মিয়ানমারের ৩৭ ইয়াবা কারখানা বন্ধে সাড়া মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিভিন্ন স্থানে স্থাপিত ৩৭টি ইয়াবা কারখানা বন্ধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু এ ব্যাপারে মিয়ানমারের কোনো সাড়া নেই। এ কারণে নাফ নদী ও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ইয়াবা পাচার ঠেকানো সম্ভব হচ্ছে না।
১৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের দরবার হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কক্সবাজার বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান এসব কথা বলেন।
ফরিদ হাসান বলেন, সীমান্তের বিভিন্ন চোরাই পয়েন্ট দিয়ে প্রতিদিন মিয়ানমারের তৈরি ইয়াবার চালান টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ ঢুকছে। এখান থেকে নানা উপায়ে ইয়াবার চালান সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রায় প্রতিদিন বিজিবির সদস্যদের হাতে ইয়াবার চালান ধরা পড়লেও চোরাচালান বন্ধ হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ এপ্রিল ভোরে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফ পাচারের সময় বিজিবির সদস্যরা তিন কোটি টাকা দামের ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেন। কিন্তু রাতে নদীতে ঝাঁপ দিয়ে প্যারাবনে আত্মগোপন করায় পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। এ পর্যন্ত চলতি বছরের তিন মাস ১২ দিনে বিজিবির সদস্যরা টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১৫ কোটি টাকা দামের চার লাখ ৩৯ হাজার ২৪ পিস নিষিদ্ধ ইয়াবা বড়ি জব্দ করেন। এ সময় আরও ২৯ কোটি ৪০ লাখ টাকার অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
ফরিদ হাসান জানান, মিয়ানমারে স্থাপিত ৩৭টি ইয়াবা কারখানা বন্ধ করার জন্য বাংলাদেশের পক্ষে বিজিবি মিয়ানমার সীমান্তরক্ষীদের কাছে একাধিক চিঠি দিয়েছে। দুই দেশের একাধিক পতাকা বৈঠকেও বিজিবির পক্ষ থেকে ইয়াবা কারখানা বন্ধের তাগিদ দিয়ে আসছে। কিন্তু মিয়ানমার এতে সাড়া দিচ্ছে না। তারা স্বীকারই করে না, সে দেশে (মিয়ানমারে) কোনো ইয়াবা কারখানা আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার, মেজর মেফতা উল আলম প্রমুখ।