মিশুকের জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইবোনদের বিশাল দলটাকে নিজেরাই নাম দিয়েছিলেন ‘কাজিন-কুজিন সমিতি’। সেই দলেরই এক সদস্যের কলমে উঠে এলেন মিশুক মুনীর। শৈশব থেকে শুরু করে মিশুক মুনীরের পুরো পথ পরিক্রমণ নিয়েই আজকের মূল রচনা আশফাক মুনীর। মিশুক মুনীর। মিশুক। মিশুক। মিশুক। আমাদের বড় প্রিয় ভাই। আমার প্রিয়তম বন্ধুদের একজন। টুকরো টুকরো ছবির পর ছবি।দারুল আফিয়া, ১৯৭১দৃশ্যটা আমি নিজে দেখেছিলাম কি না, মনে নেই। কিন্তু ছোটবেলা থেকে একটা ছবি মনের মধ্যে বসে আছে। আমার চাচাতো বোন লিপির খুব ছোটবেলায় ওর মা মারা যান। দেশ স্বাধীন হওয়ার অল্প পরে ঢাকার সেন্ট্রাল রোডে ‘দারুল আফিয়া’ নামে আমার নানুবাসায়, মিশুকের দাদাবাসায় একদিন মিশুক লিপিকে বলে, ‘তোমার মা নাই, আমার বাবা নাই। আমরা এক রকম।’ এ বাসা থেকেই ১৪ ডিসেম্বর আমার মেজো মামা শহীদ মুনীর চৌধুরীকে ধরে নিয়ে গিয়েছিল আলবদরেরা। মিশুক তাঁর মেজো ছেলে। ২৫ মার্চের পরপর মুনীর মামারা মাসখানেকের মতো হাতিরপুলের গলিতে আমাদের বাসায় থেকেছিলেন। পরে তাঁরা দারুল আফিয়ায় চলে যান।লিপি বলছে, মিশুক কথাটা প্রথম বলেছিল খাওয়ার ঘরে। শোকাচ্ছন্ন ঘরভর্তি বড়দের মধ্যে গুনগুন করে বারবার। আমার মন যে ছবি দেখায়, সেটা নানুবাসার সামনের দরজার সিঁড়িতে বসে দুটি শিশুর আলাপের।দলপতি ও বার্তাবাহক!একাত্তরের মাঝামাঝি দারুল আফিয়ায় আমরা কাছাকাছি বয়সী ভাইবোনেরা—মিশুক, লালী, শম্পা, উপল, আমি ও অতল প্রায়ই একত্র হতাম। বড়দের জন্য তখনকার নির্মম জগতের বাইরে আমাদের নিজেদের বিরাট একটা জগৎ ছিল। নানুবাসার ভেতরদিকের বড় উঠোনে আমরা বনবাসী সেজে শিকারে বেরোতাম। মিশুক আমাদের মধ্যে বড়। সে দলপতি হয়ে হুকুম করত, আর কাজ করতাম আমরা! একবার মিশুকের হাত ভাঙল। প্লাস্টার করা গলায় ঝোলানো সে হাতের মহিমায় ছোট ভাইবোনদের মধ্যে মিশুকের বিশিষ্ট আসনের দাবি তখন আরও জোরদার হলো!আমার চেয়ে মাত্র তিন বছরের বড়, বয়স ওর তখন ১২ পোরেয়নি। কিন্তু মিশুক ছিল বড়দের জগতের সঙ্গে আমাদের যোগসূত্র। অনেক অত্যাশ্চর্য আর গুপ্ত কথা সে শোনাত। আমরা চমৎকৃত হয়ে গিলতাম। ওর বড় ভাই আহমেদ মুনীর—ভাষণ ভাইয়া আর আরেক চাচাতো ভাই শ্যামলদা কীভাবে যুদ্ধে গেছেন, তার গল্প ওর কাছ থেকেই আমরা শুনি। ভাষণের চিঠি, ১৪ ডিসেম্বর২০ বছর বয়সী ভাষণ ভাইয়া একাত্তরের ৬ মে ইংরেজিতে একটি চিঠি লিখে রেখে যুদ্ধে চলে যান। মা-বাবা আর ছোট দুই ভাই মিশুক ও শিশু তন্ময়কে সম্বোধন করে নিউজপ্রিন্টের পাতায় লেখা এ চিঠির এক জায়গায় ভাষণ লিখেছেন, ‘আমাদের স্লোগান স্বাধীনতা অথবা মৃত্যু। কিন্তু স্বাধীন দেশে তোমাদের সান্নিধ্য পাওয়ার জন্য আমি বেঁচে থাকতে চেষ্টা করব।’ মিশুকের উদ্দেশে ভাষণ ভাইয়া লিখেছিলেন, ‘মিশুক আমার ভাই, হূদয় আর মনের সঙ্গে শান্তিতে পোঁছানোর এই ক্ষণে আমি তোমাকে ভালোবাসি। বাবার কথা শুনবে আর পুরো পরিবারকে দেখে রাখবে। তুমি তাদের আশা-ভরসা।...’এ চিঠিটি লিলি চৌধুরী যিনি ভাষণ, মিশুক ও তন্ময়ের মা—যুদ্ধের পুরোটা সময় পলিথিনে মুড়িয়ে সেফটিপিন দিয়ে ব্লাউজের সঙ্গে আঁটকে বুকের কাছে রেখে দিতেন। দেশ স্বাধীন হলো, ভাষণ ভাইয়া বেঁচে ফিরলেন, কিন্তু বাবাকে আর পেলেন না। আমার নানু বাড়ি ছাড়তে চাননি। লিলি মামি আর অন্য আত্মীয়-বন্ধুদের বহু অনুরোধেও মুনীর মামা মাকে ঢাকায় রেখে ভারতে বা গ্রামে যেতে রাজি হননি। নিজের কোমর আর পিঠের ব্যথা নিয়ে ছুটতে না পারার কথাও তিনি বলতেন।১৪ ডিসেম্বর দুপুর পৌনে ১২টার দিকে তালা দেওয়া বাইরের ফটক ঝাঁকড়ে বন্দুকধারী ঘাতকেরা আমার রুশো মামা—শমশের চৌধুরীকে তালা খুলতে এবং মুনীর মামাকে ডেকে আনতে বাধ্য করে। দোতলায় ওঠার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দেখা প্রতিটি মুহূর্ত লিলি মামির মনে গভীরভাবে আঁকা হয়ে রয়েছে। মুনীর মামা সঙ্গে যেতে আপত্তি করলে তারা তাঁর পিঠে বন্দুকের নল ঠেকায়। তাঁর শরীর একবার ঝাঁকি দিয়ে ওঠে। দরজায় দাঁড়ানো রুশো মামা আজও কানে শুনতে পান, মিনিবাসে ওঠার মুখে তাঁর দিকে তাকিয়ে ভাই বলেছিলেন, ‘কী বলিস, যাই রে?’ তাঁদের মা অর্থাৎ আমার নানু তখন ভাত বেড়ে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। মিশুক দোতলার বাইরের দিকের ব্যালকনির জাফরিকাটা দেয়ালের ফোকর দিয়ে পুরোটা দৃশ্য দেখেছিল। মাকে মিশুক পরে বলে, গেটে আসা জনা দুই ছাড়াও দূরে কালো কাপড়ে মুখ ঢাকা আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল। মিশুক এ দৃশ্য মনে করে রেখেছিল। এত বছর পরে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগোচ্ছে, তখন মিশুকই রইল না। একাত্তরের পরএকাত্তর-পরবর্তী বছরগুলো পরিবারটির জন্য ভেতরে-বাইরে সংগ্রামের সময়। ভাষণ একুশে, মিশুক তেরোতে আর তন্ময় পাঁচে পড়েছে মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পুরোনো ফ্ল্যাটটিতে থাকতে দিল আর দিল মাসিক কিছু ভাতা। বেসরকারি একটি প্রতিষ্ঠানে গ্রন্থাগারিকের চাকরি নিলেন লিলি চৌধুরী। নিজের হতবিহ্বল নিঃসঙ্গতার মধ্যে জীবনধারণের জন্য সংগ্রাম ছিল। ছিল ছড়িয়ে ছিটিয়ে পড়া জীবনে বাবা-হারানো তিন ছেলেকে একত্রে ধারণ করে বাঁচার