মিষ্টিমুখ
নতুন বছরে অতিথিকে মিষ্টিমুখ না করালে কি হয়! দেখে নিন সিতারা ফিরদৌসের দেওয়া কয়েকটি মিষ্টি খাবার। চিঁড়ার নাড়ুউপকরণ: চিঁড়া আধা কেজি, খেজুরের গুড় ৮০০ গ্রাম, এলাচ গুঁড়া আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ। প্রণালি: চিঁড়া টেলে নিতে হবে। গুড়ে সিকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় বসাতে হবে। ফুটে উঠলে এলাচ গুঁড়া দিতে হবে। চটচটে হলে চিঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামাতে হবে। হাতে ঘি মেখে দ্রুত ঠান্ডা হওয়ার আগেই গোলাকার করে নাড়ু তৈরি করতে হবে। গুড়ের সন্দেশউপকরণ: ছানা আধা কেজি, খেজুরের গুড় আধা কাপ, চিনি আধা কাপ, পেস্তাবাদাম ও কাজুবাদাম পরিমাণমতো। প্রণালি: গুড় ভেঙে নিয়ে, ছানা হাতের তালু দিয়ে হালকা করে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে গুড় জ্বাল দিয়ে, নরম হলে ছানা দিতে হবে। এক মিনিট নেড়ে চিনি দিয়ে মৃদু আঁচে ঘন ঘন নাড়তে হবে। ছানা চটচটে হলে নামিয়ে নিতে হবে। ছানা ঠান্ডা হলে ভালো করে মথে নিতে হবে। মসৃণ হলে ১৬ ভাগ করে, সন্দেশের ছাঁচে চেপে পাত্র সাজিয়ে রাখতে হবে। পেস্তা ও কাজুবাদাম দিয়ে পরিবেশন করতে হবে। জাফরানি পায়েস উপকরণ: মাঝারি সাইজের গাজর ২টি, পোলাওয়ের চাল আধা কেজি, দুধ ২ লিটার, কনডেন্সড মিল্ক ১ টিন, দারচিনি ৬ টুকরা, এলাচ ৪টি, গোলাপ পানি ১ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ৪ টেবিল চামচ, মাওয়া গুঁড়া ২ টেবিল চামচ। প্রণালি: গাজর সবজি করুনিতে ঝুরি করে নিতে হবে। জাফরান গোলাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে। পোলাওয়ের চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর পানি ঝরিয়ে কচলে চাল আধাভাঙা করতে হবে। দুধ ও চাল একসঙ্গে চুলায় দিতে হবে। ফুটে উঠলে গাজর দিতে হবে। এলাচ, দারচিনি দিতে হবে। চাল ও গাজর সেদ্ধ হয়ে পায়েস ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিতে হবে। গোলাপ পানিতে ভেজানো জাফরান দিতে হবে। কিশমিশ ও কিছু পেস্তাবাদাম কুচি দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে গাজরের পায়েস ঢেলে পেস্তাবাদাম কুচি, মাওয়া গুঁড়া ছিটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। তরমুজের ঠান্ডাউপকরণ: তরমুজ কুচি ৪ কাপ, বরফ কুচি আধা কাপ, চিনি আধা কাপ। প্রণালি: তরমুজ কুচি ও চিনি একসঙ্গে মিশিয়ে ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে। ইচ্ছা করলে জাফরান ও গোলাপজল মেশানো যায়।