মিসরীয় সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন গোধূলিলগ্ন। মরুর লু হাওয়াটা বেশ উষ্ণ। খানিক পরেই যখন দারফুরের আদিগন্ত ধূসর মরুপ্রান্তরে হামাগুড়ি দিয়ে রাত নামবে, একটা শীতল হাওয়া বইতে শুরু করবে। সব মরুভূমিতেই রাতের তাপমাত্রা বেশ আরামপ্রদ। বহুদিন পরে একটা সবুজ রঙের পাঞ্জাবি পরলাম। গাড়ি রেখে মাথার সিঁথির মতো সোজা, সদ্য নির্মিত, এসফল্টের রাস্তায় পা ফেলে অতিধীরলয়ে হাঁটছি। তখনি মেজর এমাদের ফোন। ‘কখন আসছেন? আমরা কিন্তু তৈরি। আমাদের স্যার কর্নেল শেরিফ আপনার অপেক্ষায় আছেন।’ আমার মনে আছে, মিসরীয় সেনা-প্রকৌশল কোম্পানির নিমন্ত্রণটি আমি বেশ আগ্রহের সঙ্গেই গ্রহণ করেছি। ফেরাউনের দেশ, মুসার দেশ, নেফারতিতির দেশ এবং ক্লিওপেট্রার দেশ মিসর সম্পর্কে আমার অন্তহীন আগ্রহ। এখনো কায়রো ভ্রমণ করা হয়নি, এটা ভাবলেই অস্থির লাগে। অতি সম্প্রতি মিসরের শাসক হোসনি মোবারকের পতনের পর এ দেশটি সম্পর্কে আধুনিকমনস্ক গণতন্ত্রকামী মানুষের, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের বেশ আগ্রহ বেড়েছে। নোবেলজয়ী লেখক নগীব মাহফুজের মৃত্যুর পর একটি প্রবন্ধ লিখতে গিয়ে তাঁর অনেক সাক্ষা ৎ কার পড়েছিলাম। তখন জেনেছি, নাসের ও সাদাতের আমলের নিষিদ্ধ নগর কায়রোর কথা। মোবারক ক্ষমতায় এসে সেই বদ্ধ নগরের কয়েকটা জানালা খুলে দিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। কিন্তু তখনো নগরের সব দরজা অবরুদ্ধ। ২০১১ সালের গণ-অভ্যুত্থান নিষিদ্ধ নগর কায়রোর সব বন্ধ দরজা খুলে দিয়েছে বলে সবাই মনে করছে। এই মনে করাটা কতটা সঠিক, তা সেই দেশের নাগরিকদের কাছ থেকেই জানতে চাই। সেনা কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা না করাই ভালো জেনেও আমি মনে মনে তেতে আছি কর্নেল শেরিফ এবং তাঁর সহকর্মীদের সঙ্গে মিসরের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে কথা বলার জন্য। মেজর এমাদ আর দুজন মিসরীয় সৈনিক ক্যাম্পের সদর দরজায় দাঁড়িয়ে আছেন। সামরিক কায়দায় স্যালুট ঠুকে আমাকে নিয়ে গেলেন ভেতরে। বেশ খানিকটা পথ হেঁটে পৌঁছলাম কমান্ডার শেরিফ শাহিনের অফিসে। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মনে যা-ই থাকুক না কেন, আরব্য আতিথেয়তার এ দিকটি আমার বেশ ভালো লাগে। এই যে বুকে জড়িয়ে ধরা, হতে পারে এটা সৌজন্যতা কিন্তু এই সৌজন্যতার মধ্য দিয়ে যেন এক মুহূর্তেই আমরা পরস্পরের আত্মীয় হয়ে গেলাম। আমাদের মাঝখানে জড়তা নামক আর কোনো দেয়াল থাকল না। মিসরীয় শরবতের মধ্য দিয়ে আপ্যায়ন শুরু। বিশাল এক হলঘর কমান্ডারের অফিস। দেয়ালজুড়ে প্রাচীন মিসরীয় নানা কারুকর্ম। পুরো ক্যাম্পের একটি মিনি মডেল তাঁর ঘরে। মডেলের সামনে দাঁড়িয়ে তিনি আমাকে বুঝিয়ে দিলেন ক্যাম্পের