সংগ্রাম। যুদ্ধ থেকে ফিরে বাবাকে না পেয়ে বিভ্রান্ত-বিক্ষিপ্ত, ক্রুদ্ধ, ক্ষুব্ধ, বিদ্রোহী ভাষণ। মিশুকের কৈশোরের টানাপোড়েন। আর এসবের মধ্যে ছোট্ট আসিফ মুনীর—তন্ময়ের বড় হয়ে ওঠা। স্বামীর স্থায়ী আমানত আর বিমার টাকা একমাত্র সঞ্চয়। সেটা যক্ষের ধনের মতো বাঁচিয়ে রেখে তা-ই দিয়ে তিলে তিলে বনানীর এক টুকরো জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেন লিলি চৌধুরী। ভাষণ বৃত্তি জোগাড় করে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে গিয়েছিলেন। দেশে ফিরে ইংরেজি সাহিত্যে পড়া শেষ করে ধীরে ধীরে তিনি থিতু হন। সেটা অবশ্য আরও পরের কথা।মিশুক যখন দশম শ্রেণীর ছাত্র, সে ঘোষণা দিল আর পড়বে না, ‘মজুরেরা পড়ে না, তারা কি মানুষ না?!’ তখনকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (এখনকার রূপসী বাংলা) সে বেয়ারার চাকরির জন্য দরখাস্ত করল। চাকরি হয়েও গেল। মা বললেন, ‘তুমি যদি সেখানকার মেঝে ঝাড়ু দিতে পারো, আমাদের সিঁড়িটা ঝাঁট দাও না কেন?’ ছেলে হেসে ফেলল। অবশেষে বেয়ারা হওয়ার খেয়াল দূর হলো।পথপ্রদর্শক!একাত্তরের অনেক পরে বিশ্ববিদ্যালয় পর্বে আবার আমাদের বিভিন্ন বয়সী ভাইবোনদের বিশাল একটি দল জমে ওঠে, আমরা বলতাম ‘কাজিন-কুজিন সমিতি’। মনে আছে, একবার দলেবলে বইমেলায় চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছি। গুরুত্বপূর্ণ হাবভাবের অচেনা একজনকে দেখি খুব ব্যস্তসমস্ত হয়ে ঘোরাঘুরি করছেন। বলি, ‘মিশুক, কে ইনি? নামকরা কেউ?’ গম্ভীর মুখে মিশুকের উত্তর, ‘নাম একটা আছে, এখনো কইরা উঠে নাই!’ কথাটায় কিন্তু কোনো খোঁচা ছিল না, ছিল নির্মল রসবোধ। ও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিএ সম্মান শিক্ষার্থীদের প্রথম দলের ছাত্র। মিশুক ঢুকেছিল ১৯৭৭ সালে। ওর দেখাদেখি ঢুকি আমি। আমি হিসাব করেছিলাম, মিশুক যখন এটা পড়ছে, নিশ্চয় ক্লাসে আটকা পড়া চাপ এখানে নেই! তারপর ঢুকল ত্রপা (মজুমদার), আমাদের সমিতির এক কনিষ্ঠ সদস্য। আর এখন মিশুকের একমাত্র ছেলে সুহূদ—নাঈম সিবাস্টিয়ান মুনীর—কানাডায় গণযোগাযোগ পড়ছে। আমার মামাতো, মিশুকের চাচাতো-খালাতো বোন শম্পার মেয়ে অরণিও সেই পথে যাচ্ছে। ভাষণ ভাইয়ার মেয়ে অর্পণ স্নাতক পর্যায়ে ফটোগ্রাফি পড়ল। সুহূদ এই সেদিন বাবাকে জানিয়েছিল, সামনে সে চলচ্চিত্র নিয়ে পড়বে।