মিয়ানমারের সঙ্গে বাণিজ্যঘাটতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর চালু হয়েছিল চোরাচালান নিরুৎসাহিত করে বৈধ পথে বাণিজ্যকে উৎসাহিত করতে। তবে এই বন্দর প্রতিষ্ঠার ১৭ বছর পরও চোরাচালান কমেনি। অবৈধ পথে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের সঙ্গে তেল ও সারের মতো সরকারের ভর্তুকি দেওয়া পণ্যও পাচার হচ্ছে। ফলে প্রতি মাসে বাণিজ্যঘাটতি দাঁড়াচ্ছে ৩০ কোটি টাকার মতো। বন্দর কর্তৃপক্ষের হিসাবমতে, গড়ে প্রতিবছর মিয়ানমারের সঙ্গে বাণিজ্যঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩০০ কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, রপ্তানিযোগ্য বাংলাদেশি পণ্য চোরাইপথে পাচার ও টেকনাফ স্থলবন্দরের নানা সমস্যার কারণে বাণিজ্যঘাটতি বাড়ছে। ১১ ফেব্রুয়ারি সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান স্থলবন্দর পরিদর্শনে গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বন্দরের নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় মন্ত্রী বাণিজ্যঘাটতি দূর করার এবং বন্দরের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন। টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, গত জানুয়ারি মাসে মিয়ানমার থেকে এই স্থলবন্দরে মালামাল আমদানি হয়েছে ৩১ কোটি ১৪ লাখ সাত হাজার ৯৬ টাকার। আর মিয়ানমারে রপ্তানি হয়েছে মাত্র এক কোটি ১৬ লাখ ৮৫ হাজার ১১৩ টাকার বাংলাদেশি পণ্য। এই মাসে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ৯৭ লাখ ২১ হাজার ৯৮৩ টাকা। তবে বন্দরের শুল্ক বিভাগ ওই মাসে (জানুয়ারি) রাজস্ব আদায় করে আট কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৩২ টাকা। বন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম জানান, অন্যান্য মাসের তুলনায় গত জানুয়ারি মাসে বন্দরের রাজস্ব আয় (মাসিক লক্ষ্যমাত্রা সাত কোটি ২১ লাখ) লক্ষ্যমাত্রার চেয়েও এক কোটি ৩০ লাখ টাকা বেশি আদায় হয়েছে। তবে রপ্তানি বাড়লে এই রাজস্বের পরিমাণ দ্বিগুণ হতো। বাণিজ্যঘাটতিও থাকত না। অনুসন্ধানে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে মিয়ানমার থেকে বাংলাদেশে মালামাল আমদানি হয়েছে ২৯৭ কোটি ৩২ লাখ টাকার পণ্য। ওই সময়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়েছে মাত্র ১১ কোটি ৭২ লাখ টাকার পণ্য। দুই দেশের বাণিজ্যঘাটতির পরিমাণ ছিল প্রায় ২৮৬ কোটি টাকা। জানা গেছে, বর্তমানে এই বন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি হয় মাছ, কাঠ, মসলা, বরই, সুপারি, বাঁশ, বেত, শুঁটকি, আচার, ডাল, ব্যাটারি, গ্যাসলাইট প্রভৃতি। তবে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য অবৈধ পথে আসছে। বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে অ্যালুমিনিয়াম, সিমেন্ট, প্রসাধন সামগ্রী, মাথার চুল, থানকাপড়, গেঞ্জি প্রভৃতি। তবে অবৈধ পথেই এসব রপ্তানি তালিকায় থাকা পণ্য বেশি পাচার হচ্ছে।কক্সবাজার আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক এহতেশামুল হক বলেন, ‘রাসায়নিক সার, জ্বালানি তেল, ভোজ্যতেল, দুধ, খাদ্যপণ্য, পানীয়, বিস্কুট, ওষুধ, অ্যালুমিনিয়াম, সিমেন্ট ও রড চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে। ফলে ইচ্ছে থাকলেও ব্যবসায়ীরা বৈধ পথে রপ্তানি বাড়াতে পারছেন না। প্রতিমাসেই প্রায় সাত থেকে আট কোটি টাকার মালামাল ধরা পড়ে বিজিবির হাতে। তার পরও চোরাচালান থামছে না।’কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘সরকার এক বস্তা সারে এক হাজার টাকা ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া জ্বালানি তেলেও ভর্তুকি দেওয়া হচ্ছে। রপ্তানি নিষিদ্ধ এই ধরনের পণ্যসহ বিপুল পরিমাণ পণ্য চোরাচালান হচ্ছে। বিজিবির অভিযানেও নিয়মিত আটক হচ্ছে চোরাই পণ্য।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ব্যাংকের মাধ্যমে বন্দরের ব্যবসা-বাণিজ্য পরিচালনার নিয়ম থাকলেও ৮০ শতাংশ পণ্য আমদানি হয় হুন্ডির মাধ্যমে। হুন্ডি বন্ধ করতে হলে এই বন্দরে বিভিন্ন ব্যাংকের শাখা খুলতে হবে জরুরি ভিত্তিতে। আমদানিকারক সাইফুল করিম বলেন, মিয়ানমারের সঙ্গে নৌপথেই বাণিজ্য হয় বেশি। অথচ এখানে করা হয়েছে স্থল বন্দর। এই বন্দরে কোনো ব্যাংকের শাখা নেই। নেই প্রয়োজনীয় সংখ্যক গুদাম, মালামাল খালাসের যন্ত্রপাতি, ব্যবসায়ীদের কার্যালয়। রয়েছে পানীয় জলের সংকট। এ ক্ষেত্রে স্থলবন্দর থেকে এই বন্দরকে নৌবন্দরে উন্নীত করা দরকার। নৌবন্দর হলে কাস্টমের লোকজন থাকবে, পর্যাপ্ত নিরাপত্তা ও সুযোগ সুবিধা থাকবে, পাশাপাশি চোরাচালানও কমবে।