
রাজধানীর উত্তরা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ২৮ বছর বয়সী ভ্যানচালক জাহাঙ্গীর আলমকে। দুই দিন তাঁর চোখ বাঁধা ছিল কালো কাপড়ে। অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল টানা ১৯ দিন।
কেন, কী অপরাধে, কোথায় বন্দী করে রাখা হয়েছিল তা আজও জাহাঙ্গীরের কাছে অজানা। জাহাঙ্গীর কেবল জানতেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বিশেষ বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়।
জাহাঙ্গীর অপহৃত হন গত ১০ জানুয়ারি। প্রথম আলোর অনলাইনে ২৭ জানুয়ারি তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই রাতেই তাঁর সন্ধান মেলে। বনানী থানার পুলিশ ওই রাতে জাহাঙ্গীরকে ভবঘুরে হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠায়। সেখান থেকে মুক্তি পান তিনি।
জাহাঙ্গীরকে ধরে নিয়ে যাওয়ার পর জানতে পারি, র্যাবের সদস্য পরিচয় দিয়ে কয়েকজন লোক তুলে নিয়ে যান জাহাঙ্গীরকে। সঙ্গে মেহেদী মাসুদ নামের এক ব্যবসায়ীকে, যাঁর বাসায় সে সময় কাজ করছিলেন জাহাঙ্গীর।
খবর পেয়ে জাহাঙ্গীরের বাসায় যাওয়ার সময় ভাবছিলাম, একজন ভ্যানচালক, তাঁর বাড়ি আবার উত্তরার মতো অভিজাত এলাকায়! ভিওআইপি ব্যবসায়ীর সঙ্গে ধরা পড়েছেন! ধান্ধাবাজ তো হবেনই!!!
কিন্তু জাহাঙ্গীরের বাড়ির সামনে যেতেই আমার চিন্তাভাবনা ওলট-পালট হয়ে গেল। ১২ নম্বর সেক্টরের একটি খালি জায়গায় ঝুপড়িঘরে কোনোমতে মা-বাবা, ভাই, স্ত্রী আর ছয় মাস বয়সের ছেলেকে নিয়ে থাকেন জাহাঙ্গীর। জানলাম, বাবা-ভাইকে নিয়ে লোকজনের বাসা পরিবর্তনের সময় মালামাল পরিবহনের কাজ করেন তিনি। মা ও স্ত্রী আশপাশের বাসায় কাজ করেন।

গিয়ে দেখি, ছেলের জন্য মা কেঁদেই চলেছেন। আর বাবা-ভাই ছুটে বেড়াচ্ছেন থানা, ডিবি, র্যাবের কার্যালয়ে। এমন দরিদ্র লোককে ভিওআইপি ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়ার কী কারণ থাকতে পারে?
ডিবি-র্যাব-সিআইডি—সব জায়গায় সাধ্যমতো জাহাঙ্গীরের সন্ধান নিলাম। র্যাবের তখনকার পরিচালক (গণমাধ্যম) উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান জানালেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
জাহাঙ্গীরের বাবা নবর উদ্দিনকে র্যাবের প্রধান কার্যালয়ে অভিযোগ দিতে বললাম। অভিযোগ দেওয়া হলো। কাটল কয়েক দিন। ভাবছিলাম, বেঁচে আছেন তো জাহাঙ্গীর? তাঁর ‘অন্তর্ধান’ নিয়ে একটি প্রতিবেদন লিখে প্রথম আলো অনলাইনে জমা দিলাম। সেটিও প্রকাশ পাচ্ছে না দেখে একটু হতাশ বোধ করছিলাম।
২৭ জানুয়ারি সকালবেলা অনলাইনে প্রকাশিত হলো, ‘ভ্যানচালক জাহাঙ্গীরের হদিস মিলছে না’। সেদিন ঢাকার বাইরে ছিলাম। আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম ফোন করে বললেন, ‘ব্রাদার, অনলাইনে যান, দেখতে পাবেন।’ আর ওই দিন রাতে খবর পেলাম, জাহাঙ্গীর বনানী থানায়।
সেই জাহাঙ্গীর এখন মুক্ত। জাহাঙ্গীর এখন কেমন আছেন? খোঁজ নিয়ে জানলাম, বাবা নবর উদ্দিনের সঙ্গে রাগ করে জামালপুরে চলে গেছেন তিনি। সেখানে আপাতত দিনমজুরের কাজ করছেন।
প্রথম আলোর অনলাইন সংস্করণের আরেকটি ‘আবিষ্কারের’ নাম নজরুল ইসলাম। গল্পটা খুলেই বলি।
গত মার্চের মাঝামাঝি কোনো এক শুক্রবার আমি আর সহকর্মী মিন্টু হোসেন রিকশায় ফার্মগেট থেকে মিরপুরে যাচ্ছি। সন্ধ্যা হব হব করছে। চন্দ্রিমা উদ্যানের সামনে দেখলাম এক হাতে রিকশা চালাচ্ছেন এর চালক। চোখে পড়ল চালকের ডান হাতটি নেই। শরীর থেকে টপটপ ঘাম ঝরছে। মিন্টুকে বললাম রিকশাটা থামাতে।
মিন্টু তাঁর মুঠোফোনে ছবি তুললেন। জানতে পারলাম, চালকের নাম নজরুল ইসলাম। আমি মুঠোফোন নম্বর নিলাম। পরদিন সকালে হাজির হলাম আগারগাঁওয়ে নজরুলের রিকশার গ্যারেজে। সঙ্গে ফটোসাংবাদিক মনিরুল আলম।
নজরুল জানান, ১৬ বছর আগে শেরপুরের নকলার কায়েদায় গ্রামের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ডান হাত কেটে ফেলতে হয়। অভাবের কারণে পড়াশোনা বাদ হয়ে যায়।
পরে পরিবারের চাপে বিয়ে করেছেন। তারপর সংসার চালাতে ঢাকায় ছুটে আসা। এক হাতে তিনি চালাতে শুরু করেন রিকশা। খরচ মিটিয়ে আয় দিন শেষে শ দেড়েক টাকা। কিছু টাকা জমিয়ে গ্রামে স্ত্রী-সন্তানের কাছে ছুটে যান। নজরুল আফসোস করে বললেন, ‘আমার রিকশায় অনেকে উঠতে চায় না। আস্তে চালাই, তাই অনেকে ভাড়া কম দেয়।’
পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয় ‘কারও কাছে তো আর হাত পাতি না’। নজরুলের গল্প পড়ে এক হৃদয়বান ফোন করে তাঁকে সাহায্য করার আগ্রহ জানান। আমার কাছ থেকে ফোন নম্বর নিয়ে নজরুলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। মাস খানেক পর তিনি শেরপুরে নজরুলের বাড়ি গিয়ে ৬০ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা কিনে দেন।
নজরুল এখন শেরপুরের নকলায় নিজের বাড়িতে স্ত্রী-সন্তানের সঙ্গে থাকেন। প্রতিদিন তাঁর আয় ৩০০ থেকে ৩৫০ টাকা। বউ জেসমিন আক্তার বাড়ির উঠানে সবজি চাষ করছেন। অবসরে মেয়ে নূপুরকে কাছে পান নজরুল।
আগে নজরুলের ফোন এলে আমি কল কেটে দিয়ে তাঁকে ফোন করতাম। এখন কল কাটলে নজরুল বলেন, ‘স্যার, আফনের ফোন করন লাগতুইন না। আমিই করতে ফারি। আমার অহন ট্যাকা আছে।’
কমল জোহা খান: নিজস্ব প্রতিবেদক