মিয়ানমারের নিষিদ্ধ পলিথিনে টেকনাফের হাটবাজারে সয়লাব
মিয়ানমার থেকে ব্যাপকহারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাচার হয়ে আসছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে। স্থানীয় বিভিন্ন হাটবাজারে নির্বিঘ্নে বিক্রি হচ্ছে এসব পলিথিন। নাফ নদী দিয়ে একশ্রেণীর চোরাকারবারী নিষিদ্ধ পলিথিন ব্যাগ নিয়ে এসে উপজেলার বিভিন্ন হাটবাজারে মজুদ করেন। পরে এখান থেকে এসব পলিথিন জেলা সদর কক্সবাজার ছাড়াও চট্টগ্রামসহ অন্য জেলাগুলোতে পাচার করা হয় বলে জানা গেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ‘টেকনাফের বিভিন্ন হাটবাজারে বিক্রির সময় নিষিদ্ধ পলিথিনসহ হকারদের আটক করা হলেও মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থাকে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মিয়ানমারের অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা শিশু-কিশোরদের পলিথিন বিক্রিতে ব্যবহার করছেন।’ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌরসভা বড়বাজার, লামারবাজার, বাসস্টেশন, সাবরাং, নয়াপাড়া, শাহপরীর দ্বীপ, লেঙ্গুঁরবিল, জাহাজপুরা, বড় ডেইল, শামলাপুর, নিলা, লেদা, মৌলভিবাজার, হোয়াইক্যং, নয়াবাজার ও উলুবনিয়াসহ অন্তত ৩০টি হাটবাজারে প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বেচা-কেনা হচ্ছে। ক্রেতারা দিনের বেলা মাছ-মাংশ, তরি-তরকারি এবং বিকেলে ইফতার সামগ্রী কিনে পলিথিনে ভরে ঘরে নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের এক পলিথিন পাচারকারী জানান, টেকনাফ উপজেলার অন্তত ২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে পলিথিন ব্যাগ পাচার হয়ে আসছে। সূত্র জানায়, পাচারকারীরা মিয়ানমার থেকে পলিথিনের চালান টেকনাফ এনে হাটবাজারের বড় বড় মুদির দোকানে মজুদ করে। পরে সেখান থেকে খুচরা বাজারে চালান করা হয়। টেকনাফস্থ ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোজাম্মেল হোসেন মিয়ানমার থেকে নিষিদ্ধ পলিথিন পাচারের কথা স্বীকার করে বলেন, ‘বিডিআর গত কয়েকদিনে পাঁচ হাজার ৯৮৭ প্যাকেট (প্রতি প্যাকেটে (১২০টি)পলিথিন ব্যাগ জব্দ করেছে।’