মিসড কল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন তোমাকে প্রথম কল দেওয়ার মতো সাহস সঞ্চয় করেছিলাম তিন মাস প্র্যাকটিস করার পর। আর তুমি অপরিচিত কারও সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করোনি বলে ফোনটি রেখে দিলে। এদিকে তোমার কণ্ঠে ‘হ্যালো’ শোনার জন্য আমার অস্থির কর্ণযুগল দীর্ঘ প্রতীক্ষায় অসহ্যভাবে বিরক্ত করছিল আমাকে। সেদিনের পর থেকে তোমাকে প্রায়ই কল দিই। তুমি হয়তো দেখেও না দেখার ভান করে ফোনটি রেখে দিতে অযত্নে। কিন্তু বিশ্বাস করো, আমি চেয়েই থাকতাম ফোনটির দিকে; কখন সেই কাঙ্ক্ষিত নম্বর আমার মোবাইলে কলবেলের মতো টং টং করে বাজবে।

একদিন বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ছিলাম। হঠাৎ সেই নম্বরটি থেকে আসা ‘মিসড কল’ আমাকে এলোমেলো করে দিল। ফোন করতেই তুমি রাগান্বিত কণ্ঠে বললে, ‘আপনি কল দিচ্ছেন কেন?’ কথাগুলো যখন নির্দ্বিধায় ছুড়ে মারছিলে, আমি হতবাক হয়ে শুনছিলাম। শুধু বললাম, আমি আপনার কাছের একজন শুভাকাঙ্ক্ষী। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত তোমাকে মিস করছি। মাঝের সময়টুকু শুধুই স্মৃতি হয়ে মনের ক্যানভাসে টাঙানো আছে। এখন ইচ্ছে করলেও সেই স্মৃতির গ্যালারিতে আর ঢুকতে পারি না। মনটাও যেন চোখের সঙ্গে বন্ধুত্ব করেছে। চোখের মতো মনটাও কেন জানি স্মৃতির গ্যালারিটা ঝাপসা দেখছে। আগের মতো পেরে উঠছি না।
রায়হান
দিনাজপুর