মিয়ানমারে সেক্টর পর্যায়ে বিজিবি ও নাসাকার বৈঠক
মিয়ানমারের নাসাকা বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠক গত ৩০ মার্চ মিয়ানমারের মংডু টাউনশিপের নাসাকা বাহিনীর দপ্তরে অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহিদুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান, বলিপাড়া ১০ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নুরুল মোমিন চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ১৫ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম ও টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের উপঅধিনায়ক মেজর মঞ্জুর-এ-হুদা। অপরদিকে, মিয়ানমারের নাসাকার ১৫ সদস্যের পক্ষে ৬ নম্বর সেক্টরের পরিচালক অং জুয়ে, জ্যেষ্ঠ সহকারী উপপরিচালক মি. ইউ থান জিনও, উপপরিচালক ইউ নাই মিউ এবং ইউ সেন উইন বৈঠকে উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র জানায়, ৩০ মার্চ সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দরে জেটি দিয়ে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমারের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন। মিয়ানমারে পৌঁছানোর পর বাংলাদেশ প্রতিনিধি দলকে গার্ড অব অনার দেন নাসাকা বাহিনী। সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধি দল বিকেল তিনটায় টেকনাফ চলে আসেন। ৪২ ব্যাটেলিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বৈঠকে দুই দেশের সীমান্ত পর্যায়ের যৌথ জরিপ, সীমান্ত বাণিজ্য গতিশীল, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, উভয় দেশের কারাগারের সাজা শেষ হওয়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বিভিন্ন সময়ে বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে মাছশিকারের সময় ট্রলারসহ জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আলোচনা করা হয়। তিনি আরও বলেন, বিজিবি-নাসাকার যৌথ চোরাচালানবিরোধী টহলের ওপর একটি প্রস্তাব করা হয়েছে।