মিষ্টিপানের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কক্সবাজারের মহেশখালী উপজেলার পানচাষিদের মুখে হাসি ফুটেছে। গত দুই সপ্তাহ ধরে এলাকার উৎপাদিত মিষ্টিপানের ভালো দাম পাওয়া যাচ্ছে। এতে চাষিদের মধ্যে দেখা গেছে উৎসাহের আমেজ। প্রতিবছর মহেশখালী থেকে এক লাখ ৬৩ হাজার ৫০০ মেট্রিক টন পান বিভিন্ন এলাকায় সরবরাহ হয়। স্থানীয় চাষিরা জানান, চাষের শুরুতে বৃষ্টির কারণে পানের বরজ নষ্ট হওয়ায় তাঁদের মধ্যে হতাশা দেখা দিলেও বর্তমানে পানের ভালো দাম পাওয়ায় সে হতাশা কেটে গেছে। চাষিরা জানান, কয়েক যুগ ধরে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমার ছড়া, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের ঢালু জায়গা ও আবাদযোগ্য কৃষিজমিতে বরজ তৈরি করে পান চাষ করে আসছেন স্থানীয় পানচাষিরা। বরজ থেকে পান তুলে তা স্থানীয় হাট-বাজারে নিয়ে বিক্রি করেন তাঁরা। উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজার, হোয়ানক ইউনিয়নের টাইমবাজার, পানিরছড়া বাজার, কালারমার ছড়া ইউনিয়নের কালারমার ছড়া বাজার, জনতাবাজার ও শাপলাপুর বাজারে সপ্তাহে দুদিন করে পানের বাজার বসে। গত মঙ্গলবার দুপুরে জনতাবাজারে গিয়ে দেখা যায়, শতাধিক চাষি পানের পসরা সাজিয়েছেন বাজারে। বাঁশখালী, চকরিয়া ও আশপাশের উপজেলা ছাড়াও চট্টগ্রাম শহর থেকে আসা পান ব্যবসায়ীরা পান কিনে নিচ্ছেন এখান থেকে। পরে এসব পান ট্রাক ভরে নিয়ে যাচ্ছেন নিজ নিজ এলাকায়। বাঁশখালী থেকে আসা পান ব্যবসায়ী রুহুল কাদের জানান, সপ্তাহের দুদিন মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পানের হাট বসে। এসব হাট থেকে চাষিদের কাছ থেকে পান কিনে নিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করেন তিনি। চাহিদা থাকায় গত দুই সপ্তাহ ধরে স্থানীয় বাজারে পানের দাম বেড়েছে বলে তিনি জানান। শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার পানচাষি আবুল কালাম (৪৫) বলেন, ‘মাস খানেক আগে পানের দাম বেশ কমে যায়। এতে লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু দুই সপ্তাহ ধরে বাজারে পানের দাম আশানুরূপ বেড়েছে। এতে অনেকটা উৎসাহিত বোধ করছি।’ তিনি জানান, গত মাসে এক বিড়া পানের দাম ছিল ৭০ টাকা। এখন সেই পান বিক্রি হচ্ছে প্রতি বিড়া ২২০ থেকে ২৫০ টাকা। শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইয়েদুল আলম বলেন, ‘একটি পানের বরজ তৈরি করতে লক্ষাধিক টাকা খরচ হয়। গত মাসে পানের দাম কমে যাওয়ায় চাষিরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু দুই সপ্তাহ ধরে দাম বেড়ে যাওয়ায় চাষিদের মধ্যে উৎসাহ আমেজ দেখা দেয়।’উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ বলেন, ‘মহেশখালীতে এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে বিল বরজ ১৫০ হেক্টর ও পাহাড়ি বরজ এক হাজার ৩৫০ হেক্টর। এসব জমিতে প্রায় নয় হাজার পানের বরজ রয়েছে। পানচাষি রয়েছেন প্রায় ১৩ হাজার।’ সূত্র জানায়, এক হেক্টর জমিতে পান চাষ করতে খরচ হয় ছয় লাখ ৫৫ হাজার টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদিত হয়। প্রতি হেক্টরে পান বিক্রি হয় প্রায় ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকার। এতে খরচ বাদ দিয়ে লাভ থাকে প্রতি হেক্টরে প্রায় নয় লাখ ৫৭ হাজার টাকা। প্রতিবছর মহেশখালী থেকে এক লাখ ৬৩ হাজার ৫০০ মেট্রিক টন পান বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ন্যায্যমূল্য পাওয়ায় পানচাষিরা অন্য বছরের তুলনায় এ বছর বেশি লাভবান হবেন বলে তিনি মন্তব্য করেন।