মিশ্র উপস্থাপনায় সৃষ্টির সৌন্দর্য

মডেল আজিম উদদৌলা ও ফ্যাশন ডিজাইনার গ্রেস মুনছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ডিসেম্বর হোটেল আমারি ঢাকায় হয়ে যাওয়া ফ্যাশন শো ফ্রোজেন ইন টাইমে বিশ্বনন্দিত কোরিয়ান-আমেরিকান ফ্যাশন ডিজাইনার মুন কেবল তাঁর দেশীয় ঐতিহ্যবাহী পোশাক হ্যানবক নয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবিকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন।

কাপড় নিয়ে খেলা করতে পছন্দ করেন গ্রেস মুন। তাঁর সৃষ্টি প্রেরণার মূলে কাপড়ই। বিভিন্ন সময়ে করা তাঁর সংগ্রহে সেটা স্পষ্ট। এবার ঢাকাও থাকল সাক্ষী। ২৭ ডিসেম্বর হোটেল আমারি ঢাকায় হয়ে যাওয়া ফ্যাশন শো ফ্রোজেন ইন টাইমে বিশ্বনন্দিত কোরিয়ান-আমেরিকান ফ্যাশন ডিজাইনার মুন কেবল তাঁর দেশীয় ঐতিহ্যবাহী পোশাক হ্যানবক নয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবিকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন।

শোয়ের প্রথম পর্ব ছিল উভয় দেশের চিরাচরিত পোশাকের আধুনিক ও মিশ্র প্রদর্শন। পোশাকের কয়েকটি কাপড়, নকশা আর প্যাটার্ন স্মরণ করিয়ে দেয় তাঁর নিউইয়র্ক অভিযাত্রা। ২০১৭ সালের নিউইয়র্ক ফ্যাশন উইকের শোতে এ ধরনের কাপড় তাঁর সংগ্রহে ছিল।

শোয়ের দ্বিতীয় পর্ব আক্ষরিক অর্থেই ছিল যুগলবন্দী। কারণ, এখানে আলাদা করে নয়, বরং গ্রেস মুন এবং এজেড (মডেল আজিম উদদৌলার ব্র্যান্ড) যৌথভাবে উপস্থাপন করা হয়। তবে উভয়ের পোশাকের ধরন আর বৈশিষ্ট্য বুঝে নিতে অসুবিধা হয়নি। মেটালিক, সিল্ক, ভেলভেটসহ নানা ধরনের কাপড়ে মুন দেখিয়েছেন তাঁর সৃজনের মুনশিয়ানা। প্রতিটি পোশাকের শিলুয়েট দেখার মতো। কাট আর প্যাটার্নের সৌন্দর্যের সঙ্গে চোখ টেনে রাখে ছোট ছোট কাজ। বেশির ভাগ কাটই ছিল পাশ্চাত্য ঘরানার ধাঁচ।

এরই মাঝে ঝলক ছিল আজিমের ব্র্যান্ডের পোশাকের। এই শো দিয়ে মূলত আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এজেডের। শো শেষে মুন আর আজিমের মঞ্চে উপস্থিতি এবং এরও পর মুনের বক্তব্য বিশেষ অর্থবহ।

গ্রেস মুন স্পষ্ট করেই বলেছেন, ‘এটা আসলে নিজের সংগ্রহের উপস্থাপনা নয়, বরং একসঙ্গে কাজ করার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া। যাতে এক প্রতিকূল, বিষণ্ন সময়ে আমরা সবাই এই সুখস্মৃতিতে লালন করতে পারি। বিষাদ ভুলে যেতে পারি। অনাবিল এই স্মৃতি স্থায়ী হবে বলেই তো এই আনন্দসন্ধ্যার নাম ফ্রোজেন ইন টাইম।’