মিয়ানমার যেভাবে বদলে যাচ্ছে
একালের লৌহ যবনিকার আড়ালে থাকা মিয়ানমারে গত দুই বছরে যেসব পরিবর্তন ঘটে গেছে, তা নিঃসন্দেহে চমকপ্রদ। দীর্ঘদিনের সামরিক শাসনের নাগপাশ এ সময়ে শিথিল হয়েছে গণতন্ত্রের পথে টলমলো পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে। ২০১০ সালের নভেম্বরে দেশটিতে ২০ বছরের মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও নানা কারণে ওই নির্বাচন ছিল বিতর্কিত। নির্বাচনের পরও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করবে কি না তা নিয়ে সংশয় ছিল অনেকের। পরে নির্বাচিত ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলেও বলা হচ্ছিল, ‘এটা নামেই বেসামরিক সরকার।’ কারণ, নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী ছিলেন সাবেক সেনা কর্মকর্তা। পেছন থেকে সেনাবাহিনীই যে কলকাঠি নাড়বে, তা নিয়ে খুব কম লোকেরই সন্দেহ আছে।২০১০ সালের নভেম্বরে ‘স্থায়ীভাবে’ গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান এনএলডির নেত্রী অং সান সু চি। যদিও তিনি বা এনএলডির কেউ নির্বাচন করতে পারেননি। ২০১১ সালের ৩০ মার্চ সামরিক জান্তার হাত থেকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে বর্তমান সরকার। এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে শুরু হয় চলমান সংস্কারপ্রক্রিয়া। এর অংশ হিসেবে বহু রাজবন্দী মুক্তি পেয়েছেন, উন্মুক্ত হয়েছে পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ, সম্পাদিত হয়েছে বিচ্ছিন্নতাবাদী সংঘাত অবসানের চুক্তি।ইতিবাচক এসব উদ্যোগ অনেক বিশ্লেষককেই বিস্মিত করেছে। প্রতিদিনই যেন একটু একটু করে বদলে যাচ্ছে মিয়ানমার। দেশের গণতন্ত্রকামী মানুষ আশায় বুক বাঁধছে আরও একবার। সংস্কারের প্রভাব পড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। মিয়ানমারের ওপর মানবাধিকার লঙ্ঘনসহ নানা কারণে আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে পশ্চিমা দেশগুলো।মিয়ানমার নির্বাচিত হয়েছে ২০১৪ সালের আসিয়ান সম্মেলনের সভাপতি। গত বছরের ৩০ মার্চ বেসামরিক সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন থেইন সেইন। তাঁর উদ্যোগে সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি হলো সাধারণ ক্ষমার আওতায় গত ১৩ জানুয়ারি ৬৫১ জন রাজবন্দীকে মুক্তি দেওয়া। মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় আন্তর্জাতিকভাবে পরিচিত ভিন্নমতাবলম্বী অনেকেই ছিলেন। এর সপ্তাহ দেড়েক আগেই, ৪ জানুয়ারি সাধারণ ক্ষমার আওতায় ৩৮ হাজার ৯৬৪ বন্দীর সাজার মেয়াদ কমানো হয়। মুক্তি দেওয়া হয় ছয় হাজার ৬৫৬ জনকে। এ ছাড়া দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দেওয়া ৬০৪ জনের তালিকার অর্ধেকেরও বেশি নেতা-কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে।কারেন বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে আরেকটি মাইলফলক গড়েছে থেইন সেইন সরকার। ফলে দীর্ঘ ৬০ বছর ধরে চলতে থাকা এ দ্বন্দ্বের সমাধান আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এশিয়ায় সবচেয়ে দীর্ঘদিন ধরে চলে আসা সব সংঘাতের মধ্যে এটি একটি। যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির মধ্যে অনেক পার্থক্য থাকলেও এটি ওই অঞ্চল এবং মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় আশার আলো বলে মনে করছেন অনেকে। সংস্কার প্রক্রিয়াই সম্ভব করেছে সু চির সক্রিয় রাজনীতিতে ফিরে আসা। আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনএলডি নেত্রী সু চি। এর আগে তাঁর দলকে নিবন্ধন দেয় দেশটির নির্বাচন কমিশন। পার্লামেন্টের স্পিকার সউয়ে মান বলেন, ‘সু চি উপনির্বাচনে জয়ী হলে আমরা তাঁর সঙ্গে আলোচনা করার সুযোগ পাব। আমরা সু চির জন্য অপেক্ষা করছি।’এই ঘটনাবলি দীর্ঘদিন সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট হওয়া মিয়ানমারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি, নতুন শ্রম আইনে ইউনিয়ন করার অনুমতি, সরকার ও এনএলডির মধ্যে মতপার্থক্য দূর করার প্রক্রিয়া। মিয়ানমারের সুশীল সমাজ দেশটির বদলে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। ইয়াঙ্গুনভিত্তিক ‘মিয়ানমার ইগরেস’ নামের একটি সংগঠনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে এ লক্ষ্যে। তাদের সম্ভবত উপলব্ধি হয়েছে সংঘর্ষ বা বিপ্লব নয়, মিয়ানমারে পরিবর্তন আনতে হবে আলোচনার মাধ্যমেই। প্রায় পাঁচ বছর ধরে দেশের সমাজ ও রাজনীতির বদলে যাওয়া নিয়ে তরুণ প্রজন্মকে শিক্ষা দিচ্ছে এরা। সুশীল সমাজের সবচেয়ে বড় সাফল্য হলো, তারা নতুন সরকার ও এর ঘনিষ্ঠ ব্যক্তিদের এটা বোঝাতে সক্ষম হয়েছে যে নিজেদের স্বার্থেই সংস্কার করতে হবে। সরাসরি সামরিক শাসন অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। মিয়ানমারের বর্তমান সরকারের টিকে থাকার জন্য এখন প্রয়োজন বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও কারিগরি সহায়তা। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের দাবি অনুযায়ী, থেইন সেইন সরকার সংস্কার-প্রক্রিয়া শুরু করে নিষেধাজ্ঞা তুলে নিতে পাশ্চাত্যের ওপর একধরনের চাপ সৃষ্টি করতে পেরেছে। পাশ্চাত্য দেশগুলো মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক করতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এরই মধ্যে মিয়ানমার সফর করেছেন। এটা বর্তমান সরকারের আত্মবিশ্বাস বাড়াবে। তবে বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা তুলে নিতে এটাই যথেষ্ট নয়। পাশ্চাত্য একটা চোখ সংস্কার-প্রক্রিয়ার গতি ও আন্তরিকতার ওপরই রাখবে। তা ছাড়া মৌখিক বাহবা ছাড়াও মিয়ানমারের জরুরি ভিত্তিতে প্রয়োজন কারিগরি সহায়তা। সংস্কার-প্রক্রিয়া বাস্তবায়নে এ সহায়তাও সমান প্রয়োজন। মাহফুজার রহমান, সূত্র: বিবিসি