ছবি তুলতে তুলতেআমরা স্কুলে পড়ার সময়ই মিশুককে দেখতাম পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতে। ১৯৮০ সালে ও এক শিক্ষা-কার্যক্রমে কানাডায় একটি জাদুঘরে শিশুশিক্ষা বিভাগে চিত্রগ্রাহক ও সহকারীর কাজ করে আসে। সেই সূত্র ধরে ১৯৮২ সালে ছাত্র অবস্থায়ই জাতীয় জাদুঘরের দৃশ্যশ্রাব্য শাখা গড়ে তোলার দায়িত্ব পায়, লেগে থাকে বছর সাতেক। পাশাপাশি তথ্যচিত্র, টেলিছবি, টিভি নাটক, পাপেটচিত্র—ক্যামেরার পেছনে ওর কাজ চলমান। মনে আছে, ওর ক্যামেরা ও সহপরিচালনায় ঢাকা টোকাই নামের ছবিটি ১৯৮৬ সালে জার্মানির ওবারহাউজেন উৎসবে পুরস্কার জিতেছিল। প্রাতিষ্ঠানিক পড়াশোনায় মিশুকের ফাঁকিবাজি কিংবদন্তিতুল্য। কিন্তু বিভিন্ন সময় শিক্ষকদের মুখে ওর মেধার প্রশংসা শুনেছি। ১৯৮৯ সালে মিশুক আর আমি সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে ঢুকি। মিশুক প্রায় ১০ বছর বিভাগের মিডিয়া সেন্টার প্রকল্পটি—চিত্রসাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা আর কম্পিউটার ব্যবহার করে প্রকাশনা—পরিকল্পনা ও গড়ে তোলার কাজ করেছিল। ওকে দেখেছি নিরলসভাবে কিন্তু ওর নিজের নিয়ম-ছাড়া নিয়মে এ কাজটি করে যেতে। ১৯৯২ সাল থেকে মিশুক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য ফ্রিল্যান্স চলচ্চিত্র গ্রাহকের কাজ করেছে, দেশের বাইরে আঞ্চলিক পরিসরেও। আমি তখন বিবিসি বাংলা বিভাগের জন্য ফ্রিল্যান্স কাজ করি। এ সময় কয়েক বছর ধরে আমরা একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় কাজে ঘুরেছি। মিশুকের সঙ্গে ঘোরা যেমন মজার, তেমনি তা অনেক কিছু শেখারও। শিক্ষকতা ছেড়ে ১৯৯৯ সালে দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রেরিয়াল টিভি চ্যানেল একুশের সূচনালগ্নে মিশুক এর সঙ্গে যুক্ত হয়। বার্তা কার্যক্রমের পরিচালক হিসেবে অনেককেই ও নিজের হাতে তৈরি করেছিল। ২০০১ সালে মিশুক অভিবাসন নিয়ে কানাডায় চলে গেল। টরন্টোয় ও কাজ শুরু করে ফ্রিল্যান্স চলচ্চিত্রগ্রাহক ও চিত্রগ্রহণ পরিচালক হিসেবে। আফগানিস্তানে ওর ক্যামেরায় তোলা রিটার্ন টু কান্দাহার ছবিটি ২০০৩ সালের সেরা তথ্যচিত্র হিসেবে জেমিনি পুরস্কার পায়। প্রথম দিকে কাজ মিলত অনিয়মিত। ক্যামেরার টানা কাজ করলে আঙুলে যে কড়ার মতো চিহ্ন পড়ে, তা তখন মিলিয়ে গিয়েছিল। ওর স্ত্রী মঞ্জুলী জানায়, এ ছবির কাজ শেষে ফিরে হাত দেখিয়ে মিশুক উদ্ভাসিত মুখে বলেছিল, ‘দেখ্ দাগ ফিরে এসেছে!’এরপর ছবিটির পরিচালক পল জের সঙ্গে মিলে কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমধর্মী অনলাইন মাধ্যম দি রিয়্যাল নিউজ নেটওয়ার্ক—টিআরএনএন গড়ে তোলার প্রক্রিয়ায় যুক্ত হয় মিশুক। যখনই দেশে আসত, এসব কাজ নিয়ে মহা উৎসাহে গল্প করত। বিশেষ করে মনে পড়ে, ফিলিস্তিনে ওর কাজের গল্প।