বেশ কিছুদিন ধরেই মুক্ত সফটওয়্যার ও পাইরেসি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও ব্লগে আলাপ হচ্ছে। অনেকে মুক্ত সফটওয়্যার এবং এর দর্শন না বুঝেই বিনা মূল্যের সফটওয়্যার মাত্রই মুক্ত সফটওয়্যার বলে রায় দিচ্ছেন। আসলে বিনা মূল্যে বিতরণ করলেই একটি সফটওয়্যার মুক্ত বা ওপেন সোর্স সফটওয়্যার হয় না। ইংরেজি ফ্রি কথাটার বাংলা করা হয়েছে মুক্ত, বিনা মূল্যের নয়। কারণ ফ্রি সফটওয়্যারের ‘ফ্রি’ কথাটি এসেছে স্বাধীনতা (Freedom) থেকে। আর সফটওয়্যারের ক্ষেত্রে এটি ব্যবহার করার স্বাধীনতা, তার প্রোগ্রামিং সংকেত (কোড) দেখার স্বাধীনতা, তা বিতরণ করার স্বাধীনতা, নিজের মতো পরিবর্তন করে তা ব্যবহার ও আবার বিতরণ করার স্বাধীনতা। আমার সফটওয়্যার আমি ব্যবহার করব আমার মতো, তার সংকেত আমার কাছে উন্মুক্ত হতে হবে এবং তাকে অবশ্যই একটি মুক্ত সোর্স লাইসেন্সের আওতায় থাকতে হবে। সফটওয়্যার মাত্রই লাইসেন্স থাকতে হবে আর মুক্ত সফটওয়্যারের লাইসেন্স হবে মুক্ত লাইসেন্স। এসবই মুক্ত বা ওপেন সোর্স সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য। কারও কারও ধারণা মুক্ত সফটওয়্যারের কোনো লাইসেন্স নেই। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। মুক্ত সফটওয়্যারের অনেকগুলো লাইসেন্স আছে। এসব লাইসেন্সের তালিকা পাওয়া যাবে ওপেন সোর্স ডট অর্গের ওয়েবসাইটে (www.opensource.org/licenses/ alphabetical)। এসব লাইসেন্সে নিবন্ধন করা সব সফটওয়্যারই মুক্ত বা মুক্ত ওপেন সোর্স সফটওয়্যার। অনেক মুক্ত সফটওয়্যার বিনা মূল্যে বিতরণ করা হয়, কিন্তু তাই বলে বিনা মূল্যে বিতরণই মুক্ত সফটওয়্যারের একমাত্র বৈশিষ্ট্য নয়। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, ইন্টারনেটে বাংলা লেখার সফটওয়্যার অভ্রকে অনেকেই বিভিন্ন একটি মুক্ত সফটওয়্যার হিসেবে দাবি করেছেন। কিন্তু দেখা গেছে, অভ্র ইনস্টল করার সময় যে লাইসেন্সটি দেখায়, সেটি মুক্ত সফটওয়্যারের লাইসেন্সের মধ্যে পড়ে না। ফলে অভ্রকে বিনা মূল্যের সফটওয়্যার বলা যেতে পারে। অভ্র ক্রিয়েটিভ কমনস নো ডেরিভেটিভ ওয়ার্কস ৩.০-এর আওতায় নিবন্ধিত। এই লাইসেন্স অনুযায়ী একজন সফটওয়্যার ব্যবহারকারী কোনো রকম লাইসেন্স না কিনে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এবং অন্যকেও দিতে পারবেন। কিন্তু এর সংকেত দেখতে বা এতে কোনো পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনা করতে পারবেন না। মুক্ত সোর্স সফটওয়্যারের একটি মজা হলো, এটি নিয়ে সন্দেহ জাগলে এর প্রোগ্রামিংসংকেত পড়ে সে সমস্যার সমাধান করা যায়—যা অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে শুধু তর্ক করেই সমাধান করতে হয়। মুক্ত সোর্স সফটওয়্যারগুলোর নির্দিষ্ট লাইসেন্সের আওতায় পড়ে। ফলে এগুলোকে কোনোভাবেই পাইরেটেড বলা যাবে না। বিশ্বব্যাপী মুক্ত সফটওয়্যার আন্দোলনের কর্মীরা মেধাস্বত্বের সর্বোচ্চ মর্যাদা দেয়। সে কারণে মুক্ত সোর্সে লাইসেন্সের ব্যাপারটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে।তানিন আহমেদ, মোহাম্মদপুর, ঢাকা