মুকুলের মাটির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘের কোলে মুখ লুকিয়েছে সূর্য। সে ব্যথায় যেন কাঁদছে আকাশ, অঝোরধারায়। বাইরে যখন দখিনা হাওয়ার কাঁপন, ভেতরে তখন পূবালী বাতাসের নাচন—‘পূবালী বাতাসে, ওরে বাদাম দেইখা চাইয়া থাকি/আমারনি কেউ আসে রে/আষাঢ় মাইস্যা ভাসা পানি রে...।’ সুরের ঝরনাধারায় ভাসছেন শ্রোতারা, তাতে শিল্পীর কণ্ঠ পৌঁছে যায় দূরে আরও দূরে, মাটির কাছাকাছি। মো. মোখলেছুর রহমান মুকুল মাটির গানে মন মজালেন দর্শকদের।চাঁদের হাট, ইপসা, সমগীত ও সংশপ্তকের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পী মো. মোখলেছুর রহমানের মাটির সুরে অ্যালবামের (সিডি) মোড়ক উন্মোচন ও সংগীতানুষ্ঠান গত ৩১ মে বিকেলে অনুষ্ঠিত হয়।প্রদীপ জ্বালিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওস্তাদ মিহির লালা। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের অধ্যাপক জসীমউদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের সাবেক শিক্ষক হাসি চক্রবর্তী, মিডিয়া ব্যক্তিত্ব আবদুল্লাহ জাফর, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সৌরভ বড়ুয়া, মোস্তফা কামাল প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বর্ষা যখন হইতো/গাজীর গান আইতো/ রঙে ঢঙে গাইতো...’ শাহ আবদুল করিমের এই গান গেয়ে মোখলেছ যেন বাইরের ঝুম বৃষ্টির আনন্দে শামিল হলেন। নিজের অ্যালবাম থেকে দুটি গান করলেন শিল্পী ‘হতাশ হইয়া কান্দ কেনে মন’ ও ‘কোন গেরামের কন্যা’। এরপর আবার মাটির গান—‘সুয়াচান পাখি’, ‘সাধের লাউ বানাইল মোরে’ ইত্যাদি।এত গান থাকতে লোকসংগীতকে বেছে নিলেন কেন? প্রশ্নের উত্তরে মুকুল বলেন, ‘আমি লোকগানের মাধ্যমে সাধারণ মানুষের হূদয় ছুঁতে চাই। মাটির সঙ্গে আমাদের যে শেকড়ের টান, সেটা আমি ধরে রাখতে চাই।’চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রী এমি চাকমা বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরাও যে পিছিয়ে নেই, তার প্রমাণ মুকুল ভাই। বাঁশি, দোতারা, বেহালাসহ অনেক বাদ্যযন্ত্রই তিনি বাজান, যা আমাকে মুগ্ধ করে।’অনুষ্ঠানে যন্ত্রসংগীতে ছিলেন সৃজন রায় (কি-বোর্ড), মনোজ বড়ুয়া (তবলা), কার্তিক মজুমদার (বাঁশি), শ্যামল দাশসহ (বেহালা) আরও অনেকে।