মিয়ানমারের বুকে বাংলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মিয়ানমারে সহকর্মীদের সঙ্গে লেখক (সামনের আসনে বাঁয়ে)। ছবি: সংগৃহীত
মিয়ানমারে সহকর্মীদের সঙ্গে লেখক (সামনের আসনে বাঁয়ে)। ছবি: সংগৃহীত
তাঁদের কারও পিতামহ, কারও মা–বাবা মিয়ানমারে বসত গড়েছিলেন অনেক আগেই। সবার মধ্যে একটা মিল—তাঁরা বাংলাদেশকে ভোলেননি। এখনো পরিবারে ধরে রেখেছেন বাংলার চর্চা। তাই তো মিয়ানমারে কিছু কিছু সাইনবোর্ডে চোখে পড়ে বাংলা লেখা

তাঁদের অনেকেই জীবনে কখনোই বাংলাদেশে যাননি। কারও পিতামহ এসে বার্মায় (মিয়ানমার) বসতি স্থাপন করেছিলেন। কেউবা বিবাহসূত্রে এ দেশে, কারওবা বাবা-মা এ দেশে এসে বসবাস শুরু করেছিলেন বহু আগে। কিন্তু কী সুন্দর বাংলায় কথা বলছেন সবাই। বারেবারে জানতে চাইছিলেন বাংলাদেশের খবর। শুনে মন ভরে যায়। গত ২৭ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন একটি উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় চার দিনের সফরে আমরা ১৫ জনের দল মিয়ানমার সফরে গিয়েছিলাম। নানা সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনে তৈরি এই দলটি যেন ছিল এক ক্ষুদ্র বাংলাদেশ। সফরের দ্বিতীয় দিন বাঙালি বৌদ্ধদের একজন প্রতিনিধি আমাদের আমন্ত্রণ জানান তাঁদের বিহারে।

বিহারের প্রবেশমুখেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক বিস্ময়। প্রবেশদ্বারে সাইনবোর্ডে বাংলায় লেখা ‘চট্টল বৌদ্ধ ধর্ম্মদূত বিহার’! মিয়ানমারের বুকে বাংলা লেখা! দেখে খুব ভালো লাগল। বিহারে দেখা হয় বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কয়েকজনের সঙ্গে। আলাপচারিতায়, আতিথেয়তায় বিদেশ–বিভুঁইয়ের মানুষগুলো যেন হয়ে গেল আপন। কথা হয় সাগরময়ী বড়ুয়ার সঙ্গে। বয়স আশির কাছাকাছি। বাবার হাত ধরে বিয়ের জন্য মিয়ানমার এসেছিলেন। তাও ১৬-১৭ বছর বয়সে, আজ থেকে প্রায় ৬০ বছর আগে। থাকতেন চট্টগ্রামের রাউজানে। তাঁর তিন ছেলে ও এক মেয়ের জন্ম মিয়ানমারে। দেশে আত্মীয়স্বজনের সঙ্গে আছে নিয়মিত যোগাযোগ। বয়সের ভারে খুব একটা চলাফেরা না করলেও যেহেতু তাঁর দেশের লোকেরা আসবেন, তাই এসেছেন। বাংলায় তাঁর আত্মীয়স্বজনের কথা বললেন। কথা হয় তাঁর মেয়ের সঙ্গে। কী সুন্দর বাংলা বলছেন! বাড়িতেও বাংলার চর্চা। যতক্ষণ আমরা ছিলাম বৌদ্ধবিহারে, সারাক্ষণ সাগর দিদা আমার হাত ধরে ছিলেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, হয়তোবা এরই মাধ্যমে নিজ দেশের, অতীতের ছোঁয়া ফিরে পাওয়ার আকুল চেষ্টা। আর আমিও যেন একমুহূর্তে দেশে রেখে আসা আমার নানুর হাতের ছোঁয়া পেলাম এই সুদূর ইয়াঙ্গুনে।

শিকড়ের টান
পরিচয় হয় ডরোথি বড়ুয়া ওরফে দ্বীপ বড়ুয়া ও পামেলা বড়ুয়ার সঙ্গে। বিশ্বাসই হয় না তাঁদের বয়স ষাটের ওপরে। তাঁরা সাত বোন ও ছয় ভাই। প্রত্যেকেরই জন্ম মিয়ানমারে, তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে মিয়ানমারের নাগরিকত্ব পেয়েছেন। চাকরিসূত্রে তাঁদের বাবা-মা মিয়ানমারে এসেছিলেন। মাকে তাঁরা সারা জীবন চিরাচরিত বাঙালি হিসেবেই দেখে এসেছেন। আটপৌরে শাড়ি, আর বাংলায় প্রাণের বহিঃপ্রকাশ, সন্তানদের বড়ও করেছেন সেভাবে। ইয়াঙ্গুনের বাইরে মেমিউ শহরে বসবাস ছিল তাঁদের। প্রাতিষ্ঠানিকভাবে স্কুলে বাংলা শেখার কোনো সুযোগ না থাকায় ঘরেই ‘বাল্যশিক্ষা’র মাধ্যমে তাঁদের বাংলায় হাতেখড়ি। বাংলার যে ধারা তাঁরা মায়ের কাছ থেকে পেয়েছেন, তা আজও ধরে রেখেছেন। তাঁরা তাঁদের নাতি-নাতনিদের সঙ্গেও বাংলায় কথা বলেন, যাতে তারা বাংলা শিখতে পারে। দ্বীপ বড়ুয়া তাঁর নাতির জন্য ‘বাল্যশিক্ষা’র বইও চাইলেন দেশ থেকে। পামেলা বড়ুয়া অবশ্য প্রতিবছরই একবার করে দেশে আসেন। মিয়ানমারে তাঁর বিশাল প্রেস ও টেক্সটাইলের ব্যবসা। এর সূত্র ধরে প্রতিবারই দেশে আসার সময় চট্টগ্রামে তাঁর দুস্থ, অসহায় গ্রামবাসীর জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন এবং বিতরণ করেন। এ বছর আসবেন নভেম্বরে। এখন চলছে তার প্রস্তুতি। মিয়ানমারের বাঙালি পরিবারগুলো থেকে সাহায্য-সামগ্রী সংগ্রহ করছেন তিনি।

