মিষ্টি
বাসা থেকে বের হওয়ার সময় ভেবেছিলাম, আমাদের ক্লাসের ছাত্রদের উপস্থিতি আজ বেশ ভালো হবে। ক্লাসে এসে দেখি তা-ই হয়েছে। বুঝতে পারলাম, ক্লাসের সবাই মিষ্টি খেতে বেশ উদগ্রীব হয়ে আছে। কারণ, দীপ্ত গতকাল ক্লাসে সগৌরবে মিষ্টি খাওয়ানোর ঘোষণা দিয়েছে। যদিও সে সচরাচর কিছু খাওয়ায় না, কিন্তু ক্লাসে গতকাল স্যার বলে গিয়েছেন, আগের দিনের ক্লাস টেস্টে সবাই ভালো না করলেও দীপ্ত বেশ ভালো করেছে। আজকে সেই পরীক্ষার খাতা দেওয়া হবে। এ জন্যই দীপ্ত এই ঘোষণা দিয়েছে।যা-ই হোক, স্কুলে প্রথম পিরিয়ডে দীপ্তর সঙ্গে দেখা হলো। তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে। আমাকে বলল, এক কেজি মিষ্টি এনেছে, তৃতীয় পিরিয়ডে খাওয়ানো হবে। তাহলে দ্বিতীয় পিরিয়ডে খাতা দেওয়ার পর আমরা মিষ্টি পাচ্ছি।তারপর এল সেই বহুল প্রতীক্ষিত দ্বিতীয় পিরিয়ড। স্যার সবার খাতা দিচ্ছেন, কিন্তু দীপ্তর খাতা দিচ্ছেন না। বেশ শ্বাসরুদ্ধকর অবস্থা। সবশেষে স্যার দীপ্তর নাম ঘোষণা করলেন আর বললেন, ‘তোমাদের মধ্যে দীপ্ত সবচেয়ে কম নম্বর পেয়েছে।’ শুনে তো আমাদের আক্কেলগুড়ুম। আমরা একজন অন্যজনের দিকে তাকাচ্ছি। আর দীপ্ত ফাটা বেলুনের মতো চুপসে খাতা হাতে দাঁড়িয়ে আছে।এরপর সেই তৃতীয় পিরিয়ডেই আমরা উদ্ঘাটন করলাম প্রকৃত রহস্য। আসলে আমাদেরই আরেকজন সহপাঠী, তার নাম দীপ, সে-ই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। আর স্যার আসলে বলেছিলেন, আগের দিনের ক্লাস টেস্টে সবাই ভালো না করলেও দীপ তো বেশ ভালো করেছে।বেচারা দীপ্ত এখানেই ভুল করে ফেলল। ইনাম আহমেদব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট।