মিয়ানমারের সুপারি না আসায় চাষিদের মুখে হাসি

হাসি ফুটেছে কক্সবাজার জেলার সুপারিচাষিদের মুখে। মিয়ানমার থেকে চোরাচালান হয়ে সুপারি না আসায় এবার স্থানীয় বাজারে সুপারির দাম উঠেছে। গত বছর প্রতি পণ (৮০টি) সুপারি ২৪০ টাকা করে বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৩২০ টাকায়।
কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়াসহ জেলার আট উপজেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে দুই হাজার হেক্টর বেশি।
গত বছর প্রায় ১৩ হাজার হেক্টর বাগানে সুপারি উৎপাদিত হয়েছিল ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এবার উৎপাদন আরও বাড়বে বলে আশা কৃষকদের। সুপারিচাষিরা জানান, এবার গড়ে প্রতি হেক্টরে ৪৫ মেট্রিক টন সুপারির ফলন হয়েছে। গত অক্টোবর মাস থেকে কাঁচা সুপারি বাজারে আসছে।
গত সোমবার সকালে উখিয়া উপজেলার সমুদ্র উপকূলে অবস্থিত ইনানী গ্রাম ঘুরে দেখা গেছে, হাজার হাজার গাছে পাকা সুপারি ঝুলছে। চাষিরা রিকশা বোঝাই করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন সুপারি। গ্রামের চাষি আবুল মনছুর বলেন, ‘এবার কাঁচা সুপারির দাম ভালো পাওয়া যাচ্ছে। সুপারির ফলনও ভালো হয়েছে। সুপারি বিক্রি করে ভালো আয় করতে পারব বলে আশা করছি।’
উপজেলার সোনারপাড়া বাজারে প্রচুর সুপারি উঠেছে। সেখানে প্রতি পণ সুপারি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। চাষি ও বিক্রেতারা জানান, গত বছর এক পণ সুপারির দাম ২৪০ টাকার বেশি ওঠেনি।
সোনারপাড়া বাজার থেকে সুপারি যাচ্ছে চট্টগ্রামসহ দেশের নানা স্থানে। এই বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক ও কাদির হোছেন বলেন, এই একটি বাজার থেকেই দৈনিক ১০ ট্রাক সুপারি চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন আড়তে চলে যাচ্ছে।
উখিয়া পান–সুপারি ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহমদ জানান, গত বছর উখিয়ার সাতটি বাজারে প্রায় ৩০ কোটি টাকার সুপারি বিক্রি হয়েছিল। এবার এই বিক্রির হার দ্বিগুণ হবে।
জেলার রামু ও টেকনাফ উপজেলার অন্তত ২০টি হাটবাজারে এবার সুপারি উঠেছে। এসব বাজার থেকেও পাইকারি ব্যবসায়ীরা সুপারি কিনে দেশের নানা জায়গায়ে সরবরাহ করছেন। চাষিরা জানান, প্রতিদিন টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, মুন্ডারডেইল, আছারবনিয়া, হোয়াইক্যং, বাহারছড়া, টেকনাফ পৌরসভা এবং রামুর মেরংলোয়া, ফতেখাঁরকুল, অফিসেরচর, রাজারকুল, কচ্ছপিয়া, গর্জনিয়ার বাজার থেকে প্রায় ২০০ ট্রাক সুপারি দেশের নানা স্থানে সরবরাহ করা হচ্ছে।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন শীল জানান, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় সমুদ্র উপকূলীয় এলাকায় এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। সুপারির চাহিদা থাকায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এবার উখিয়াতেই সুপারি বিক্রি ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।