মিয়ানমার সরকারের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ একটা চমক দিল মিয়ানমারের সরকার। সম্ভবত অং সান সু চির অপ্রত্যাশিত মুক্তির পর দ্বিতীয় বড় ঘটনা। হ্যাঁ, বলা হচ্ছে ইরাবতী নদীর ওপর বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প স্থগিত করার কথাই। মিয়ানমারের দীর্ঘদিনের জান্তা সরকার কখনোই জনমতের বিশেষ তোয়াক্কা করেনি। এখন প্রায় লোক দেখানো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জান্তা-নিয়ন্ত্রিত সরকার এসেছে, তারাও এর চেয়ে ভালো কিছু করবে, সে আশা এখনো কেউ করেন না। জনগণের বিরোধিতার মুখে দীর্ঘদিন ধরে পরিকল্পিত বড় প্রকল্পটি স্থগিত করার ঘটনা তাই দেশে-বিদেশে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ ধরনের ছাড় দেওয়ার ঘটনা সত্যিই বিরল।ইরাবতীর বুকে মাইটসোন বাঁধ প্রকল্প নেওয়ার পর থেকেই এর বিরোধিতা শুরু হয়। এই আন্দোলন এক কাতারে শামিল করেছিল পরিবেশবাদী, শিক্ষাবিদ, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। প্রস্তাবিত বাঁধ বেসামরিক নেতৃত্বাধীন বর্তমান সেনা-সমর্থনপুষ্ট সরকারের জন্য বড় ধরনের এক পরীক্ষা।মিয়ানমারের বিদ্যুৎ মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান এশিয়া ওয়ার্ল্ড কোম্পানি অব বার্মা এবং চায়না পাওয়ার ইনভেস্টমেন্ট করপোরেশন যৌথভাবে মাইটসোন বাঁধ প্রকল্প বাস্তবায়নে কাজ করছিল। ২০১৯ সালে এ প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ বাঁধ নির্মিত হলে ৭৬৬ বর্গকিলোমিটারের একটি বিশাল জলাধার সৃষ্টি হবে। প্রস্তাবিত এ জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ চীনে রপ্তানি করার কথা। বিশ্লেষকদের মতে, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক অবরোধের কারণে সৃষ্ট শূন্যতা কাজে লাগায় চীন। হোয়ার চায়না মিটস ইন্ডিয়া: বার্মা অ্যান্ড দ্য নিউ ক্রসরোডস অব এশিয়া বইয়ের লেখক থান্ট মাইয়িন্ট-উ বলেন, এ ধারণা ব্যাপক প্রচলিত যে সাম্প্রতিক দশকগুলোতে মিয়ানমারের পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন। চীনের ব্যবসা ও বিনিয়োগ থেকে মিয়ানমারও দারুণ লাভবান হতে পারে। তবে কোনো প্রকল্পের ব্যাপারে যদি স্বচ্ছতা এবং স্থানীয় মানুষের ওপর প্রভাবের বিষয়ে লক্ষ রাখা না হয়, তাহলে এর বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য।প্রকল্পের স্থানটি অবস্থিত কাচিন রাজ্যে ইরাবতী নদীর মাথায় মালি ও এন’মাই নদীর সঙ্গমস্থলে। এলাকাটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। তা ছাড়া ভূমিকম্প-প্রবণ। এ কারণে পরিবেশগত দিক থেকে স্পর্শকাতর। স্বাধীনতাকামী সংগঠন দ্য কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশন বলেছে, বাঁধটি স্থানীয় মানুষের জীবিকার ওপর সরাসরি হুমকি। বাঁধ নির্মাণের জন্য জায়গা ছেড়ে দিতে ইতিমধ্যেই হাজার হাজার গ্রামবাসী বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। বহু মানুষকে ঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য প্রাকৃতিক প্রভাবের বিষয়টি আন্দাজ করা মুশকিল। কোনো ধরনের মূল্যায়নের জন্য মিয়ানমারে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। যদিও উদ্যোক্তা চায়না পাওয়ার ইনভেস্টমেন্ট করপোরেশন (সিপিআই) চীনা ও মিয়ানমারের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি গবেষণা করেছে। তবে ওই গবেষণার প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের অংশবিশেষ হাতে পেয়েছেন পরিবেশবাদীরা। তা থেকে বোঝা গেছে, বিশেষজ্ঞরা একটি বাঁধের বদলে দুটি ছোট বাঁধ নির্মাণের সুপারিশ করেছিলেন। ওই পরামর্শ উপেক্ষা করা হয়েছে।ইন্টারন্যাশনাল রিভার্স নামের একটি লবি গ্রুপের কর্মকর্তা গ্রেস মাং বলেন, নির্মাতা সিপিআই বলেছে, পরে বাঁধ নির্মাণের সময় পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে গবেষণা চালানো হবে। তিনি বলেন, কিন্তু এ গবেষণা চালানোর উদ্দেশ্যই হচ্ছে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়ার আগেই তা প্রতিরোধ বা প্রশমিত করা। জলবিদ্যুৎ প্রকল্পটি স্থগিত করার ক্ষেত্রে সাংস্কৃতিক ও রাজনৈতিক হিসাব-নিকাশও থেকে থাকতে পারে। প্রস্তাবিত বাঁধের নির্মাণস্থল এমন একটি বিশেষ স্থানে যে এর তাৎপর্য শুধু পরিবেশবাদী ও কাচিন সম্প্রদায়গুলোকে ক্ষুব্ধ করার মধ্যেই সীমিত নয়। বাঁধটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে ইরাবতী নদীর উৎসমুখে। ইরাবতী নিউজ ওয়েবসাইটের সম্পাদক অং জ বলেন, ‘ইরাবতী মিয়ানমারের মানুষের ঐতিহ্য, প্রাণপ্রবাহ ও সভ্যতা। এ কারণেই বাঁধের বিরুদ্ধে প্রচারাভিযান এত সমর্থন পেয়েছে।’ মিয়ানমারের বাইরের পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরাও এ প্রচারণায় শক্তি জুগিয়েছেন।পর্যবেক্ষকদের মনে এখনো এ নিয়ে সন্দেহ রয়েছে। অনেকের ধারণা, সরকার তার সিদ্ধান্ত বদলও করতে পারে। কারণ প্রকল্পটি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়নি। বিদ্যুৎমন্ত্রী জ মিনের অনমনীয় কণ্ঠ এ ধারণাকেই জোরদার করে। জ মিন বলেছেন, ‘আমরা কখনই পিছু হটব না।’ কিন্তু সরকারের অন্য শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে পিছু হটছেন বলেই মনে হচ্ছে। ইয়াঙ্গুনভিত্তিক একটি কূটনৈতিক সূত্র বিবিসিকে জানায়, কয়েকজন মন্ত্রীর মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তি দেখা যাচ্ছে। সম্ভবত কিছু রাজনৈতিক নেতা চান না যে তাঁরা ইরাবতীর কোনো অপূরণীয় ক্ষতি করার জন্য ইতিহাসে চিহ্নিত হয়ে থাকুন। মিয়ানমারের বর্তমান সরকার দেশে-বিদেশে সংশয়ী মানুষকে এটা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তারা পূর্বসূরি সামরিক সরকারের চেয়ে ভিন্ন ধরনের—সংস্কারের ব্যাপারে আন্তরিক। সরকার হয়তো বাঁধ নির্মাণ স্থগিতের এ সিদ্ধান্তকে এর প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চাইবে।  দাউদ ইসলাম