহবুবুর রহমান।
অতিথিরা বলেন, ‘তুমি পড়ো, পড়লে তুমি জানতে পারবে। যারা এ পর্যন্ত এসেছে তারা পড়েছে, জেনেছে। জানার আরও অনেক সম্ভাবনা আছে। পড়ার প্রধান উপকরণ কিন্তু আইপড কিংবা মোবাইল নয় বই।’
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জাদু প্রদর্শন করেন শিল্পী রাজীব বসাক।