মুই তো সব নাটকেই সুদ্দ ভাষায় কতা কই : মোশাররফ করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ‘শেষ’ থেকেই হয় শুরু। শেষ থেকে আসে অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন শেষ অভিজ্ঞতা রয়েছে। তাঁদের শেষ পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘শেষ পাঁচ’।

.
.

শেষ কৌতুক বলেছিলাম
গত বছরের কথা। কয়েকজন ভক্ত আমাকে একটা কৌতুক বলতে অনুরোধ করলেন। আমি তখন রস+আলোর একটা কৌতুক শুনিয়েছিলাম তাঁদের। রস+আলোর কৌতুক শুনে তাঁরা তো হাসেনইনি উল্টো আমাকে মারতে এসেছিলেন খেপে গিয়ে! এরপর আমি আর কখনো কৌতুক বলিনি। সেটাই ছিল আমার শেষ কৌতুক।

শেষ যেবার মিসড কল দিতে গিয়ে ধরা পড়েছিলাম
অন্যদের হাতে যতক্ষণ মোবাইল ফোন থাকে ততক্ষণ তারা ফেসবুক চালায়। আর আমার হাতে যতক্ষণ মোবাইল ফোন থাকে আমি শুধু একে-ওকে মিসড কল দিই। এ ব্যাপারটায় আমি একজন বস লেভেলের মানুষ! সব সময়ই পূর্ণ সফলতার সঙ্গে আমি আস্ত মিসড কল দিতে সক্ষম হই। এ জনমে কখনো ধরাও পড়িনি।

শেষ অভিনয়
তখন ছিল গ্রীষ্মকাল। বিশ্রী গরম পড়েছে। আমি এক শপিং মলে গিয়েছিলাম এসিতে ঠান্ডা হতে। হঠাৎ এক দোকানের সেলসম্যান এসে বললেন, ‘ভাই, আপনি মোশাররফ করিম না?’ আমি যদি বলতাম, ‘হ্যাঁ, আমি মোশাররফ করিম।’ তাহলে তিনি কিন্তু বুঝে ফেলতেন যে আমি ফ্রি এসির বাতাস খেতে শপিং মলে ঢুকেছি! তাই আমি বলেছিলাম, ‘না ভাই, আমি মোশাররফ করিম নই। মোশাররফ আমার দূরসম্পর্কের খালাতো ভাই!’ অভিনয়টা এত নিখুঁত হয়েছিল যে লোকটা দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করে নিজের কাজে চলে গিয়েছিলেন! সে ক্ষেত্রে বলতে পারেন, সেটাই ছিল আমার শেষ সফল অভিনয়।

শেষ যেবার বিনা দাওয়াতে বিয়ে খেয়েছি
সে অনেক দিন আগের কথা। আশপাশে কতশত বিয়ে হতো, আমি কেবল দেখতাম! কারণ, বিয়েগুলো পরিচিত কারোর ছিল না! আমার আবার লজ্জা-শরম বেশ খানিকটা বেশি। তাই বিনা দাওয়াতে কোনো বিয়েবাড়িতে যে ঢুকব, সে সাহস ছিল না কখনো। কিন্তু বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমার প্রাণটা উড়ে যাচ্ছিল প্রায়! শেষমেশ বিনা দাওয়াতে বিয়ে খাওয়ার সুবর্ণ সুযোগ এল আমার জীবনে। এবং আমি সাফল্যের সঙ্গে বিয়ে খেয়ে বিরাট একটা ঢেকুরও তুললাম! ও, বলে রাখা ভালো, বিয়েটা ছিল আমার একমাত্র স্ত্রীর।

শেষ যেবার নাটকে বিশুদ্ধ ভাষায় কথা বলেছি
এ ব্যাডা, কী কইতে আছো, বোজো! মুই তো সব নাটকেই সুদ্দ ভাষায় কতা কই!

কাল্পনিক সাক্ষাৎকার: আবদুল্লাহ মামুর