মিয়ানমারের কারাগারে শতাধিক জেলে
মিয়ানমার সরকার বন্দী হস্তান্তর বন্ধ রাখায় দীর্ঘ এক বছর ধরে সে দেশের কারাগারে আটক রয়েছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার শতাধিক বাংলাদেশি নাগরিক। বন্দী বিনিময়ে মিয়ানমার কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে সাজা শেষ হওয়ার এক বছর পরও অনেকে দেশে ফিরতে পারছেন না। বন্দী বাংলাদেশি নাগরিকদের মধ্যে কক্সবাজারের আটজন, চট্টগ্রামের ১০ জন ও ফেনীর দুজন নাগরিক রয়েছেন। সাজা শেষ হওয়ার পর আটক অবস্থায় মারা গেছেন চার বংলাদেশি নাগরিক। মিয়ানমার থেকে ফিরে টেকনাফের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বন্দী বাংলাদেশিদের বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করছে মিয়ানমার কর্তৃপক্ষ। নানা অসুখ-বিসুখে আক্রান্ত হয়ে তাঁরা মানবেতর জীবন-যাপন করছেন। গুরুতর অসুস্থ না হলে দেশে ফেরত পাঠানো হচ্ছে না বন্দী বাংলাদেশিদের। সর্বশেষ ১ মার্চ মিয়ানমারের নাসাকা বাহিনী চারজন বাংলাদেশি কারাবন্দীকে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। তাঁরা হলেন—উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়ার বাসিন্দা সুধীর চন্দ্র দাশের পুত্র চন্দ্রনাথ দাশ (৩০), তাঁর ছোট ভাই ভগিরথ দাশ (২৩), ভক্ত দাশের পুত্র হরি দাশ (৩২) ও সাহাব দাশের পুত্র হরি দাশ (২৩)। বাংলাদেশি জেলে পরিবারের আবেদনের পর বিজিবি মিয়ানমার থেকে এসব হতভাগ্য নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল। প্রত্যাগতদের কাছ থেকে জানা যায়, গত এক বছরে বিভিন্ন মেয়াদে সাজা শেষ হওয়ার পরও কারাগারে বন্দী অবস্থায় চার বাংলাদেশি মারা গেছেন। এঁরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের জামাল হোসেনের পুত্র নুরুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের মো. শরীফের পুত্র মোহাম্মদ আলী, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের হোসেন আহমদের পুত্র মো. সালাম ও রামু উপজেলার মৌলভী কাটা গ্রামের মনির আহমদের পুত্র মো. ইউনুছ। বিজিবি সূত্রে জানা যায়, গত ২০০৮ সালে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে ২১ বাংলাদেশি জেলেকে আটক করে। অপরদিকে ২০১০ সাল ও চলতি বছর পর্যন্ত নাফ নদী থেকে মাছ ধরার সময় নাসাকা বাহিনী ২৯ জন জেলেকে আটক করে নিয়ে যায়। এ সময় মিয়ানমারের সামরিক আদালত আটক বাংলাদেশিদের এক বছর করে কারাদণ্ড দেয়। কিন্তু সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফিরে আসতে পারছেন না বাংলাদেশি নাগরিকেরা।মিয়ানমার থেকে ফিরে আসা চন্দ্রনাথ দাশ (৩০), ভগিরত দাশ (২৩), হরি দাশ (৩২) ও হরি দাশ (২৩) বলেন, মিয়ানমারের কারাগারে সাজার মেয়াদ শেষ হলে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। ঠিকমতো না খেয়ে ও বিভিন্ন রোগে ভুগে মারাও গেছেন বেশ কয়েকজন। বিজিবি জানায়, মিয়ানমার বুচিদং কারাগারে আটক বাংলাদেশিরা হলেন—টেকনাফ সাবরাংয়ের মো. আবদুল্লাহ (২৪), উখিয়ার ছৈয়দ করিম (২৭), লুৎফর রহমান (২৭), আবদুর রহমান (৩৫), টেকনাফ গোদারবিলের মো. আবদুল্লাহ (২৫), কক্সবাজারের মোবারক (২৫), মহেশখালী পুটিপিলার বদিউল আলম (৩৭), আব্দুস শুক্কুর (২৭), দুদুু মিয়া (৫০), আবু ছৈয়দ (৩৫), হ্নীলা জাদিমুরার জাকির হোসেন (২৪), মৌচনীর মো. রফিক (২৭), হামিদুর রহমান (২৫), ফুলের ডেইলের নুর কবির (২৭), ফরিদ (২৬), মিনাবাজারের মো. জয়নাল (৩২), নাইট্যংপাড়ার আলী জোহার ও মো. রফিক (২৭), চট্টগ্রামের পাহাড়তলীর মো. রাশেদ (৩০), ফেনীর সলিম উল্লাহ (৪৫), বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলের দেলোয়ার হোসেন (২৫), নাইক্ষ্যংছড়ির ছৈয়দ আলম (২৮), মৌলভিবাজারের অং জং তং (৩৫), বালুখালীর ঘুনধুমের বাবুল বড়ুয়া (২৭), বালুখালীর আবদুল্লাহ (২৭), জমির উদ্দিন (২৯), নুরুল ইসলাম (২৪), শাহপরীর দ্বীপের আজিজুর রহমান (২৭), মোহাম্মদ দরবার আলী (২৭), মকতুল হোসেন (২৬) ও মোহাম্মদ ইউনুসসহ (৩০) শতাধিক বাংলাদেশি নাগরিক মিয়ানমারের বুচিদং কারাগারে আটক রয়েছে।টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচ এম ইউনুস বাঙালি বলেন, বাংলাদেশি কিছু লোক মিয়ানমারের কারাগারে আটক রয়েছেন। তাঁরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে নাসাকা বাহিনীর হাতে আটক হন। আটক বাংলাদেশিদের বেশির ভাগ জেলে বলে তিনি জানান।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মিয়ানমারের কারাগারে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, মিয়ানমারের কারাগারে আটক লোকজনের স্বজনেরা প্রতিনিয়ত উপজেলা প্রশাসনে ভিড় জমাচ্ছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারের কারাগারে উভয় দেশের বন্দি রয়েছে। বাংলাদেশের কারাগারে সাজার মেয়াদ শেষ করে ৫৮ জন বন্দি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল এসেছিল গত বছর জুলাই মাসে। মিয়ানমারের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের বন্দিদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। কিন্তু এরপর মিয়ানমার কর্তৃপক্ষ আর কোনো যোগাযোগ করেনি। মিয়ানমার কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে বন্দি বিনিময়ে অগ্রগতি হয়নি।’৪২ বর্ডার গার্ডের ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, ‘কয়েকদিন পরেই মিয়ানমারের মংডুতে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বন্দি বিনিময়ের বিষয়টি উত্থাপন করা হবে বাংলাদেশের পক্ষ থেকে।’