
ঝাল খাবারের পদের সঙ্গে চাই মিষ্টি খাবারও। কাবাব, বিরিয়ানির সঙ্গে জিলাপি, রসগোল্লা কিংবা দই থাকলে ইফতার আয়োজন পরিপূর্ণ হয়। নগরের স্যাফ্রন স্পাইস রেস্তোরাঁ ও হাইওয়ে সুইটস এবার ঝাল-মিষ্টি খাবারের পদ দিয়ে সাজিয়েছে ইফতার আয়োজন।

স্যাফ্রন স্পাইস: নগরের আগ্রাবাদ এলাকার স্যাফ্রন স্পাইস রেস্তোরাঁ এ বছরই প্রথমবারের মতো ইফতারের পসরা সাজিয়েছে। প্রতিদিনই প্রায় ৫০ পদের ইফতারি বিক্রি হয় এখানে। এ রেস্তোরাঁয় প্রতি কেজি চিকেন হালিম ৪০০ টাকা ও মাটন হালিম ৪৫০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া রয়েছে জাফরানি ফিরনি, হাজারি জিলাপি, তান্দুরি চিকেন ও হায়দরাবাদি বিরিয়ানি। এখানে প্রতি কাপ জাফরানি ফিরনি ২৫ টাকা, প্রতি কেজি হাজারি জিলাপি ২৫০ টাকা, প্রতি পিস তান্দুরি চিকেন ৯০ টাকা ও ফুল বক্স হায়দরাবাদি বিরিয়ানি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। রয়েছে রেস্তোরাঁয় বসে ইফতার করার অথবা বাসায় নিয়ে যাওয়ারও সুবিধা। এ জন্য চার ধরনের সেট মেনু তৈরি করা হয়েছে। ডিম চপ, চিকেন সমুচাসহ ১২ পদের ইফতারির সেট মেনুর দাম পড়বে ১৯৫ টাকা। ২৯৫ টাকা মূল্যের ইফতারির সেট মেনুতে রয়েছে ঢাকাইয়া হালিম, জাফরানি ফিরনি, চিকেন সমুচাসহ ১৩ পদের খাবার। বিফ আখনি, জাফরানি ফিরনি, চিকেন সমুচাসহ ১৩ পদের খাবার দিয়ে তৈরি সেট মেনু কিনতে খরচ হবে ৩৯৫ টাকা। ৪৯৫ টাকা মূল্যের সেট মেন্যুেত রয়েছে হায়দরাবাদি বিরিয়ানি, জাফরানি ফিরনি, ডিম চপ, চিকেন সমুচাসহ ১৪ পদের খাবার। ইফতারের আয়োজন নিয়ে স্যাফ্রন স্পাইস রেস্তোরাঁর চেয়ারম্যান ফারজানা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশুদ্ধ উপাদান ব্যবহারের মাধ্যমে খাবারের গুণগত মান ভালো রাখার চেষ্টা করছি।’ এ রেস্তোরাঁর ইফতারি বাসায়ও সরবরাহ করা হয় বলে জানালেন তিনি।
হাইওয়ে সুইটস: মিষ্টির দোকান হিসেবে পরিচিত হাইওয়ে সুইটসে রয়েছে হরেক রকম ইফতারি পণ্যের সমাহার। হাইওয়ে সুইটসের চারটি শাখায়ই রয়েছে প্রায় ৩৫ পদের ইফতারির পসরা। তবে এখানকার চিকেন ও মাটন হালিমের চাহিদা সবচেয়ে বেশি বলে জানালেন হাইওয়ে সুইটসের চেরাগী পাহাড় শাখার ব্যবস্থাপক নুরুল আমীন। এখানকার হালিমে মাংসের পরিমাণ বেশি হওয়ায় ক্রেতারা এই পদটি পছন্দ করেন। এখানে প্রতি কেজি মাটন ও চিকেন দুই পদের হালিমই বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এ ছাড়া হাইওয়ে সুইটসের ইফতারি আয়োজনে রয়েছে বিভিন্ন পদের কাবাব। এর মধ্যে নার্গিস কাবাব প্রতি পিস ১৫ টাকা, জালি কাবাব প্রতি পিস ২০ টাকা, ফিশ কাবাব প্রতি পিস ৩০ টাকা, শামি কাবাব প্রতি পিস ১৮ টাকায় বিক্রি হচ্ছে। ঝাল পদের পাশাপাশি দই, দই বড়া, সন্দেশ, ছানা, জিলাপি, ফিরনির মতো মিষ্টি পদগুলোরও চাহিদা রয়েছে।