মিয়ানমারে সিমেন্ট রপ্তানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে বাংলাদেশি সিমেন্ট রপ্তানি বাড়ছে। গত বছরের ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে ৪৭ হাজার বস্তা সিমেন্ট। মিয়ানমারের আরাকান রাজ্যে সরকারি-বেসরকারি ভবন, রাস্তাঘাটসহ নানা অবকাঠামোর উন্নয়নকাজে বাংলাদেশি সিমেন্ট ব্যবহূত হচ্ছে। চলতি অর্থবছরে এক লাখ বস্তা, অর্থাৎ পাঁচ হাজার মেট্রিক টন সিমেন্ট রপ্তানির আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।স্থল বন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর মাসে এই স্থলবন্দর দিয়ে মিয়ানমারে রপ্তানি হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ৯৩১ টাকা দামের ৫৮০ মেট্রিক টন সিমেন্ট (প্রতি টনে ৫০ কেজি ওজনের ২০ বস্তা)। নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৬১ লাখ ৪৩ হাজার ৪৪৮ টাকার ৮০০ মেট্রিক টন।গত অর্থবছরে (২০১২-১৩) রপ্তানি হয়েছে এক কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ১৯০ টাকার দুই হাজার ৩৫৭ মেট্রিক টন বা ৪৭ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি। ২০১১-১২ অর্থবছরে মিয়ানমারে সিমেন্ট রপ্তানি হয়েছিল প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন।এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বাণিজ্য-ঘাটতি দূর করতে ব্যবসায়ীদের রপ্তানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে। মিয়ানমারের আরাকান রাজ্যে সিমেন্ট উৎপাদনের কোনো শিল্পকারখানা নেই। রাজধানী ইয়াঙ্গুন থেকে সমুদ্রপথে সিমেন্ট আনতে খরচ পড়ে বেশি। তাই সেখানে বাংলাদেশি সিমেন্টের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।জানা গেছে, মিয়ানমারে রপ্তানি হচ্ছে চট্টগ্রামে তৈরি এস আলম ও রুবি সিমেন্ট। মিয়ানমারে এস আলম সিমেন্ট রপ্তানি করছে মেসার্স শাকিল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।শাকিল ট্রেডার্সের ব্যবস্থাপক মীর কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে ব্যাপক উন্নয়নকাজ চলছে। ফলে চাহিদা বাড়ছে বাংলাদেশি সিমেন্টের। টেকনাফ স্থলবন্দর দিয়ে মোট রপ্তানির ৬০ শতাংশ এস আলম সিমেন্ট। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা সিমেন্ট বাংলাদেশে ৩৯৫ টাকায় বিক্রি হলেও মিয়ানমারে বিক্রি হচ্ছে ৫৩০ টাকায়। ৪০০ টাকার রুবি সিমেন্ট বিক্রি হয় ৫৫০ টাকায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ডিসেম্বর মাসে মিয়ানমারে রপ্তানি হয়েছে এক কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৯৬৮ টাকার পণ্য। সিমেন্ট ছাড়াও এই রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে তৈরি পোশাক, টি-শার্ট, অ্যালুমিনিয়াম সামগ্রী, নারীর মাথার চুল, প্লাস্টিক স্লিপার, প্রসাধন সামগ্রী ইত্যাদি।আর গত ডিসেম্বর মাসে মিয়ানমার থেকে আমদানি হয়েছে ২৭ কোটি আট লাখ ৮৬ হাজার ৫৭০ টাকার পণ্য।আমদানি পণ্যের বিপরীতে ওই মাসে সরকার রাজস্ব আয় করে সাত কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৩৪০ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়েও দুই কোটি ১৭ লাখ টাকা বেশি। (এনবিআর কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পাঁচ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকা)। বর্তমানে মিয়ানমার থেকে আমদানি হচ্ছে কাঠ, হিমায়িত মাছ, শুঁটকি, বাঁশ, বেত, আচার ইত্যাদি।স্থলবন্দরের আমদানিকারক সাইফুল করিম বলেন, ‘গত বছরের ৮ জুন মিয়ানমারের আরাকান রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে আমদানি-রপ্তানিতে ভাটা পড়ে। সেখানকার দাঙ্গা-পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় আমদানির পাশাপাশি রপ্তানিও দ্বিগুণ হারে বাড়ছে। রপ্তানি বাড়িয়ে আমরা বাণিজ্য-ঘাটতি দূর করার চেষ্টা করছি।’