মীরসরাইয়ে দেড় শ জেলে পরিবারের দুর্দিন
মিরসরাইয়ে জেলেপাড়াগুলোতে চরম দুর্দিন চলছে। সাগরে এখন মাছের আকাল। কাঙ্ক্ষিত মাছ ধরতে না পেরে উপজেলার সাহেরখালী, মির্জানগর ও জয়নগর জেলেপাড়ার প্রায় দেড় শ পরিবারে হাহাকার দেখা দিয়েছে। মির্জানগর জেলেপাড়ার উত্তম জলদাস জানান, চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত সাগরে তেমন মাছ পাওয়া যায় না। তাই ওই সময়ে অভাব অনটনের মধ্য দিয়ে চরম দুর্দিন নেমে আসে জেলে পরিবারগুলোতে। তার ওপর রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ঋণের কিস্তি। ফলে বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছে তাঁদের হাত পাততে হয়। প্রাণহরি, উত্তম, ধনারঞ্জন, বাবুল জলদাসের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর তাঁদের প্রত্যেকে ১০-৫০ হাজার টাকা পর্যন্ত দাদন নিয়ে রেখেছেন। সূত্র জানায়, সাহেরখালী, মির্জানগর, জয়নগর জেলেপাড়ায় দাদন ব্যবসা করছে মাদল হক, আক্তার হোসেন, জসিম মাস্টার, মো. রফিক, এমদাদ হোসেন ও হোরা মিয়া। তাঁরা সাগরে মাছ পাওয়ার মৌসুমে জেলেদের কাছ থেকে নামমাত্র দামে মাছ কিনে দাদনের টাকা উশুল করে। একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত জেলেরা সুদিন মনে করেন। ওই সময় সাগরে প্রচুর ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। জালে মাছ দেখে আনন্দে ভরে উঠে মন। কিন্তু মাছ নিয়ে কূলে ফিরে না আসা পর্যন্ত তাঁদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ এই বুঝি জলদস্যুরা আক্রমণ করে মাছ-নৌকা-জাল নিয়ে গেল। আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত সময়ে বঙ্গোপসাগরে নোয়াখালী ও সন্দ্বীপ চ্যানেলের জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। বঙ্গোপসাগরের সাহেরখালী সন্দ্বীপ চ্যানেলে কোনো কোস্টগার্ড না থাকায় জলদস্যুদের প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। ওই সময়টায় জলদস্যুরা জাল, নৌকা, মাছ, টাকা ছিনতাই করে নিয়ে যায়। জেলেদের ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে, হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। সাগর থেকে মাছ নিয়ে নিরাপদে কূলে ফিরে এলে স্থলদস্যুদের আক্রমণে পড়তে হয়। জলদস্যু ও স্থলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেয়ে গভীর সমুদ্র থেকে মাছ নিয়ে এসে সেই মাছ অল্প দামে দাদন ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হয়। তখনই জেলেদের মুখ ভরা হাসি নিমিষেই মিলিয়ে যায়। বাজারে প্রতিমণ ইলিশ যখন আট হাজার টাকায় বিক্রি হয় জেলেদের দাদন ব্যবসায়ীদের কাছে সেই মাছ বিক্রি করতে হয় দুই-আড়াই হাজার টাকায়।