মিষ্টি ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি বেশ ছোট্ট, থাকতাম ঢাকার গুলশানে। আব্বা ছিলেন ম্যাজিস্ট্রেট। একদিন হয়েছে কি, একজন লোক হাতে দুটো বড় বড় মিষ্টির বাক্স নিয়ে আমাদের বাসায় এল। আমি বাগানে ছিলাম। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ড্রয়িংরুমে বসালাম। মনে মনে ভারি খুশি, আজ ইচ্ছেমতো মিষ্টি খেতে পারব। আব্বাকে খবর দিলাম আর দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম, উনি ঢুকেই মিষ্টিগুলো ভেতরে নিতে বললে দৌড়ে ভেতরে নিয়ে যাব।কিন্তু আব্বা ওকে দেখে খুশির পরিবর্তে বিরক্ত। আপনি কেন এসেছেন বাসায়। লোকটা কাঁচুমাচু হয়ে বললেন, ‘এদিক দিয়ে যাচ্ছিলাম স্যার, ভাবলাম, আপনার বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নিয়ে যাই।’ ‘দেখুন, আমার বাচ্চাদের মিষ্টি আমি খাওয়াতে পারি, আপনি এগুলো নিয়ে যান।’কিন্তু লোকটি নাছোড়বান্দা। ‘কী বলেন স্যার, এত আশা করে এসেছি, সামান্য মিষ্টি ফেরত দিয়ে দিচ্ছেন!’ এবার আব্বা ভীষণ খেপে গেলেন। বাবাকে এ রকম রাগতে আর কখনো দেখিনি, ‘আপনি আর কখনো আমার বাসায় আসবেন না। জানেন না, আমি অফিসের কাজ বাসায় টেনে আনি না? এভাবে আমায় খুশি করার চেষ্টা করবেন না। এখনি এগুলো নিয়ে বেরিয়ে যান।’ কিছু বুঝতে না পেরে আব্বার ওপর রেগে গেলাম। লোকটা ভালোবেসে আমাদের জন্য মিষ্টি আনলেন, আব্বা নাহয় না-ই খেতেন, আমরা খেতাম।পরে আব্বা নিজেই আমাকে কাছে টানলেন, ‘কী মামণি, মিষ্টি ফেরত দেওয়ায় খারাপ লাগছে? ঠিক আছে, কাল আমি অফিস ফেরত তোমাদের জন্য মিষ্টি আনব, কেমন? পরের জিনিসে কখনো লোভ করতে নেই।’তখন অতটা না বুঝলেও পরে বুঝেছিলাম আব্বা সৎ অফিসার ছিলেন আর লোকটা কোনো কাজ আদায়ের জন্যই মিষ্টি এনেছিল।গুলনাহার ইসলাম খুলশী, চট্টগ্রাম।