এ সময়টায় প্রায়ই ও দেশে ফিরেছে তারেক মাসুদের বিভিন্ন ছবিতে কাজ করার জন্য। আশির দশকের গোড়ায় শিল্পী এস এম সুলতানের ওপর তথ্যচিত্র আদম সুরতের কাজ দিয়ে শুরু। তারেক ভাই ও মিশুকের বন্ধন-বন্ধুত্ব শেষ হওয়ার ছিল না। সোনার বেড়ি, মুক্তির গান, মুক্তির কথা, কানসাটের পথে, নরসুন্দর, রানওয়ে, নির্মিতব্য অন্য চোখে বাংলাদেশ ও কাগজের ফুল...। কানাডায় ওরা চলে যায় মিশুকের স্ত্রী মঞ্জুলীর স্বাস্থ্যগত কারণে। ২০১০ সালের শেষভাগে এটিএন নিউজের প্রধান নির্বাহী ও সম্পাদকের দায়িত্ব নিয়ে দেশে ফেরার সুযোগ হলে মঞ্জুলীকে সে বলেছিল ‘একটা মানুষের জীবনে তিনটা টিভি গুছিয়ে দাঁড় করানোর সুযোগ কি আসে? আমার এসেছে, তুই না করিস না।’ ও বলেছিল, ওর এখন শেখানোর মতো অনেক অভিজ্ঞতা জমেছে। আরও বলেছিল, মায়ের জীবনের এই প্রান্তে—লিলি মামির বয়স এখন ৮৩; সে তাঁর সঙ্গে থাকতে চায়।মঞ্জুলীকানিজ ফাতিমা কাজী—মঞ্জুলী তখন বাংলায় এমএ পড়ছে। ১৯৮৩ সাল। মিশুকের সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের সূত্রপাত। বিয়ের পরও সম্পর্কটা রয়ে যায় বন্ধুরই। ওদের বিয়ে হয় ১৯৮৫ সালে। এ বিয়ের আনুষ্ঠানিক আলাপের পরদিন আমার নানু আফিয়া বেগম তাঁর রোজনামচায় লেখেন, ‘দোয়া করি আল্লাহ মিশুকের জীবন শান্তিপূর্ণ করুক। ও যে আমার মুনীরের ছেলে। মুনীর আরবি শব্দ; অর্থ উজ্জ্বল, প্রদীপ। খোদা তার ছেলের জীবন উজ্জ্বল, শান্তিপূর্ণ করুক এই দোয়া করি।’মিশুকের বিয়ে আমাদের ভাইবোনদের স্মৃতিতে সম্ভবত সবচেয়ে বর্ণাঢ্য উৎসব। ওর গায়েহলুদের কথা কোনো দিন ভোলার নয়। সকালে তন্ময়রা দলেবলে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রিকশা বোঝাই করে দেবদারু পাতা আর লাল রঙ্গন ফুল নিয়ে এল। সারা দিন আমরা সেই ফুলে মালা গাঁথলাম। মিশুক আর মঞ্জুলী দুজনেরই বন্ধু শিল্পী নোটন, হাবীব, শামিমেরা ঘর সাজাল, নিমন্ত্রণপত্র হাতে আঁকল। ১৩ আগস্ট লিলি মামির বনানীর বাসায় বসারঘরে এক কোণার একটি তাকে দেখি সে সময় হাবীবের বিখ্যাত আল্পনা আঁকা একটি মাটির খোরা; বিবর্ণ, ধুলায় ঘষা-ঘষা চেহারা। আমাদের মিশুকএকাত্তরের পর আট বছরের বড় ভাই ভাষণ হয়ে উঠেছিল মিশুকের নায়ক ও বন্ধু। ও ভাষণ ভাইয়ার ছবি তোলা আর লেখা নিয়ে গর্ব করত। ভাষণ এখন সিয়েরা লিওনে জাতিসংঘে কর্মরত। মিশুকের দাফন শেষে ঘরে ফিরে ওর রুদ্ধ কণ্ঠের একটা কথা কানে লেগে থাকে, ‘দ্য বেস্ট অব দ্য লট—আমাদের মধ্যে সবচেয়ে ভালোজন...।’ ছোট ভাই উন্নয়নকর্মী আসিফ মুনীর তন্ময় নাটকপাগল। বেড়ে ওঠার বয়সে মিশুক তাকে আগলে রাখত। দুর্ঘটনার পর থেকে তাকে দেখছি, যন্ত্রের মতো প্রয়োজনীয় কাজগুলো করে যেতে। ওর মনের মধ্যে কী চলছে, কে জানে। আর লিলি মামি? মিশুকের তাঁর সঙ্গে আরও অনেক দিন থাকার কথা ছিল...রান্না ছিল মিশুকের বিশ্রামের নেশা। জুলাইয়ের মাঝামাঝি এটিএন নিউজের যন্ত্রপাতি কিনতে ও যুক্তরাষ্ট্রে গিয়েছিল। বনানীর বাসায় ডিপ ফ্রিজে ও রাঁধবে বলে এখনো তোলা আছে গরুর মাংসের প্যাকেট। পড়ে আছে সৌখিন মসলাপাতির মস্ত পোঁটলা। মঞ্জুলীকে ও প্রায়ই বলত, ‘আমি শেরাটনের শেফ আর তুই নীলক্ষেতের বাবুর্চি!’পরিবারের অনেকেই বলে মিশুক মুনীর মামার অকৃত্রিম আন্তরিকতা, নরম সদয় মন, সবার সঙ্গে মেশা, সবাইকে সাহায্য করার গুণগুলো পেয়েছে। ওর প্রাণখোলা হাসিভরা চেহারা দেখলে সবসময় আমার প্রথম মনে হতো, মানুষটা দেখতে বড় সুন্দর। দেখা হলেই ও জড়িয়ে ধরে, মন অনেক ভরসায় ভরে যায়। গত ডিসেম্বরে আমার মা চলে গেলেন। তাঁর জন্য দোয়া শেষে বিদায় নেওয়ার সময় বরাবরের মতো মিশুক জড়িয়ে ধরে ওর গালটা বাড়িয়ে দিল। বলল, ‘এখন তো চুমু দেওয়ার কাজটা তোকেই করতে হবে!’পেশার জগতে আমার গুরুস্থানীয় সমমনা এক সাংবাদিক মিশুক, আমার জীবনশিক্ষার অনেক গুরুত্বপূর্ণ পর্বে ভালোবাসা নিয়ে এসে দাঁড়িয়েছে। যেকোনো কঠিন গোলকধাঁধায় মিশুকের কণ্ঠে ইংরেজিতে বলা একটা কথা কানে শুনতে পাই—জীবন হচ্ছে জীবন, বিষ্ঠা হচ্ছে বিষ্ঠা। ও বলেছিল, যা সামনে আসে, তাকে খোলাখুলি সামনাসামনি করতে হয়। বাঁচতে হয়।ও জাতশিক্ষক। এটিএন নিউজের ক্যামেরা বিভাগের প্রধান মামুন হোসেন বলছিলেন, তাঁর মতো হাতেকলমে কাজ শেখা মানুষেরা যেকোনো সময় মিশুকের দ্বারস্থ হলে ও দেখিয়ে শিখিয়ে দিত। তাঁর গলা ধরে আসে, ‘আমাদের তো আর এমন ক্যামেরা জানা শিক্ষক নাই।’ যন্ত্রপাতির ব্যবহার থেকে নিয়ে ভুক্তভোগীদের প্রতি আচরণ বা প্রতিবেদন দাঁড় করানো—সব বিষয়েই ওর কাছে দিকনির্দেশনা মিলত। শেখাত রাতদুপুরে টেলিফোনে, লিফটে উঠতে উঠতে—যখন যেখানে সম্ভব।মিশুককে নিগড়ে বাঁধা যায় না। ইটিভি গড়ে তোলার পর্বে ওর একটা সস্নেহ নাম হয়ে গিয়েছিল, ‘আই-অ্যাম-অন-মাই-ওয়ে’ অর্থাৎ ‘আমি-আসার-পথে-আছি’। ও যখন অনেক দেরি করে কোথাও পৌঁছাত, ওকে দেখলে মুহূর্তে রাগ পানি হয়ে যেত। তা ছাড়া, ও কাজ করত সমস্ত প্রাণ ঢেলে। হিসাবের অতিরিক্ত অনেক কিছু তাতে যোগ হয়ে যেত। এবার শুনলাম এটিএন নিউজে ওর সেই নামটাও ব্যবহারের সুযোগ আর ছিল না, এমনই কাজের নেশায় মেতেছিল ও।