মিষ্টি ভাই-বোন যা করতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর: শুক্রবার শামীম ওসমান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শনিবার আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমার ছোট বোন আইভীর সঙ্গে প্রতিটি ঘরে ঘরে যাব।’ (সূত্র: প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০১৬)

শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী মানুষের ঘরে ঘরে যাবেন। আহা! কী দারুণ খবর! এই সুযোগটা কিন্তু কাজে লাগানো যায় খুব সহজেই। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে শামীম ওসমানের এই উদ্যোগ সফল হলে। দেখে নেওয়া যাক, কী সেই উন্নয়ন।

.
.

৩০০ টাকার এনার্জি সেভিং বাল্বের প্রচার
দেশের সবচেয়ে প্রতিভাধর বক্তাদের এক বিরাট অংশ আজ সুযোগ এবং পরিচর্যার অভাবে ফুটপাতে ৩০০ টাকার এনার্জি সেভিং বাল্ব মাত্র ১০০ টাকায় বেচছেন। শুধু কোম্পানির প্রচারের জন্যই তিলে তিলে ধ্বংস হতে যাচ্ছে এই প্রতিভারা। দেশের এই তরুণ তুর্কি বক্তাদের এভাবে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন মিষ্টি ভাইবোন শামীম-আইভী। তাঁরা জনগণের ঘরে ঘরে যখন যাবেন তখন একটু মনে করে এনার্জি সেভিং বাল্বের প্রচার করতে পারেন। তা করলে দেশের প্রতিভাবান বক্তা শ্রেণিকে আর ফুটপাতের অডিও টেপ হতে হবে না।
ভারতীয় টিভি সিরিয়ালের জটিলতার সমাধান
লোকমুখে শোনা যায়, ঢাকার অলিগলিতে ডিশের লাইনের যত প্যাঁচ, তার থেকে বেশি প্যাঁচ থাকে ভারতীয় টিভি সিরিয়ালে। যে প্যাঁচ বুঝতে বাংলাদেশের নিরীহ দর্শক একই এপিসোডের পুনঃপ্রচারও দেখেন তিন তিনবার। তারপরও হয়তো প্যাঁচ খোলে না। এর ফলে দর্শক ভোগে হীনম্মন্যতায়। আত্মবিশ্বাস গিয়ে ঠেকে তলানিতে। জাতীর এই ক্রান্তিলগ্নে তাই ত্রাতা হতে পারেন শামীম-আইভী। তাঁরা ভারতীয় সিরিয়ালের প্যাঁচানো কাহিনির জট খুলে সহজ-সরলভাবে উপস্থাপন করতে পারেন ঘরে ঘরে গিয়ে।

‘আঠারোর আগে ফেসবুক নয়’

১৮ বছরের আগে বিয়ে এবং ফেসবুক দেশের রাজনীতির জন্য ক্ষতিকর। দেশের আপামর জনসাধারণের ফেসবুক পলিটিক্যাল ভিউতে দেখা যায় ‘I Hate Politics’ লেখা। যেটা দেশের উঠতি তরুণ হৃদয়ে প্রেমের উসকানির থেকেও ক্ষতিকর। দেশের রাজনীতিকে এই বিশাল ক্ষতির হাত থেকে বাঁচাতে তাই শামীম-আইভী ঘরে ঘরে গিয়ে ‘আঠারোর আগে ফেসবুক নয়’—এ ব্যাপারে উপদেশ দিয়ে আসতে পারেন।

পারিবারিক সম্প্রীতিবিষয়ক সচেতনতা

ডিজিটাল প্রজন্ম এখন বেশি ব্যস্ত গেজেট আর নিজেদের নিয়ে। তাই মানুষে মানুষে সম্পর্কে পড়েছে ভাটার টান। এভাবে চলতে পারে না। অচিরেই হয়তো নিজের ভাইকে দেখেও চিনতে পারবে না বোন। আর ভাই-বোনের খুনসুটি তো চিরচেনা এক বাস্তবতা। কিন্তু এই সমাজে নারী-পুরুষকে চলতে হবে একই তালে। এ ক্ষেত্রে শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী হতে পারেন আইকন। ঘরে ঘরে গিয়ে পারিবারিক সম্প্রীতি, বিশেষ করে ভাই-বোনের সম্পর্ক নিয়ে ফ্রি লেকচার দিয়ে আসতে পারেন তাঁরা।