কোথায় কী আছে। ওপরে খোলা আকাশ, হাজারো তারার মিটিমিটি আলো আর নিচে ধূসর মরু। সেখানে চেয়ার-টেবিল পেতে আয়োজন করা হয়েছে রাতের জলসা। একপাশে বারবিকিউ চলছে, পোড়া মাংসের সুগন্ধে ম-ম করছে। এ সুগন্ধটি আমারও খুব পছন্দ। প্রতিবার ছুটিতে লন্ডন গেলে, নিদেনপক্ষে একবার বারবিকিউর আয়োজন অবশ্যই করি এবং আমি নিজের হাতেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করি। পায়ের নিচে হালকা উষ্ণ বালু, ওপরে বহুদূর থেকে ভেসে আসা মৃদু শীতল হাওয়া আর সে হাওয়ায় মাংস আর মসলা পোড়ানো সুগন্ধ। ক্ষুধা চনমনিয়ে উঠছে। ৩৫ জন অফিসার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, সবার সঙ্গে একে একে কমান্ডার পরিচয় করিয়ে দিলেন। এরপর শুরু হলো গল্প আর আড্ডা। আরও দুজন লে. কর্নেল এসেছেন দারফুরের অন্যান্য অংশ থেকে। কোনো রাখঢাক না করেই আমি রাজনৈতিক আলোচনা তুললাম। সন্দেহের কথাও জানালাম, আবার না বর্তমান সামরিক সরকার জেঁকে বসে। এই সন্দেহ এক ফুঁয়ে উড়িয়ে দিলেন কর্নেল শেরিফ। তিনি জানালেন, মিসর এখন বদলে গেছে, মানুষের চোখ খুলে গেছে। আর কেউ জগদ্দল পাথরের মতো মিসরের ঘাড়ে চেপে বসতে পারবে না। ইন্টারনেটের কল্যাণে মানুষ এখন ঘরে বসেই জানতে পারছে কোনটা ভালো আর কোনটা মন্দ। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রকৃত গণতন্ত্রের কোনো বিকল্প নেই—এটা মিসরের নাগরিকেরা উপলব্ধি করতে পেরেছে। একটু খোঁচা দিয়ে প্রশ্ন করি, এই যে আপনি মিলিটারি হয়েও এমন খোলামেলা কথা বলছেন, এটা কি সেই গণতন্ত্রের দিকেই এগিয়ে যাওয়া? হো হো করে হেসে উঠলেন কর্নেল শেরিফ, সঙ্গে অন্যরাও। পরক্ষণেই আবার নিজেকে গুটিয়ে নিয়ে বললেন, ‘হতে পারে, হয়তো নিজের অজান্তেই আমিও মুক্তির আনন্দে উদ্বেলিত।’ বুঝতে পারছি, মোবারকের শাসনামলে কতটা হাত-পা বাঁধা ছিল ওদের। কমান্ডারের ইঙ্গিতে একজন তরুণ অফিসার গান বাজিয়ে দিলেন। জনপ্রিয় মিসরীয় শিল্পী ইয়াসমিনের গান। আমার তেমন ভালো লাগছে না, খুব ঠান্ডা গান। আমার মুখের মানচিত্র পড়তে পেরে কর্নেল শেরিফ দায়মুক্তির জন্য কাছে এসে বলেন, ‘আপনার পছন্দের কোনো মিসরীয় শিল্পী আছে, যার গান শুনতে চান?’ শেরিফের হয়তো ধারণাই ছিল না, আমি কোনো শিল্পীর নাম বলতে পারব। সঙ্গে সঙ্গে বললাম, হিশাম আব্বাসের গান আছে? আমার মুখ থেকে হিশাম আব্বাসের নাম শুনে সব অফিসার হই হই করে উঠলেন এবং যিনি ডিজে, হিশাম আব্বাসের গান লাগিয়ে দিলেন। বিদায়ের আগে অতিথিকে উপহার দেওয়ার পালা। এটা সেনা আতিথেয়তার অবধারিত অংশ। সাধারণত মগ, টি-শার্ট, ক্রেস্ট—এ জাতীয় অনেক উপহার আগে পেয়েছি। কিন্তু কর্নেল শেরিফ আমার হাতে যা তুলে দিলেন, তা পেয়ে আমি মহাখুশি। ক্যানভাসের ওপর আঁকা নেফারতিতির একটি পোর্ট্রেট! মিসরীয় আমেজ পেতে আর কী লাগে!