মিশুক মানুষকে ভালোবাসত, তারই সুবাদে সাংবাদিকতা ভালোবাসত একনিষ্ঠভাবে। মিশুক সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসত। ঢাকায় ১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর ওর জন্ম। রুশ রূপকথার ছোট্ট ভালুকের নাম থেকে লিলি মামি ওকে ডাকতেন মিশুৎকা। সেটাই কখন হয়ে গেল মিশুক। আর মিশুক হয়ে গেল সবার সুহূদ, যে নামটা ও আর মঞ্জুলী মিলে ওদের ছেলের জন্য বেছেছিল। মঞ্জুলী ও সুহূদ থাকছে টরন্টোয়। মে মাসে ওরা লম্বা ছুটিতে এসেছিল। জুন-জুলাইজুড়ে সুহূদ বাবার অফিসে শিক্ষানবিশি করেছে। গত সপ্তাহে ও অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। বাবা রাতে ওর সঙ্গে থাকতেন। সেদিন ভোরে সেখানেই বাবাকে ও শেষ বিদায় জানায়। সুহূদ বলে, ‘বাবা তো বাবার মতো ছিল না, ছিল আমার বড় ভাই বা বন্ধুর মতো—যাকে নিয়ে আমি গর্ব করতাম, যার ওপর ভরসা করতাম। সে ছিল এমন, যা আমি হতে চাই।’আমাদের একটা বন্ধুদল ছিল—মিশুক, মঞ্জুলী, শাহেদ কামাল স্যার, গোলাম রহমান স্যার, সুব্রতদা (সুব্রত শংকর ধর) আর আমি। নানা সময়ে ভারতভ্রমণ আর নৈশ আড্ডার টুকরো টুকরো অনেক কথা-ছবি, হাসি আর আনন্দ-আমোদের রেশ সে রেখে গেছে আমাদের মনে।এই সেদিন প্রথম আলোয় যাচ্ছি। ফুটপাতে ভিড়ের মধ্যে মিশুকের সাদা চুলের ধ্বজা দেখতে পেয়ে নামলাম। টিপ টিপ বৃষ্টির মধ্যে মিনিট ১৫ পার! সাধারণ মানুষের আত্মশক্তি ও সৃজনশীলতা তুলে ধরার একটা কাজের পরিকল্পনা...এটিএন-নিউজের জন্য আনা নতুন যন্ত্রপাতি...শুক্রবারের কানেকটিং বাংলাদেশ অনুষ্ঠানটিতে আরও নতুনত্ব এসেছে— ফুটপাতে দাঁড়িয়েই কথা আর হা হা হাসি।ছাত্রাবস্থায় মিশুক যখন শিক্ষা-কার্যক্রমে কানাডা যায়, ওর বাবার ব্যবহারের জীর্ণ একটা সাদা খদ্দরের চাদর সঙ্গে করে নিয়ে গিয়েছিল। মঞ্জুলী বলছিল, মিশুক বরাবর ওর বাবার অভাব বোধ করত। নিশ্চয়ই এখন বাবার সঙ্গে ওর দেখা হয়েছে।মুনীর মামার জন্ম হয়েছিল মানিকগঞ্জে, তাঁর বাবার কর্মস্থলে। ১৩ আগস্টের দুর্ঘটনাটি ঘটল মানিকগঞ্জেই।শেষ না হওয়া কথাতারেক ভাই ও মিশুকের সঙ্গে নিহত হয়েছেন তাঁদের মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান, তারেক ভাইয়ের দুজন সহকারী জামাল হোসেন ও ওয়াসিম। গুরুতর আহত হয়েছেন চিত্রশিল্পী ঢালী আল মামুন। সেদিনই আরেকটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। পত্রিকায় রোজই এভাবে প্রাণ চলে যাওয়ার অনেক খবর পড়ি। তার অর্থ যে কী, তা এবার নিজেদের ওপরে এসেছে বলে অনুধাবন করছি। মিশুক চলে যায়নি। ও আমাকে শেখাবে, এ ক্ষেত্রে সাংবাদিকতার কী দায়িত্ব পালন করা দরকার। আমি, আমরা, যারা এ দায়িত্ব স্বীকার করব—ওকে সঙ্গে পাব।১৮.০৮.২০১১