ইয়াবাসহ মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্য
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সুপারিশ
ইয়াবাসহ মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের সুপারিশ করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানী ঢাকায় শুরু হওয়া তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য উপস্থাপন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ২৭১ কিলোমিটার। এর মধ্যে ৫৪ কিলোমিটার জলসীমান্ত। সুপারিশে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে সীমান্ত সড়ক নির্মাণের কথাও বলা হয়।
এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটারে (বাংলাদেশ অংশে) বিজিবি ও কোস্টগার্ডের সার্বক্ষণিক টহলের জন্য কাঁটাতারের বেড়ার পার্শ্ববর্তী স্থানে একটি স্থায়ী সীমান্ত সড়ক নির্মাণ জরুরি। এর ফলে বাহিনীর সদস্যরা যানবাহন নিয়ে দ্রুত মাদক চোরাচালানসহ জরুরি কাজে অংশ নিতে পারবেন। তা ছাড়া মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে স্থল সীমান্তে কাঁটাতারের বেড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও মিয়ানমারের তৎকালীন সামরিক সরকার ১০ বছর আগেই তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করে সুরক্ষিত রেখেছে।
কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ইয়াবাসহ মাদক চোরাচালান এবং মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে হলে টেকনাফ-উখিয়া-নাইক্ষ্যংছড়ির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ জরুরি। এ জন্য বিজিবির পক্ষ থেকে একটি প্রস্তাব ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কাঁটাতারের বেড়া না থাকায় প্রতিদিন নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। ঢুকছে ইয়াবাসহ মাদকের চালান। টেকনাফের নয়াপাড়া, মুছনী, উখিয়ার কুতুপালং এলাকায় পাঁচটি শিবিরে অন্তত তিন লাখ রোহিঙ্গা বসবাস করছে। পাহাড়-জঙ্গল দখল করে বসতি করছে আরও কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের কারণে জেলায় চুরি–ডাকাতি লুটসহ নানা অপরাধকর্ম সংঘটিত হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, চলতি সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় সাড়ে ছয় মাসে শুধু উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাতটি পয়েন্ট (ঘুমধুম, তুমব্রু, বাইশপাড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, পালংখালী ও বালুখালী) বাংলাদেশ অনুপ্রবেশের সময় কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ১ হাজার ৭৪৭ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে পুনরায় ফেরত পাঠিয়েছে। এর মধ্যে ৬২৯ জন নারী ও ১৯ জন শিশু রয়েছে। বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের জন্যই রোহিঙ্গারা সপরিবারে অনুপ্রবেশ করছিল।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ৫৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর মধ্যে অল্পসংখ্যক রোহিঙ্গা বিজিবির হাতে ধরা পড়ছে। বেশির ভাগ রোহিঙ্গা নাফ নদী অতিক্রম করে টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার পৌরসভার বিভিন্ন পাহাড় জঙ্গলে আশ্রয় নিচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সময়ে দাবি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, গত ১২ মে মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা আনসার কমান্ডারকে হত্যা করে। এরপর আনসারের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে। যা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। রোহিঙ্গা শিবিরগুলোতে সীমানাপ্রাচীর কিংবা কাঁটাতারের বেড়া না থাকায় বাইরের লোকজন আসা-যাওয়া করার সুযোগ পাচ্ছে। রোহিঙ্গারাও যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা শিবিরগুলোর চারদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ জরুরি।