মিয়ানমারের নির্বাচন নিয়ে আগ্রহ নেই
আর মাত্র মাসখানেক পরই মিয়ানমারের সাধারণ নির্বাচন। ২০ বছরের মধ্যে দেশটিতে প্রথম নির্বাচন এটি। তাই এ নিয়ে স্বভাবতই মিয়ানমারের জনগণ ও বিশ্ববাসীর বেশ আগ্রহ থাকার কথা ছিল। কিন্তু হয়েছে তার বিপরীত। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। অনেকেই মনে করছেন, নির্বাচনের ফলাফল তৈরিই হয়ে আছে। লোক দেখানো একটা ভোটের আয়োজন করে সে ফলাফল প্রকাশ করা হবে মাত্র।নির্বাচন নিয়ে আগ্রহহীনতার অন্যতম কারণ গণতান্ত্রিক আন্দোলনের প্রধান দল এনএলডির অনুপস্থিতি। সরকারের নীতির প্রতিবাদে নিবন্ধন না করায় অং সান সু চির দলকেই নিষিদ্ধ করে দিচ্ছে সামরিক জান্তা।মিয়ানমারের এ নির্বাচনে অন্য ৩০টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আছে জান্তার নিজের খোলা দলও। জাতীয় ও আঞ্চলিক পরিষদের এক হাজার ১৬৩টি আসনের জন্য লড়বেন এসব দলের প্রার্থীরা। এতগুলো দল অংশ নেওয়ার পরও মিয়ানমারের অধিকাংশ জনগণ মনে করছে, এখন যাঁরা ক্ষমতায় আছেন, নির্বাচনের পর সেনাবাহিনীর সেই হর্তাকর্তারাই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হবেন।মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের গঠিত নতুন দলের নাম দেওয়া হয়েছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। এই ইউএসডিপির প্রধানই নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন বলে মনে করা হচ্ছে। সপ্তাহ কয়েক আগে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন অনেক সামরিক কর্মকর্তা ও সিনিয়র মন্ত্রী পদত্যাগ করেন। এঁরাই ইউএসডিপির টিকিটে সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য রাজনৈতিক দলগুলো সব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত তারা সব আসনে প্রার্থী দিতে পারবে কি না, তাতে বেশ সংশয় আছে। কারণ প্রার্থীসংকট আছে দলগুলোতে। কিন্তু ইউএসডিপি দেশের সব এলাকায়ই প্রতিদ্বন্দ্বিতা করবে, তাতে কোনো সন্দেহ নেই।নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো আসনে শুধু একজন প্রার্থী দাঁড়ালে সেখানে আর ভোটাভুটির ব্যবস্থা করতে হবে না। ওই প্রার্থীকে এমনিতেই বিজয়ী ঘোষণা করা হবে। এ নিয়মের কারণে সরকারি দল ইতিমধ্যেই বেশ কিছু আসন পেয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে সরকারি দলে প্রায় ২৫ শতাংশ আসন বেশি যোগ হবে। এতে করে সামরিক সরকারের তৈরি নতুন সংবিধান বহাল রাখাও বেশ সহজ হবে। তা ছাড়া পার্লামেন্টে সেনাবাহিনীর একটি কোটা তো আছেই। এ নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতির কারণে মিয়ানমারের লোকজনের মধ্যে যে তেমন কোনো আগ্রহ দেখা যাবে না, সেটাই স্বাভাবিক।কো জাও নামে রাজধানী ইয়াঙ্গুনের একজন বাসিন্দা বিবিসির সাংবাদিককে বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি মনে করি, নির্বাচনের পর দেশে কোনোই পরিবর্তন আসবে না। জেনারেলরা ক্ষমতায় আসবেন—এটা নিশ্চিত হয়েই সামরিক জান্তা নির্বাচনের ব্যবস্থা করেছে।’মিয়ানমারের নির্বাচন নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ১৯৯০ সালে সর্বশেষ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল ভোটে বিজয়ী হয়। কিন্তু সামরিক জান্তা এনএলডিকে ক্ষমতায় যেতে দেয়নি। জান্তারচিত অগণতান্ত্রিক সংবিধানের প্রতিবাদে এনএলডি এবারের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে, জান্তা ক্ষমতা কুক্ষিগত করার সব কৌশল ঠিকঠাক করেই নির্বাচন করছে। আর নির্বাচনে অংশ নেবে কী, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সু চির এনএলডিকে নিষিদ্ধই করেছে। সম্প্রতি দলটি কমিশন ঘোষিত সময়সীমার মধ্যে নিবন্ধন না করায় তাদের এ পরিণতি হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করেছে, তাতে সু চির নাম নেই। সম্প্রতি অবশ্য জান্তার পক্ষ থেকে বলা হয়েছে, ইচ্ছে করলে গৃহবন্দী সু চি ভোট দিতে পারবেন। সামরিক জান্তার এহেন কার্যকলাপের কারণে এনএলডি জনগণকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে। বিষয়টিকে ভালোভাবে নেয়নি সামরিক জান্তা। সরকার পরিচালিত একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, কারাবন্দী এনএলডি নেতারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এ তৎপরতা থেকে তাঁদের বিরত থাকার জন্য ওই নিবন্ধে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়।নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলও সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছে। দলগুলো বলছে, সরকারি দল নির্বাচনের জন্য অবৈধভাবে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিচ্ছে। অন্য দলগুলো অর্থসংকটের কারণে নির্বাচনে প্রচার চালাতে পারছে না ঠিকমতো। অথচ রাষ্ট্রের টাকায় সরকারি দল ব্যাপক প্রচারণা চালিয়ে যেতে পারছে। সামরিক কর্মকর্তা, মন্ত্রীসহ যাঁরা সরকারি দল থেকে নির্বাচন করছেন, তাঁদের রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে।এ ছাড়া দলগুলো তাদের নেতা-কর্মীদের হয়রানি করা ও ভয় দেখানোর অভিযোগ করেছে সরকারি দলের বিরুদ্ধে। ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব ন্যাশনাল পলিটিক্সের চেয়ারম্যান আই লুয়িন জানান, নিজেদের প্রচারণা চালাতে কোনো জায়গায় গেলে পুলিশ তাঁদের অনুসরণ করে। দলের লোকজন সেখান থেকে চলে আসার পর স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকাবাসীকে নানা প্রশ্ন করে। এতে তাঁদের সমর্থকদের মনে ভয় ঢুকে যায়।ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা থিয়েন নিয়ন্ত বলেন, ‘আমরা জানি, এ নির্বাচনে দেশে গণতান্ত্রিক সরকার আসবে না।’মিয়ানমার ১৯৮৮ সাল থেকে সেনাশাসনের অধীনে আছে। এবারের নির্বাচনে সেই শাসনের অবসান না ঘটিয়ে বরং তা আরও প্রলম্বিত করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।