মিয়ানমারে ‘চট্টল বৌদ্ধ ধর্ম্মদূত বিহার’
মিয়ানমারে ‘চট্টল বৌদ্ধ ধর্ম্মদূত বিহার’

আলো বড়ুয়া মিয়ানমারে থাকা তৃতীয় প্রজন্ম। তাঁর দাদা বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছিলেন। আলোর বাবা-মায়ের জন্ম মিয়ানমারে। অবাক হই তাঁকে দেখে। আলো এবং তাঁর সমবয়সীদের কাছে জানতে চাই এত সুন্দর বাংলা বলার রহস্য। জানতে পারি, এককালে এখানে বেঙ্গল একাডেমি ছিল। সেখানে এইচএসসি পর্যন্ত পড়া যেত। আলো ও তাঁর মতো অনেকেই স্কুলে বাংলা বিষয় নিয়ে পড়েছেন, যাতে বাংলা ভাষা ভালোভাবে শিখতে পারেন!
তাঁরাই জানালেন, প্রায় ১৫০টি বড়ুয়া পরিবারের বাস ইয়াঙ্গুনে। ঊনবিংশ শতাব্দী থেকেই তৎকালীন বাংলার চট্টগ্রাম ও সংলগ্ন এলাকা থেকে বড়ুয়ারা চাকরি, ব্যবসা ও শিক্ষার উদ্দেশ্যে মিয়ানমারে বসবাস শুরু করেন। চট্টগ্রাম থেকে আসা বিভিন্ন পেশার বড়ুয়ারা ১৯০২ সালে চট্টল বৌদ্ধ সমিতি গঠন করেন। এই সমিতি থেকেই ১৫৮ নম্বর আপারফেয়ার স্ট্রিট, ইয়াংগুনে (বর্তমান নাম আপার পাসোডান স্ট্রিট) বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালের পর থেকে বৌদ্ধবিহারের নাম বাংলায় রাখার জন্য অ্যাসোসিয়েশনের বাঙালিদের অনেক ঝামেলার মধ্য দিয়েও যেতে হয়েছে। মামলা হয়েছে, বিক্ষোভ হয়েছে। কিন্তু তাঁরা হাল ছেড়ে দেননি। বৌদ্ধবিহারের নামের সঙ্গে মাত্র একটি লাইন বাংলা ভাষায় রেখে দেওয়ার জন্য বিদেশের মাটিতে তাঁরা ১৩ বছর সংগ্রাম করেছেন। পরে ২০০০ সালে সার্বিক কাগজপত্র বিচার-বিবেচনা করে মিয়ানমার কর্তৃপক্ষ বৌদ্ধবিহারের নাম বাংলায় রাখার অনুমতি দেয় এবং বিষয়টির নিষ্পত্তি হয়।

যাওয়ার বেলায়
৩০ জুলাই। আমাদের ফিরে আসার দিন। সকালে হাঁটতে বের হয়ে শহরের প্রাণকেন্দ্রে আবারও চোখে পড়ে গেল বাংলায় লেখা ‘হিন্দু মন্দির শ্রীশ্রী দুর্গা বাড়ি’ সাইনবোর্ড। মন্দিরের পুরোহিতের নাম ব্রজহরী চক্রবর্তী। তিনি জানালেন, দুই লাখের মতো বাঙালি হিন্দুর বসবাস এখানে। দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা-পার্বণে সবাই একত্র হন। হয় বাংলা গান, নাচ আর পূজার আচার অনুষ্ঠান। তাঁর বাবা মিয়ানমারে এসেছিলেন চট্টগ্রাম থেকে। বাংলায় কথা বলা শেখাও বাবার কাছেই। তাঁর কাছ থেকে জানতে পারি, মিয়ানমারের নাগরিকত্ব পেতে হলে এখানকার নাম গ্রহণ করতে হয়। তিনি এখনো তাঁর বাংলা নামই ধরে রেখেছেন, তাই মিয়ানমারের নাগরিকত্বও আর পাওয়া হয়নি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর।
এই চার দিন হিন্দু, বৌদ্ধ, মুসলমান—যে বাঙালিদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ চর্চার অভাবে বাংলা ভাষার অনেক শব্দই ভুলে গেছেন। শব্দ হারিয়ে গেলেও আছে আবেগ আর বুকভরা ভালোবাসা। তাঁদের অনেকেই বাংলাদেশ দেখেননি। শুধু বাবা-দাদাদের মুখে গল্প শুনেছেন। তারপরও কী এক অদৃশ্য নাড়ির টানে তাঁরা বুকে লালন করছেন বাংলা ও বাংলাদেশকে।