মিসড কল
২০০১ সালে আমাদের বাসায় প্রথম মুঠোফান কেনা হয়েছিল। তখন সচরাচর মুঠোফোন দেখা যেত না। তো সেটা কিনে আনার পর বাসায় এক রকম জরুরি অবস্থাই চালু হলো। সব সময় আম্মুর কড়া নজরদারি, যেন কেউ এতে হাত দিতে না পারে। আম্মুর ধারণা ছিল, না জেনে কোনো বাটন টিপলেই এটি নষ্ট হয়ে যাবে। আমার ধারণাও যে খুব উচ্চ পর্যায়ের ছিল, তা কিন্তু নয়। আমাদের বাসার কেউই মুঠোফোনের ‘ম’ও জানত না। এ জন্য কল করা, কল রিসিভ করা, নম্বর সেভ করা—এসব শেখার জন্য আমরা সবাই কাগজ, কলম ও মুঠোফোনটা নিয়ে নিকটস্থ ‘এখান থেকে দেশ-বিদেশে ফোন করা যায়’ সাইনবোর্ড-সংবলিত দোকানে গেলাম। দোকানি আমাদের খুব আগ্রহ নিয়ে কল করা, কল রিসিভ করা—এসব শেখাতে লাগলেন আর আম্মু খুব আগ্রহ নিয়ে এগুলো কাগজে লিখতে লাগলেন। আমি একপর্যায়ে জিজ্ঞেস করলাম, ‘আঙ্কেল, মিসড কল কীভাবে দেওয়া যায়?’ তিনি অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বললেন, ‘মিসড কল দেওয়া খুব কঠিন। এখনই শিখতে হবে না।’ শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।