মুক্ত সফটওয়্যার নিয়েই কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারেন স্যান্ডলার
ক্যারেন স্যান্ডলার

পেশায় আইনজীবী। কিন্তু দীর্ঘদিন ধরেই কাজ করছেন মুক্ত সফটওয়্যার আর মুক্ত দর্শন নিয়ে। বর্তমানে মুক্ত সফটওয়্যারভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘সফটওয়্যার ফ্রিডম কনজারভেন্সি’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন ক্যারেন স্যান্ডলার। এর আগে ছিলেন জিনোম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তবে এখনো মুক্ত সফটওয়্যার নিয়ে নানা ধরনের আইনি সেবা কার্যক্রমে কাজ করে যাচ্ছেন।
কলম্বিয়া ল স্কুল থেকে ২০০০ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন ক্যারেন। এ প্রতিষ্ঠানের ‘জেমস ক্যান্ট স্কলার’ ক্যারেন কলম্বিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল রিভিউ নামের বিশেষ উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতাও।আইন ছাড়াও নিউইয়র্কের দ্য কুপার ইউনিয়ন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স অ্যান্ড আর্ট থেকে প্রকৌশল বিষয়েও স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রতিষ্ঠানটি সংক্ষেপে দ্য কুপার ইউনিয়ন নামে পরিচিত।
মুক্ত সফটওয়্যারের নানা আইনি সহায়তা কার্যক্রমে অনেক দিন ধরেই যুক্ত আছেন ক্যারেন। জিনোম ফাউন্ডেশন ছাড়াও সফটওয়্যার ফ্রিডম ল সেন্টারের জেনারেল কনসাল হিসেবেও কাজ করেছেন। উপদেষ্টা হিসেবে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন, এক্স ডট অর্গ ফাউন্ডেশন, সফটওয়্যার ইন পাবলিক ইন্টারেস্টসহ বিভিন্ন মুক্ত সফটওয়্যার, মুক্ত দর্শন নিয়ে কাজ করে এমন সংস্থার সঙ্গেও কাজ করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে শব্দ প্রকৌশলী মাইক ট্যারান্টিনোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির বিয়ের দাওয়াতপত্রে ছিল সংগীতের বিশেষ ছোঁয়া, যা বেশ আলোচিত হয়েছিল।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: জিনোম, এসএফসি, উইকিপিডিয়া